মনোনয়নের লড়াইয়ে জয়ী হবেন হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে জয়ী হবেন সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মার্কিন সংবাদ প্রতিষ্ঠান এনবিসি নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার উদ্যোগে পরিচালিত জনমত জরিপে এ আভাস পাওয়া গেছে। খবর গার্ডিয়ানের।
নতুন ওই জরিপের ফলাফলে দেখা যায়, মনোনয়নের লড়াইয়ে জয়ী হয়ে হিলারি চূড়ান্ত লড়াইয়ে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে দলটির ৭৫ শতাংশের প্রথম পছন্দ হিলারি। তাঁর চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন ভারমন্টের রাজনীতিক বার্নি স্যান্ডার্স। দলের ভেতরে তাঁর প্রতি সমর্থন আছে মাত্র ১৫ শতাংশের। এ ছাড়া মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ওম্যালির পক্ষে ২ শতাংশ এবং রোড আইল্যান্ডের সাবেক গভর্নর লিংকন চ্যাফির পক্ষে ১ শতাংশের কম জনমত রয়েছে। আর ভার্জিনিয়ার সিনেটর জিম ওয়েবকে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে পছন্দ করেন দলটির ৪ শতাংশ নেতা-কর্মী।
রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে কারা কারা এগিয়ে রয়েছেন, তা জানার জন্য এক হাজার জন সম্ভাব্য ভোটারকে প্রশ্ন করা হয়। ওই জরিপে আরও বলা হয়, ডেমোক্রেটিক পার্টিকে ভোট দিতে পারেন—এমন ভোটারদের ৯২ শতাংশ হিলারিকে সমর্থন করেন। রিপাবলিকান পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এগিয়ে রয়েছেন জেব বুশ। তাঁর পক্ষে সমর্থন ২২ শতাংশ। এরপর আছেন স্কট ওয়াকার এবং মার্কো রুবিও। এই ফলাফলে হিলারির অনুসারীরা উজ্জীবিত হবেন বলে মনে করা হচ্ছে।