মন্দা অবস্থায়ও চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসে বিপর্যস্ত অর্থনীতি ও মন্দা অবস্থায় চাকরি হারিয়েছেন অসংখ্য মানুষ। বেকারের সংখ্যা ৭০ লাখের কাছাকাছি। এর মধ্যেও হাজার হাজার মানুষকে চাকরির অফার দিচ্ছে বড় বড় করপোরেট কোম্পানিগুলো। নিউইয়র্ক সিটি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদেও লোক নিয়োগের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। নগর পুলিশেও নিয়োগের জন্য আবেদনপত্র জমা দিতে আগ্রহীদের উৎসাহিত করা হচ্ছে।
বিশ্ববিখ্যাত আমাজন কোম্পানি বিভিন্ন সামাজিক মাধ্যমে লোক নিয়োগের জন্য আগের থেকে দ্বিগুণ বেশি প্রচার–প্রচারণা চালিয়ে যাচ্ছে। নিউইয়র্ক নগর প্রশাসন থেকে আবেদনপত্র অনলাইনে জমা দিতে ব্যক্তিগত ইমেইলে লিংক পাঠাচ্ছে।
করোনাভাইরাসের কারণে অনেকেই চাকরি ছেড়ে দিয়ে প্রাণ ভয়ে বাসায় অবস্থান করছে। এ অবস্থায় অনেক কোম্পানির জরুরি বিভাগে লোক নিয়োগ অতি জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে রিটেইল কোম্পানিগুলোতে কর্মী সংকট দেখা দিয়েছে। কস্টকো, বিজেসের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোতে লোক নিয়োগে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগের তুলনায় ঘণ্টায় ৪/৫ ডলার করে বেশি দেওয়ার লোভনীয় অফারও দেওয়া হচ্ছে।
নিউইয়র্কে চাকরি পেতে সহায়তাকারী একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. আলী, মো. জামান ও মণ্ডল সরকার বলেন, আমেরিকায় সব সময় চাকরির বাজার উন্মুক্ত। তবে এ সময় অনেক প্রতিষ্ঠানে লোক নিয়োগ জরুরি হয়ে পড়েছে। চাকরি পেতে আমরা যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত। বিশেষ করে অনলাইনে কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে। এ আবেদন ঘরে বসেই করা যাচ্ছে বলে তারা জানান।