মরহুম গিয়াস উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল
নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদ ও স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম গিয়াস উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাবাজার জামে মসজিদে গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়ার পরিচালনায় মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম। বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে দোয়ায় গিয়াস উদ্দিনের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। পরে মাহফিলে অংশ নেওয়া সবাইকে গিয়াস উদ্দিনের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তাঁর ভাতিজা মসজিদের কার্যকরী সদস্য শামিম উদ্দিন। এ সময় তাঁর বড় ছেলে আমিম উদ্দিনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়।
উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবী গিয়াস উদ্দিন গত ১০ এপ্রিল নিউইয়র্কের ব্রঙ্কসের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন মন্টিফিউর মেডিকেল সেন্টারে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, চার ভাই, দুই বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ব্রঙ্কসের এ অ্যান্ড এ ভেরাইটি ডাবল ডিসকাউন্ট এবং জি অ্যান্ড আর ভেরাইটি ডিসকাউন্ট ইনকের কর্ণধার গিয়াস উদ্দিন সপরিবারে ব্রঙ্কসের বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার গ্রামে।