মন্ট্রিয়েলের আধা-বর্গকিলোমিটার এলাকায় চর্চা ৪৮ ভাষার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ট্রিয়েলের ডারলিংটন অ্যাভিনিউ, জ্যঁ তালোঁ বুলেভার্দ, ভ্যান হর্ন অ্যাভিনিউ ও কোট-দেস-নিজেস সড়কের মধ্যবর্তী আধা বর্গ কিলোমিটারের একটি এলাকা, যেখানে মাত্র ৬ হাজার ৬০০ মানুষের বাস। এ এলাকাতেই দাপ্তরিক ভাষার বাইরে ৪৬টি ভাষা ব্যবহৃত হয়। আর দাপ্তরিক দুই ভাষা ইংরেজি ও ফরাসিকে বিবেচনায় নিলে এর সংখ্যা দাঁড়ায় ৪৮। ২০১৬ সালের আদম শুমারির ভিত্তিতে ১৪ আগস্ট এ তথ্য জানিয়েছে কানাডার স্থানীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজ।
মন্ট্রিয়েলের ছোট্ট এ এলাকার পথে ঘাটে যেকোনো স্থানে হরহামেশাই শোনা যাবে ফিলিপাইনের হিলিগেনন, তামিল এবং পশ্চিম আফ্রিকার বামানানকন ও ফুলাহের মতো ভাষা। এ বিষয়ে স্থানীয় অধিবাসীদের সঙ্গে আলাপ করে সিবিসি। নিজের ভাষা দক্ষতার বিষয়ে ওই এলাকার বাসিন্দা অম্বিকা শিবমূর্তি জানান, তিনি সাড়ে তিনটি ভাষা জানেন। এর মধ্যে তামিল, ইংরেজি ও সিংহলি পুরোপুরি জানেন। আর কিছুটা ফরাসিও তার রপ্ত হয়েছে। অবশ্য সাউথ এশিয়ান উইমেন্স কমিউনিটি সেন্টারের একজন কর্মী হিসেবে বহু ভাষায় দক্ষতা অর্জনের বিষয়টি তার কাজের মধ্যেই পড়ে। তিনি বলেন, ‘এখানকার মানুষ দারুণ বৈচিত্র্যপূর্ণ। আমি নিজে শ্রীলঙ্কান। এরই মধ্যে আমি নিজেই ১০-১৫টি জাতির মানুষের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি।’
অম্বিকার চেয়েও বেশি ভাষা জানেন টোগ্যাল এলহোসেল। মরক্কো থেকে আসা এ নাগরিকের আয়ত্তে রয়েছে চারটি ভাষা।জয় মিগালনের মাতৃভাষা তাগালগ হলেও তিনিও জানেন বেশ কয়েকটি ভাষা। নিদেনপক্ষে দাপ্তরিক ভাষা ইংরেজি ও ফরাসি তো জানেনই। স্থানীয় আরেক অধিবাসী ডেভিড ক্লার্ক। দীর্ঘদিন ধরে তিনি এলাকাটিতে
বাস করছেন।