মহাসচিব পদপ্রার্থীদের সাক্ষাৎকার শেষ আজ
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের কাজ শুরু করেছে সাধারণ পরিষদ। এই পদের জন্য নিজ নিজ সরকারের মনোনয়ন পাওয়া আটজন প্রার্থীর মধ্যে গত দুই দিনে ছয়জন প্রার্থী সাক্ষাৎকার দিয়েছেন।
গত মঙ্গলবার তিনজন এবং গতকাল বুধবার তিনজন প্রার্থী পরিষদের ১৯৩ সদস্যের সামনে সাক্ষাৎকার দেন। বাকি দুজন আজ বৃহস্পতিবার সাক্ষাৎকার দেবেন। তাঁরা হলেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম অধিবেশনের সাবেক সভাপতি মেসিডোনিয়ার সেরজান কেরিম এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউএনডিপির প্রশাসক হেলেন ক্লার্ক।
মঙ্গলবার সাক্ষাৎকারে অংশ নেন মন্টেনেগ্রোর সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইগর লুকসিক, ইউনেসকোর বর্তমান মহাপরিচালক বুলগেরিয়ার ইরিনা বোকোভা এবং জাতিসংঘের উদ্বাস্তু-বিষয়ক সাবেক হাইকমিশনার পর্তুগালের আন্তোনিন গুতেরেস। আর গতকাল সাক্ষাৎকার দেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক, মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নাতালিয়া ঘেরম্যান এবং ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভেসনা পুসিচ।
সাক্ষাৎকারে প্রথম প্রার্থী মন্টেনেগ্রোর পররাষ্ট্রমন্ত্রী ৩৯ বছর বয়সী ইগর লুকসিক তাঁর ক্ষুদ্র দেশের বহুজাতিক চরিত্র তুলে ধরে দাবি করেন, বিশ্ব সংস্থার নেতৃত্বদানের সব যোগ্যতা তাঁর আছে। তিনি এর আগে তাঁর দেশের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাঁর কাজের ভেতর দিয়েই তিনি এই দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করেছেন।
জাতিসংঘের নেতৃত্বে এবার একজন নারী আসা উচিত, এ কথা বিভিন্ন মহল থেকে বলা হয়েছে। দ্বিতীয় প্রার্থী বুলগেরিয়ার ইরিনা বোকোভা সে কথা সরাসরি উল্লেখ না করে বলেন, জাতিসংঘের উচিত হবে নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে আরও অধিক ভূমিকা পালন করা। তা ছাড়া চাকরিক্ষেত্রে নারী-পুরুষের সমতা অর্জনকেও জাতিসংঘের উচিত অগ্রাধিকার দেওয়া।
তৃতীয় প্রার্থী পর্তুগালের আন্তোনিন গুতেরেস কূটনৈতিক শিষ্টাচার পরিহার করে সরাসরি এই সংস্থার কিছু কিছু দুর্বল দিক তুলে ধরেন। তিনি নিজে এই সংস্থার উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।
সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়া প্রার্থীদের চারজন পুরুষ ও চারজন নারী। অনেকেই মনে করেন বুলগেরিয়ার ইরিনা বোকোভা সম্ভবত প্রতিযোগিতায় অন্যদের চেয়ে এগিয়ে আছেন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া তাঁকে সমর্থন দিচ্ছে। তিনি চমৎকার ফরাসি বলেন। তাই পরিষদের আরেক স্থায়ী সদস্য ফ্রান্স তাঁর প্রতি সমর্থন জানাতে পারে।
জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ভৌগোলিক আবর্তনের ভিত্তিতে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন। এই অনানুষ্ঠানিক নিয়ম অনুসারে এবার পূর্ব ইউরোপের মহাসচিবের দায়িত্ব পাওয়ার কথা। পর্তুগালের গুতেরেস ও নিউজিল্যান্ডের ক্লার্ক ছাড়া সব প্রার্থীই পূর্ব ইউরোপের।