‘মহামারিতে জীবনের অস্তিত্ব’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

মহামারির সময়ে নিউইয়র্ক নগর ঘুরে হৃদয় অনির্বাণ খন্দকারের তোলা আলোকচিত্র নিয়ে করা প্রদর্শনী বেশ সাড়া ফেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মার্চে নিউইয়র্কজুড়ে লকডাউন শুরু হলে হৃদয় অনির্বাণ খন্দকার ক্যামেরা হাতে নিউইয়র্ক নগর চষে বেড়িয়েছেন। ক্যামেরার চোখে দেখেছেন দিন ও রাতের নগর। কোভিড আক্রান্ত নিউইয়র্ক নগর যখন পরিণত হয়েছিল রেড জোনে, তখন প্রতিদিন হাজারো মৃত্যু আর অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দে ভীতসন্ত্রস্ত নগরকে ধারণ করেছেন তিনি তাঁর ক্যামেরায়। প্রথম আলো উত্তর আমেরিকার এই আলোকচিত্রীর সে সময়ে তোলা এসব আলোকচিত্র নিয়ে ‘মহামারিতে জীবনের অস্তিত্ব’ শিরোনামে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো ৩ অক্টোবর।

‘লাইফ উইদাউট আ হোম’, ‘সিক্স ফিট ডিসট্যান্স’, ‘ওয়ার্কিং ওভারটাইম টু ডেলিভার ফুড’, ‘আনইউজুয়াল সাইলেন্স’, এসেনশিয়াল ওয়ার্কার অন ডিউটি’, ‘সলিটারি ট্রাভেল’, ‘পিসফুল প্রোটেস্ট’ প্রভৃতি শিরোনামের এসব হৃদয়গ্রাহী আলোকচিত্র উপস্থিত দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। উপস্থিত কয়েকজন দর্শককে ছবি সংগ্রহ করতেও দেখা যায়। এক তরুণীকে দেখা গেল তাঁর কেনা ‘পিসফুল প্রোটেস্ট’ ছবিটি হাতে আলোকচিত্রীর সঙ্গে ছবি তুলতে।

একটি ছবি হাতে আলোকচিত্রীর সঙ্গে এক দর্শনার্থী

ছবিটি সংগ্রহের কারণ প্রসঙ্গে ওই তরুণী জানান, ছবিটির বিষয়বস্তু, রং ও সময়কাল তাঁকে ছবিটি সংগ্রহ করতে আগ্রহী করেছে। তিনি নিজেও ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের একজন সমর্থক বলে জানালেন। করোনা মহামারির মধ্যেও সর্বস্তরের মানুষ জর্জ ফ্লয়েডের ওপর পুলিশের নির্যাতন ও এতে তাঁর মৃত্যুর প্রতিবাদ জানাতে পথে নেমে এসেছিল—এই বিষয়টি তাঁকে আবেগাপ্লুত করে।

হৃদয়ের এসব ছবি নানা পরিপ্রেক্ষিতে প্রথম আলো উত্তর আমেরিকাতেও প্রকাশিত হয়েছে। এই প্রদর্শনী আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো উত্তর আমেরিকা।

বাংলাদেশি আমেরিকান এই তরুণ আলোকচিত্রী একজন উচ্চাকাঙ্ক্ষী, উদ্যমী ও সৃজনশীল মানুষ। প্রদর্শনীর ফাঁকেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বললেন হৃদয় অনির্বাণ। জানালেন মহামারির সময় তাঁর তোলা আলোকচিত্র নিয়ে একটি ফটো অ্যালবাম প্রকাশ করার ইচ্ছের কথা।