মহানগর আ.লীগে বহিষ্কার বিতর্ক
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ থেকে জাকারিয়া চৌধুরীকে বহিষ্কার করেছেন আগের সভাপতি কমান্ডার নুর নবী। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেখ হাসিনার নির্দেশে তাঁকে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে কমান্ডার নুর নবী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মাত্র এক সপ্তাহ আগে তাঁকে ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে ভারমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডা. সিদ্দিকুর রহমানের উপস্থিতিতে।
বাংলাদেশে অবস্থানকারী কমান্ডার নুর নবী ও সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সুপারিশে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সংগঠনের নীতি, আদর্শ, চেতনা, মূল্যবোধবিরোধী কার্যক্রমে যুক্ত থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতির পদ থেকে তাঁকে বহিষ্কার করা হলো। গত ২৬ নভেম্বর পাঠানো ওই পত্রের কপি একই দিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির কার্যালয়েও পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এদিকে সংগঠন থেকে বহিষ্কার সম্পর্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, কমান্ডার নুর নবী কেন্দ্রের সঙ্গে আলাপ করে এই বার্তা প্রেরণ করেছেন, তা তিনি জানেন না। এ সময় তিনি মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহযোগী পদগুলোতে কারা থাকবেন, কারা নেতৃত্ব দেবেন, তা ঢাকার কেন্দ্রীয় সংগঠনের বিষয় নয়। এটা নির্ধারিত হবে এখানকার সাংগঠনিক বৈঠকে। তিনি এখানে উপস্থিত না থেকে বাংলাদেশে বসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগঠন চালাচ্ছেন কীভাবে, সেটা বোধগম্য নয়। এখানকার সাংগঠনিক সভায় সিদ্ধান্ত না নিয়ে, তাঁর স্বাক্ষর ছাড়াই যেসব চিঠি চালাচালি হচ্ছে, তা অসাংগঠনিক বলে মন্তব্য করেন সিদ্দিকুর রহমান।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নুর নবী বাংলাদেশে চলে যাওয়ার পর সংগঠনের সহসভাপতি জাকারিয়া চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সভাপতি নুর নবীর শিগগিরই যুক্তরাষ্ট্র ফিরে না আসাসহ সংগঠনের অভ্যন্তরীণ নানা কোন্দলের মুখে গত ২০ নভেম্বর জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের এক সভায় জাকারিয়া চৌধুরীকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। আরও কয়েকটি পদে রদবদল করা হয়। এ নিয়ে দলে মিশ্র প্রতিক্রিয়া হয়। দলীয় নেতা-কর্মী নতুন করে বিভক্ত হয়ে পড়েন।
অপরদিকে সভাপতি কমান্ডার নুর নবী ও সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ঢাকা থেকে পাঠানো পৃথক বার্তায় মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের কয়েকটি পদে রদবদল করা হয়। এ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন করে সংকটের সৃষ্টি হয়েছে।
এ মুহূর্তে কে তাহলে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আগে যেভাবে ছিল, সেভাবেই চলবে মহানগর আওয়ামী লীগ। তবে বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। আর আমি জাকারিয়া চৌধুরীকে বলেছি, এখন আর পাল্টা কাউকে বহিষ্কার করা যাবে না।’
এদিকে সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্দিকুর রহমান দলের প্রয়োজনে বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।