মসজিদ নির্মাণে বাধা, ৩২ লাখ ডলার জরিমানা
পাঁচ বছর আগে নিউজার্সির বার্নাডস উপশহরের স্থানীয় ব্যবস্থাপনা পরিষদ তাদের শহরে একটি নতুন মসজিদ নির্মাণে আপত্তি জানিয়েছিল। যুক্তি ছিল এর ফলে শহরে জন সমাগম ও যানবাহনের পরিমাণ বেড়ে যাবে ও জীবনযাত্রার মান বিঘ্নিত হবে। তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করে স্থানীয় ইসলামিক সোসাইটি। টানা পাঁচ বছর আইনি লড়াই শেষে গত সপ্তাহে একটি ফেডারেল আদালত বার্নাডস উপশহরের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছে। এই আদালত ইসলামিক কাউন্সিলকে ক্ষতিপূরণ হিসেবে মোট ৩২ লাখ ডলার জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছে।
আদালত তার রায়ে জানায়, ধর্মীয় উপাসনালয় নির্মাণের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বার্নাডস উপশহর বৈষম্যমূলক আচরণ করেছে, যা মার্কিন শাসনতন্ত্রের পরিপন্থী। এই মামলায় ইসলামিক কাউন্সিলের দাবির প্রতি সমর্থন জানায় ওবামা প্রশাসনের বিচার বিভাগ। চলতি বিচার বিভাগের মানবাধিকার শাখার ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল টম হুইলার আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এখন এই মসজিদ নির্মাণে আর কোনো প্রতিবন্ধকতা রইল না।
শহর কর্তৃপক্ষ আদালতের রায় মেনে নিয়েছে। জানা গেছে, ইসলামিক কাউন্সিল এই মসজিদ নির্মাণের কাজ খুব দ্রুত শুরু করতে যাচ্ছে।