মনে হচ্ছিল বাড়ি থেকে আর বেরই হব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে হিলারি l রয়টার্স
অনুষ্ঠানে হিলারি l রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন অবশেষে জনসমক্ষে এসেছেন। ওয়াশিংটন ডিসিতে গত বুধবার রাতে শিশুদের একটি দাতব্য প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিয়ে অকপটে নিজের হতাশার কথা বললেন তিনি। হিলারি এ সময় বলেন, নির্বাচনের ফল দেখার পর বাড়ি থেকে আর কখনোই বের হবেন না, এমন অনুভূতি হয়েছিল তাঁর।
নির্বাচনে অপ্রত্যাশিত পরাজয়ের পর থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন হিলারি। হার মেনে ট্রাম্পকে অভিনন্দন জানানোর পর থেকে জনসমক্ষে আসেননি। তাঁকে শুধু বাড়ির আশপাশে প্রাতভ্রমণে দেখা গেছে।
স্থানীয় সময় বুধবার রাতে দাতব্য প্রতিষ্ঠান চিলড্রেন ডিফেন্স ফান্ডের একটি অনুষ্ঠানে যোগ দেন হিলারি। এ সময় তিনি বলেন, নির্বাচনে হারের পর গত সপ্তাহটায় ভালো একটা বই নিয়ে বিছানায় আয়েশ করে শুয়ে পড়তে মন চাইছিল তাঁর। বাড়ি থেকে আর কখনোই বের হওয়ার ইচ্ছে হচ্ছিল না।
অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় চিলড্রেন ডিফেন্স ফান্ডকে ধন্যবাদ জানিয়ে হিলারি বলেন, ‘এখানে আসাটা আমার জন্য সহজ ছিল না।’ তিনি বলেন, ‘আমি জানি, নির্বাচনের ফলাফলে আপনারা গভীরভাবে হতাশ। আমিও হতাশ, যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’ এ সময় তিনি সমর্থকদের হতাশ না হয়ে ‘আমেরিকান মূল্যবোধের’ জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সবার আগে দেশের কথা ভাবার কথাও বলেন।
এর আগে নিজের পরাজয়ের জন্য এফবিআই পরিচালক জেমস কোমিকে দায়ী করেছিলেন হিলারি। দলের চাঁদাদাতাদের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন বলে ফাঁস হওয়া রেকর্ড থেকে জানা গেছে। প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক দিন আগে হিলারির বিতর্কিত ই-মেইল ইস্যু নিয়ে নতুন করে তদন্ত শুরুর ঘোষণা দেন কোমি। এফবিআইয়ের এ ঘোষণা হিলারির জন্য বিরাট ধাক্কা হয়ে আসে।
নিউইয়র্ক মেয়রের হুঁশিয়ারি: এদিকে, ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে দিয়ে নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, নিজের শহরের অবৈধ অভিবাসীদের তিনি রক্ষা করবেন। ব্লাজিও বলেন, ট্রাম্পের অভিবাসনবিরোধী অবস্থানের কারণে পুরো শহর আতঙ্কে আছে।
উল্লেখ্য, নিউইয়র্ক শহরের ৪০ শতাংশের বেশি অধিবাসীর জন্ম যুক্তরাষ্ট্রের বাইরে। তাঁদের অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আতঙ্কে রয়েছেন।
নিউইয়র্কের মেয়র ছাড়াও লস অ্যাঞ্জেলেস, সানফ্রান্সিসকো, শিকাগো, বোস্টন, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসির মেয়ররাও আলাদাভাবে নিজ নিজ শহরের অভিবাসীদের রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এদিকে, হবু ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের নিয়োগ নিয়ে সৃষ্ট ধোঁয়াশার অবসান ঘটতে চলেছে। বুধবার রাতে জানানো হয়, ট্রাম্পের পক্ষ থেকে মূল দলের ঘোষণাটি পরদিনই দেওয়া হবে। সে হিসাবে তা গতকালই আসার কথা ছিল। আর এরপরই পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদগুলোয় কারা আসতে পারেন, তা নিয়ে জল্পনার অবসান ঘটবে।
মন্ত্রিসভার সদস্য বাছাই-প্রক্রিয়ায় নতুন এক নাম উচ্চারিত হচ্ছে। তিনি সাউথ ক্যারোলাইনার গভর্নর নিকি হ্যালে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এবং এমএসএনবিসির ভাষ্য, নিকিকে ট্রাম্পের সরকারে পররাষ্ট্রমন্ত্রী বা অন্য যেকোনো গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কূটনীতিকের পদটির জন্য নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানির নামই বেশি শোনা যাচ্ছে।