মন্ত্রিসভায় বিতর্কিতদের বেছে নিচ্ছেন ট্রাম্প?
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিউইয়র্কের সাবেক মেয়র রুডলফ জুলিয়ানিকে বিবেচনা করছেন। জর্জ ডব্লিউ বুশের সময় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী জন বোল্টনও একই পদে আগ্রহী।
তবে এই দুজনই অত্যন্ত বিতর্কিত। তাঁদের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করার আগেই বিভিন্ন মহল থেকে উভয়ের ব্যাপারে প্রবল আপত্তি উঠেছে। জুলিয়ানি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর বলিষ্ঠ নেতৃত্বের জন্য প্রশংসা অর্জন করেন। সে সুনামকে পুঁজি করে গত এক দশকে তিনি সন্ত্রাসবাদ দমনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তুলে কোটি কোটি ডলার কামিয়েছেন। যেসব বিদেশি রাষ্ট্রকে তিনি পরামর্শ দিয়েছেন তার মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়া। এমন একজন ব্যক্তিকে আমেরিকার প্রধান কূটনীতিকের দায়িত্ব দেওয়া হলে ‘স্বার্থের সংঘাত’ বা ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ দেখা দিতে পরে—সে কারণে অনেক রিপাবলিকান নেতাই তাঁদের আপত্তির কথা জানিয়েছেন। তা ছাড়া কূটনীতিক হিসেবে জুলিয়ানির কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, সে কথাও জানিয়েছেন এঁদের কেউ কেউ।
জন বোল্টনের ব্যাপারেও প্রতিবাদ এসেছে। কট্টর দক্ষিণপন্থী হিসেবে পরিচিত আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো বোল্টন ইরাক যুদ্ধের প্রবল সমর্থক ছিলেন। তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আহ্বান জানিয়েছিলেন এবং সব আন্তর্জাতিক চুক্তির ব্যাপারে প্রকাশ্যে অবজ্ঞা প্রকাশ করেছিলেন। জাতিসংঘের ব্যাপারে তাঁর অবস্থান ছিল অত্যন্ত সমালোচনাপূর্ণ। তিনি একসময় বলেছিলেন, বিশ্ব সংস্থার ভবন থেকে গোটা দশেক তলা ছেঁটে ফেললে আপত্তির কিছু থাকবে না।
যাঁরা জুলিয়ানি ও বোল্টনের ব্যাপারে আপত্তি তুলেছেন, তাঁদের অন্যতম হলেন সিনেটর র্যান্ড পল। এক উপসম্পাদকীয় নিবন্ধে পল জানিয়েছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক যুদ্ধের বিরুদ্ধে ছিলেন বলে দাবি করেছেন। অথচ জুলিয়ানি ও বোল্টন উভয়েই ইরাক যুদ্ধের কট্টর সমর্থক। ইরাক যুদ্ধ ও বিদেশে সরকার পরিবর্তনের পক্ষে এমন কাউকে তিনি কিছুতেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সমর্থন দিতে পারেন না। উল্লেখ্য, মন্ত্রী পর্যায়ের যেকোনো পদে নিয়োগ পেতে সিনেটের সমর্থন লাগবে।
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আলাবামার বিতর্কিত সিনেটর জেফ সেশন্সকে ভাবা হচ্ছে। এ কথা জানার পর প্রবল আপত্তি উঠেছে। অভিবাসনবিরোধী অবস্থানের কারণে সেশন্স পরিচিত। আফ্রিকান-আমেরিকান ও অন্য সংখ্যালঘুদের ব্যাপারে তাঁর অবস্থান খোলামেলাভাবে বর্ণবাদী। এ কারণে তাঁকে একসময় ফেডারেল পর্যায়ে বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবা হলেও পরে তা প্রত্যাখ্যান করা হয়। একাধিক ডেমোক্রেটিক সিনেটর মন্ত্রী হিসেবে তাঁর নিয়োগের বিরোধিতা করেছেন।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাইক ফ্লিন্টকেও প্রতিরক্ষামন্ত্রীর পদের জন্য বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। তিনি বিভিন্ন দেশের সরকারের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করেছেন, সে কারণে তাঁর নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। ফ্লিন্ট গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী বলে জানিয়েছেন। এর আগে তিনি সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু ‘দুর্বল ও বিতর্কিত নেতৃত্বের’ কারণে মাত্র দুই বছর দায়িত্ব পালনের পর তাঁকে অপসারণ করা হয়।
এদিকে তাঁর প্রশাসনের শীর্ষস্থানীয় পদগুলো কাকে দেওয়া উচিত, এ ব্যাপারে পরামর্শের জন্য ট্রাম্প যে কমিটি গঠন করেছেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে সে কমিটির কাজ মন্থর হয়ে এসেছে। এ কাজে নেতৃত্ব দিচ্ছিলেন নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি। নির্বাচনী প্রচারে যে কয়জন জ্যেষ্ঠ রাজনীতিককে ট্রাম্প নিজের পাশে পেয়েছিলেন, ক্রিস্টি তাঁদের অন্যতম। কিন্তু নির্বাচিত হওয়ার অব্যবহিত পরেই ক্রিস্টিকে সরিয়ে দিয়ে তাঁর স্থানে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে দায়িত্ব দেওয়া হয়। সান্ত্বনা হিসেবে ক্রিস্টিকে এই কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। জানা গেছে, এই পরিবর্তনের পেছনে বিশেষ ভূমিকা ছিল ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের। ২০০৫ সালে নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিস্টি জ্যারেড কুশনারের ব্যবসায়ী পিতা চার্লসকে ‘লোভ, আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগে দুই বছরের জন্য জেলে পাঠাতে সক্ষম হয়েছিলেন। সে কারণে ক্রিস্টিকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ক্রিস্টির পদাবনতির সঙ্গে সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সাবেক কংগ্রেসম্যান মাইক রজার্সও এই কমিটি থেকে সরে গেছেন। তিনি সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করলেও কমিটির কাজের ব্যাপারে তাঁর অসন্তোষ গোপন রাখেননি। যেভাবে ক্রিস্টি ও তাঁর নিকট মিত্রদের পরামর্শদাতা কমিটি থেকে সরিয়ে দেওয়া হলো, অনেকে তাঁকে সোভিয়েত কায়দায় ‘জোরপূর্বক অপসারণ’ বলে অভিহিত করেছেন। ভ্যানিটি ফেয়ার সাময়িকী একে ‘মাফিয়া কায়দায় অপসারণ’ বলে মন্তব্য করেছে।
এদিকে ট্রাম্পের সঙ্গে মস্কোর ঘনিষ্ঠতা নিয়েও কয়েকজন রিপাবলিকান সিনেটর উদ্বেগ প্রকাশ করেছেন। এঁদের অন্যতম সিনেটর জন ম্যাককেইন। তিন দিন আগে ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিন টেলিফোনে কথা বলেছেন এবং তাঁরা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতির ব্যাপারে একমত হয়েছেন। মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতার বিরোধিতা করে ম্যাককেইন বলেছেন, প্রেসিডেন্ট পুতিন সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের সঙ্গে হাত মিলিয়ে সে দেশটির মানুষের বিরুদ্ধে অভাবিত ধ্বংসযজ্ঞে লিপ্ত। এহেন পুতিনের সঙ্গে কোনোরকম সখ্যের অর্থ দাঁড়াবে এ হত্যাযজ্ঞের অংশগ্রহণে সমর্থন।