মনোনয়ন গ্রহণ করে বাইডেনকে তোপ দাগলেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়ন গ্রহণ করে বক্তৃতা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতার জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন গ্রহণ করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার ট্রাম্প দলীয় মনোনয়ন গ্রহণ করেন।

মনোনয়ন গ্রহণের বক্তৃতায় রিপাবলিকান ট্রাম্প তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে আক্রমণ করেন।

ট্রাম্প তাঁর বক্তৃতায় জো বাইডেনকে দুর্বল হিসেবে অভিহিত করেন। তিনি সতর্ক করে বলেন, জো বাইডেন ‘আমেরিকান মাহাত্ম্য’ ধ্বংস করতে চান।

ট্রাম্প বলেন, ‘আমরা আমেরিকান স্বপ্ন রক্ষা করতে পারব কি না, তা ঠিক করবে এই নির্বাচন।’

ট্রাম্প আরও বলেন, ‘জো বাইডেন আমেরিকার সত্তার ত্রাতা নন। তিনি আমেরিকার কর্মসংস্থান ধ্বংসকারী। তাঁকে নির্বাচিত করলে তিনি আমেরিকান মাহাত্ম্য ধ্বংস করবেন।’

নর্থ ক্যারোলাইনার চার্লটে রিপাবলিকান পার্টির চার দিনের জাতীয় সম্মেলন শুরু হয় গত সোমবার। এদিনই দলের প্রতিনিধিরা ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে লড়াইয়ে চূড়ান্ত অনুমতি দেন।

যুক্তরাষ্ট্রের প্রথা অনুযায়ী, সম্মেলনের শেষের দিন প্রার্থিতা গ্রহণ করেন প্রার্থী। একই সঙ্গে বক্তৃতা দেন। তবে ব্যতিক্রমী ট্রাম্প প্রার্থিতা নিশ্চিতের পরপরই হাজির হয়েছিলেন চার্লটে সম্মেলনকেন্দ্রে।

জাতীয় জনমত জরিপে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে জনসমর্থনে অনেক পিছিয়ে রয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নির্বাচনে জটিল ইলেকটোরাল ভোটের হিসাবেও ট্রাম্প অনেকটা পিছিয়ে।

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির অর্থনীতির অবস্থাও খুব নাজুক। কোটি কোটি মানুষ বেকার। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে এবারের মতো এত ‘রাজনৈতিক বিভেদ’ নিয়ে প্রেসিডেন্ট নির্বাচন হতে দেখা যায়নি।