মন্ত্রিসভায় নিকি হেলি
ডোনাল্ড ট্রাম্প সাউথ ক্যারোলাইনার গভর্নর নিকি হেলিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন। একাধিক সূত্রের বরাতে এ কথা নিশ্চিত করেছে নিউইয়র্কটাইমস। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মনোনীত হলে গভর্নর হেলি বর্তমানে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি সামান্থা পাওয়ারের স্থলাভিষিক্ত হবেন। শোনা যাচ্ছে, ট্রাম্প তাঁকে মন্ত্রিসভার একজন পূর্ণ সদস্য হিসেবে মর্যাদা দেবেন। ভারতীয় বংশোদ্ভূত হেলি নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পকে তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন। বাছাই পর্বে তিনি সিনেটর মার্কো রুবিওকে সমর্থন করেছিলেন। তা সত্ত্বেও হেলিকে মনোনীত করায় স্বস্তি পেয়েছে রিপাবলিকান মহল। এর আগে বলা হয়েছিল, ট্রাম্প এই পদে হাওয়াই থেকে নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান তুলসী গ্যাবার্ডকে মনোনীত করতে পারেন। বার্নি স্যান্ডার্সের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে বিবেচিত গ্যাবার্ড অনেক প্রশ্নেই রিপাবলিকান নেতৃত্বের বিপরীত অবস্থানের জন্য সুপরিচিত। অন্যদিকে রক্ষণশীল হিসেবে নির্ভরশীল হেলি রিপাবলিকান মূলধারার একজন উঠতি তারকা। বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র