মনোনয়নপত্র সংগ্রহ ৪৩ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। নির্বাচনের তফসিল অনুযায়ী ১৯ ও ২০ আগস্ট ছিল মনোনয়নপত্র বিক্রির নির্ধারিত দিন। ওই দুদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ সোসাইটির কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি করা হয়। দুই দিনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে মোট ৪৩টি। এ থেকে আয় হয়েছে ২১ হাজার ৫০০ ডলার।
দুই দিনই মনোনয়নপত্র বিক্রির সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ আব্দুল হাকিম, মোহাম্মদ আনোয়ার হোসেন, রুহুল আমিন সরকার, কায়সার জামান কয়েস ও খোকন মোশাররফ।

দুদিনে মোট ৪৩টি মনোনয়নপত্র বিক্রি থেকে সোসাইটির আয় হয়েছে ২১ হাজার ৫০০ ডলার। তিনজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। আর দুই প্যানেল থেকে ২০টি করে মোট ৪০টি মনোনয়নপত্র কেনা হয়। ১৯ আগস্ট মনোনয়নপত্র কেনেন সভাপতি পদপ্রার্থী ওসমান চৌধুরী। দ্বিতীয় দিনের শুরুতেই মনোনয়নপত্র কেনেন সভাপতি পদপ্রার্থী ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবদিন। এরপরই মনোনয়নপত্র কেনেন নয়ন-আলী প্যানেলের প্রার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী কাজী নয়ন, সাধারণ সম্পাদক প্রার্থী ও বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, মোহাম্মদ আবু নাসের, কাজী আজহারুল হক মিলন, ওয়াসি চৌধুরী, সৈয়দ এম কে জামান, আহসান হাবিব, মণিকা রায়, আবুল কাশেম, মিয়া মোহাম্মদ দুলাল, হাসান জিলানী, শেখ হায়দার আলী প্রমুখ। তাদের প্যানেলের পক্ষ থেকে ২০টি মনোনয়নপত্র কেনা হয়।
নয়ন-আলী প্যানেলের মনোনয়নপত্র কেনা শেষে রব-রুহুল প্যানেলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র ক্রয় করেন। তাঁদের পক্ষ থেকেও ২০টি মনোনয়নপত্র কেনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী রব মিয়া, সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, আজিমুর রহমান বোরহান, আব্দুল খালেক খায়ের, আব্দুল মান্নান, তাজু মিয়া, বাকির আজাদ, নওশেদ হোসেন সিদ্দিকী, নাসির উদ্দিন, সাদী মিন্টু, রফিকুল ইসলাম ভূঁইয়া, ডা. শাহনাজ লিপি, নাজমুল হাসান মানিক, আবুল বাশার ভূঁইয়া, মহিউদ্দিন আহমেদ, সেলিম চৌধুরী বাবুল, গোলাম সরওয়ার মিয়া, শামীম মাহমুদ, আবু ইউছুপ, এস এম আমানত, সোহেল হেলাল প্রমুখ। সব শেষে মনোনয়নপত্র কেনেন আব্দুল মোমেন। তিনি স্বতন্ত্র থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান জামাল আহমেদ জানান, মোট ৪৩টি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। মনোনয়নপত্র বিক্রি থেকে আয় হয়েছে ২১ হাজার ৫০০ ডলার। আগামী ২৬ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ। এ দিন বিকেলে ৫টা থেকে রাত ৯টার মধ্যে বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৩০ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে। সোসাইটির কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা হবে ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির এবারের ভোটার সংখ্যা সব মিলিয়ে ২৭ হাজার ৫১০। বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে ঘিরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি বেশ সরব হয়ে উঠেছে। ৪ সেপ্টেম্বর প্রার্থিতা চূড়ান্ত হলে নির্বাচনী ঢেউ শুরু হবে বলে মনে করা হচ্ছে। এখনই জ্যাকসন হাইটস থেকে ব্রুকলিন কিংবা ব্রঙ্কসে কান পাতলেই শোনা যায় সোসাইটির নির্বাচন নিয়ে জম্পেশ আলোচনা। আমেরিকায় কমিউনিটি নেতা হিসেবে গ্রহণযোগ্যতা, বাংলাদেশের রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা, কমিউনিটিতে নিজেদের অবদান- এ সবকিছুই সোসাইটির নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজয়ে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি অতি অবশ্যই প্রভাব রাখবে বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলা সমিতিগুলো ও প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা। আর এ সবকিছু মিলিয়ে চলছে নির্বাচন ঘিরে নানা সমীকরণ ও এর ফল নিয়ে নানা জল্পনা-কল্পনা।