মনে আছে মেয়র ডানকিন্সকে

‘অপরাধের বিরুদ্ধে সবচেয়ে কঠোর’ হওয়ার প্রত্যয় জানিয়ে ১৯৯০ সালের ১ জানুয়ারি নিউইয়র্ক শহরের প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে নির্বাচিত হন ডেভিড এন ডানকিন্স। আর সেই দিনই নিউইয়র্কে খুন হয় ১২ জন। চার বছর পর ডানকিন্স আর দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হতে পারেননি। আর এ কারণেই হয়তো ২০১২ সালে প্রকাশিত আত্মজীবনীতে ডানকিন্স নিজেকে ‘ব্যর্থ মেয়র’ দাবি করেছেন। হতে পারে তিনি ঠিকই বলেছেন। কিন্তু এ ব্যর্থতা তাঁর একার নয়, এখন পর্যন্ত আসা সব মেয়রেরই।
২০১৫ সালে হিলারি ক্লিনটন ডানকিন্স সম্পর্কে বলেছিলেন, ‘আমাদের ডেভিড ডানকিন্সের মতো নেতার দিকে তাকানো উচিত। নাটকীয়ভাবে অপরাধ কমিয়ে আনার যে ভিত্তি, তা ডানকিন্স স্থাপন করেছিলেন।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুডল্ফ ডব্লিউ গিলিয়ানির চেয়ে অল্প কিছু ভোট বেশি পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন ডানকিন্স। কিন্তু চার বছর পর সেই গিলিয়ানির কাছেই তিনি হেরে যান। তাঁর সমালোচকদের কাছে তিনি বর্ণবাদী উত্তেজনা ও অর্থনৈতিক অস্থিরতার প্রতীক। আর সমর্থকদের কাছে তিনি সেই দিকবদলের প্রতীক যার কৃতিত্ব এখনো নেন তাঁর উত্তরসূরিরা। এ বছর ডি ব্লাজিওর পুনর্নির্বাচন ডানকিন্সের সময়কে মনে করিয়ে দিচ্ছে। ডি ব্লাজিওর বিজয় যেন ভোটারদের পক্ষ থেকে একটি ক্ষতিপূরণ।
সম্প্রতি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ডানকিন্সের অফিসে তাঁর সঙ্গে আলাপ করে নিউইয়র্ক টাইমস। তাঁর চারপাশে ছড়িয়ে ছিল অতীত জীবনের বিভিন্ন স্মারক। নিউইয়র্ক শহরের ইতিহাসের একমাত্র আফ্রিকান-আমেরিকান মেয়র নিজের জীবনের এক-চতুর্থাংশই পার করেছেন সাবেক মেয়র অভিধায়। বর্তমানে তাঁর বয়স ৯০ বছর।
টেবিলে থাকা বন্ধু বেলাফন্টের সঙ্গে নিজের একটি ছবির দিকে তাকিয়ে ডানকিন্স বলেন, ‘মাঝে মাঝে এখানে বসে স্মৃতিচারণা করি একা একা। সে আমার অভিষেক অনুষ্ঠানের প্রধান ছিল (মাস্টার অব ইনোগরেশন)। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য যারা আমাকে উদ্বুদ্ধ করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল সে।’ নিউইয়র্কে তাঁর অবস্থানের কথা বললেন তিনি। মেয়াদ পূর্ণের পর কোনো সমস্যা দীর্ঘায়িত হলে সব মেয়রকেই সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু তাঁর ক্ষেত্রে হলো বিপরীত। মেয়াদ পূর্ণ হওয়ার পর তাঁকে সেই সব বিষয়ের জন্য সমালোচনা সইতে হলো, যা খুব অল্প সময়েই নিরসন হয়েছিল।
নিউইয়র্ক টাইমস কিছুটা মনে রেখেছে দেখা যাচ্ছে বলেন ডানকিন্স, ‘আমি সব সময় বলতাম যে, তারা বলবে, ডেভিড ডানকিন্স; নিউইয়র্ক সিটির প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র। আর শেষাংশটা বলবে উচ্চ স্বরে।’
‘এটা কি অন্যায়’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক অর্থে, আমি এতে অন্যায্য কিছু দেখি না। কিন্তু এটি ছাড়াও উল্লেখ করার মতো অনেক কিছুই রয়েছে। আমরা অনেক ভালো কাজ করেছিলাম বলেই মনে করি। সবকিছু ভালোভাবে চললে, আমাদের কথা কেউ বলে না। যখনই কিছু একটা ভুল হয়, তখনই বলা হয়, মেয়র, এটা তোমার দোষ। তারপরও এখনো এই কাজটিকেই সেরা মনে করি।’
ডি ব্লাজিওর সঙ্গে ডানকিন্সের নামটি জড়িয়ে আছে। কারণ, ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ শহর হলেও ডি ব্লাজিওই হচ্ছেন ডানকিন্সের পর প্রথম কোনো ডেমোক্র্যাট মেয়র। দীর্ঘ খরা কাটিয়ে ডি ব্লাজিও যখন ২০১৩ সালে মেয়র নির্বাচনে প্রচার শুরু করলেন, তখন রিপাবলিকানরা ‘আবারও ডানকিন্সের সময় আসছে’ বলে ভয় দেখাল নিউইয়র্কবাসীকে। তারা ডানকিন্স যুগকে চিত্রিত করল অপরাধসংকুল ও অতিরিক্ত সেবামূলক উদ্যোগের ফলে দুর্বল অর্থনীতির সময় হিসেবে।
কিন্তু অতীতের খারাপ সময়ের সঙ্গেই শুধু ডানকিন্সের নামটি জড়িত নয়। নিম্ন আয়ের একটি পরিবার থেকে উঠে আসা ডানকিন্সের রাজনীতিতে আবির্ভাব হারলেম ডেমোক্রেটিক ক্লাবের মাধ্যমে। সেখানে তিনি চার্লস র্যাং গেল, বাসিল এ প্যাটারসন ও পার্সি ই সাটনের সঙ্গে জোট বাঁধেন, যা পরিচিতি পায় ‘গ্যাং অব ফোর’ হিসেবে। আফ্রিকান-আমেরিকান এ ক্ষমতা কাঠামো ১৯৮৯ সালে তাঁর নির্বাচনের সময় হয়ে ওঠে ভব্যতা ও উপশমের প্রতীক। সে সময় লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, ডেট্রয়েট, ওকল্যান্ড ও বাল্টিমোরে কৃষ্ণাঙ্গ মেয়র রয়েছে। ১৯৮৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক প্রাথমিক নির্বাচনে নিউইয়র্ক শহরের আরেক কৃষ্ণাঙ্গ রেভারেন্ড জেসি জ্যাকসন অংশ নেন। ফলে নিউইয়র্ক শহরের একজন কৃষ্ণাঙ্গ মেয়র পাওনা ছিল বলা যায়। একই সময়ে নিউইয়র্ক শহর হয়ে উঠেছিল অনিয়ন্ত্রিত শহরের এক মোক্ষম উদাহরণ। কী হত্যা, কী অপরাধ, কী বর্ণবাদী হামলা সব দিক থেকেই শহরটি দুর্নাম কুড়াচ্ছে। ১৯৮৭ সালের ‘ব্ল্যাক মানডে’ সংকট তখনো কাটিয়ে উঠতে পারেনি ওয়ালস্ট্রিট। আর শহর কর্তৃপক্ষের বাজেট ঘাটতির পরিমাণ ১ বিলিয়ন ডলারেরও বেশি। এ সময় নিদানের আশ্বাস নিয়ে হাজির হয়েছিলেন ডানকিন্স।
সে সময়ের প্রসঙ্গে ওয়েলেসলি কলেজের অধ্যাপক এবং ডেভিড ডানকিন্স অ্যান্ড নিউইয়র্ক পলিটিকস বইয়ের লেখক উইলবার সি রিচ বলেন, ‘ভীষণ উত্তেজিত ছিলাম আমি। তিনি এসেছিলেন ভীষণ আশার বার্তা নিয়ে। এটা অনেকটা ট্রাম্পের মতো একটি বিষয়। কিন্তু সেখানে এর চেয়ে অনেক বেশি কিছু ছিল। তবে তিনি আশা পূরণ করতে পারেননি। কিছুদিনের মধ্যেই তিনি শুধু মেয়রে পরিণত হলেন। অনেকেরই আশা ছিল তিনি পুলিশ বিভাগে বড়সড় পরিবর্তন আনবেন। কিন্তু করলেন না। কৃষ্ণাঙ্গদের জন্য অনেক কিছু করবেন বলে ভেবেছিল অনেকে, কিন্তু তাও হয়নি।’
ডানকিন্সের প্রথম বছরে নিউইয়র্ক প্রত্যক্ষ করে হত্যার রেকর্ড। সংঘটিত হয় বড় বড় অপরাধ। আর অর্থনৈতিক ও গৃহহীনতার সংকট তো ছিলই। আর সিটি হলের অভ্যন্তরে কর্মকর্তাদের মধ্যে ছিল নিত্য লড়াই, যা নিয়মিত বিরতিতেই সংবাদমাধ্যমে আসতে শুরু করল। কিন্তু দ্বিতীয় বছরেই অপরাধ কমে গেল ব্যাপকভাবে, যা অনেকের ধারণাতেই অসম্ভব ছিল। সড়কের নিরাপত্তায় বাড়তি পুলিশ নিয়োগ করলেন তিনি। আর পুলিশ একাডেমিতে নিলেন প্রচুর ক্যাডেটকে। দুঃখের বিষয় এরা পাস করে বের হয়েছিল, তাঁর মেয়াদ শেষ হওয়ার পর।
এখানেই শেষ নয় অর্থনৈতিক সংকটের মুখে নিউইয়র্ক অঙ্গরাজ্য অর্থনীতির কর্তৃত্ব নিতে গেলে তিনি তা নিবৃত্ত করেন। একই সঙ্গে শুরু করেন টাইমস স্কয়ারের রূপান্তর, গণগ্রন্থাগারগুলো সপ্তাহে ছয় দিন খোলা রাখা, সামাজিক বিভিন্ন কাজে ব্যবহারের জন্য স্কুলগুলোকে রাতেও খোলা রাখা এবং কুইন্সে ন্যাশনাল টেনিস সেন্টার স্থাপনের কার্যক্রম। এই টেনিস সেন্টারকে নিউইয়র্কের ১০৮তম মেয়র মাইকেল আর ব্লুমবার্গ আখ্যা দিয়েছিলেন, শুধু শহরের নয় সারা দেশের সবচেয়ে ভালো স্টেডিয়াম হিসেবে।
ডানকিন্সের সম্পর্কে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ও দ্য এনসাইক্লোপিডিয়া অব নিউইয়র্ক সিটি বইয়ের লেখক কেনেথ টি জ্যাকসন বলেন, ‘আমার মনে হয় ডানকিন্স ঠিকই ছিলেন। কিন্তু মানুষের মনে তিনি শক্তিশালী মানুষ হিসেবে নিজের স্থান নিতে পারেননি। এর বিপরীতে কোচ ও গিলিয়ানিকে মানুষ অনেক বেশি ক্ষমতাবান মনে করেছিল।’
এর সত্যতা পাওয়া যায় তাঁর সমসাময়িক বিভিন্নজনের মন্তব্যে। কেউ তাঁকে বলছেন ‘বিশ্বাসঘাতক’, কেউ বলছেন ‘ছদ্মবেশী’, আবার কেউবা তাঁকে আখ্যা দিচ্ছেন ‘কচ্ছপগতির’ বলে। এমনকি নিউইয়র্ক টাইমসও দ্বিতীয় মেয়াদে নির্বাচনের সময় তাঁর বিরুদ্ধে ‘অক্রিয়’, ‘শম্বুকগতিসম্পন্ন’, ‘অনিয়মতান্ত্রিক’ ইত্যাদি বিশেষণ জুড়ে দিয়েছিল। মূলত তাঁর ভাবমূর্তির সবচেয়ে বড় ক্ষতি করেছিল ১৯৯১ সালে ব্রুকলিনে হওয়া সাম্প্রদায়িক দাঙ্গা। শেষ পর্যন্ত বিষয়টি সফলভাবে মোকাবিলা করতে পারলেও ক্ষতি যা হওয়ার হয়ে গেছে।
সে সময় গিলিয়ানির উপদেষ্টা ডানকিন্স সম্পর্কে নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘ডানকিন্সের সময়টা ছিল শঙ্কায় ঘেরা। অপরাধ কমেছিল। কিন্তু তাতে মানুষ সন্তুষ্ট ছিল না। একজন মধ্যপন্থীও নিউইয়র্কের মেয়র হতে পারেন এই ধারণার সঞ্চার করাই ছিল তাঁর সবচেয়ে বড় কাজ।’
দ্বিতীয় মেয়াদের নির্বাচনের আগে তাঁর জনপ্রিয়তা কমে যাওয়ার পেছনে সাম্প্রদায়িক দাঙ্গা কাজ করেছে। এ ক্ষেত্রে অনেকে বলেন, এ বিষয়ে তিনি ত্বরিত সিদ্ধান্ত নিলে পরের নির্বাচনে হয়তো জিততেও পারতেন। কিন্তু ডানকিন্স ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, ‘নির্বাচনের হিসাব করে আপনি আপনার করণীয় ঠিক করবেন না। করণীয় ঠিক হয় ঠিক-বেঠিকের ওপর ভিত্তি করে। ঘটনা ঘটে যাওয়ার পর সবাই করণীয় নিয়ে নতুন তত্ত্ব দিতে পারে।’
ডানকিন্সের অধীনে কাজ করেছিলেন বর্তমান মেয়র ডি ব্লাজিও। পূর্বতন সম্পর্কে তাঁর মূল্যায়ন, ‘বেশ কিছু জনপ্রিয় ট্যাবলয়েড তাঁর পেছনে লেগেছিল। এটা বড় একটা সমস্যা ছিল। আর সমস্যা ছিল তাঁর গায়ের বর্ণ। এ জন্য তাঁকে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। আর তাঁর ভেতরে দেখনদারি কোনো ব্যাপার ছিল না। কাজ করতেন, কিন্তু কৃতিত্ব দাবি করতেন না। আর এসব কিছু থেকে আমি অনেক কিছু শিখেছি। আজকের আমেরিকায় সবচেয়ে নিরাপদ শহরের বাসিন্দা আমরা। আর এ ক্ষেত্রে তাঁর অবদানই সবচেয়ে বেশি। তিনিই এর ভিত্তি গড়ে দিয়েছেন।’
একই ধরনের মন্তব্য করেছেন ডানকিন্সের অধীনে কাজ করা থমসন। এমআইটির এ অধ্যাপক বলেন, ‘কৃষ্ণাঙ্গ, ল্যাটিন ও উদার শ্বেতাঙ্গরা এখন এই শহরের ৮০ শতাংশ। আর এর শুরু হয়েছিল ডানকিন্সের হাত ধরেই। ইতিহাস একদিন না একদিন তাঁর সঙ্গে সুবিচার করবেই। পরিবর্তন সম্ভব, এটিই ডানকিন্স যুগের মূল বার্তা।’