মন্ট্রিয়েলে প্রথমবারের মতো শিশুপুষ্টি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুপুষ্টি সম্মেলনে বাংলাদেশি মন্ত্রীসহ বিদেশি অতিথিরা
শিশুপুষ্টি সম্মেলনে বাংলাদেশি মন্ত্রীসহ বিদেশি অতিথিরা

কানাডার মন্ট্রিয়েলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল গ্লোবাল চাইল্ড নিউট্রিশন ফোরামের ১৯তম সম্মেলন। ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া সম্মেলন উদ্বোধন করেন কুইবেক প্রদেশের শিক্ষামন্ত্রী সেবাস্তিয়ান প্রোলক্স। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। পাঁচ দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে ২১ সেপ্টেম্বর।
সম্মেলনে ৫৭টি দেশের বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ, এনজিও, দাতা সংস্থাসহ সংশ্লিষ্ট চার শতাধিক ব্যক্তি অংশ নেন। সম্মেলনে স্কুলে স্কুলে খাদ্য কর্মসূচি বাস্তবায়নের জন্য পরিকল্পিত কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্মেলনের থিম ছিল—‘স্কুলে খাবারের কর্মসূচির মাধ্যমে স্থায়ী উন্নয়নের জন্য সেতু; স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক সম্প্রদায়ের আকর্ষণ’। এতে বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বাংলাদেশের সাফল্যের চিত্র তুলে ধরেন।
কানাডার বাংলাদেশ হাইকমিশনের সূত্রমতে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান মন্ত্রীদের গোলটেবিল প্যানেলের সদস্য হিসেবে বক্তৃতা করেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ২০১৩ সালে ডব্লিউএফপি থেকে সহযোগিতায় স্কুল-খাদ্য কর্মসূচি চালু করেছে এবং আজ পর্যন্ত তা মোট ৩ কোটি স্কুলছাত্রকে দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকার এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে পর্যায়ক্রমে সব শিশুকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে।
গ্লোবাল চাইল্ড নিউট্রিশন ফাউন্ডেশন ও জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি বিশ্বজুড়ে শিশুদের খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে প্রতি বছর ক্ষুধার বিরুদ্ধে এই সম্মেলনের আয়োজন করে। এবারের সম্মেলনের সহযোগিতায় রয়েছে গ্লোবাল চাইল্ড নিউট্রিশন ফাউন্ডেশন, জাতিসংঘের সেন্টার অফ এক্সিলেন্স অ্যাগনেস্ট হাঙ্গার, সিটি অফ মন্ট্রিয়েল ও হাঙ্গার ব্রেকফাস্ট ক্লাব কানাডা।
মন্ট্রিয়েলে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও অংশগ্রহণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনজুর কাদির, যুগ্মসচিব রামচন্দ্র দাস, ঢাকায় ডব্লিউএফপির প্রোগ্রাম ডিরেক্টর রেজাউল করিম ও কানাডাস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) দেওয়ান মাহমুদ।