মহিবুলের অভিযোগ ইজারাদারের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিবুল ইসলাম
মহিবুল ইসলাম

দুর্বৃত্তদের গুলিতে আহত অ্যাস্টোরিয়ার বাসিন্দা মহিবুল ইসলাম অভিযোগ করেছেন, তাঁকে হত্যাচেষ্টার পেছনে একজন ইজারাদার জড়িত। এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন মহিবুল প্রথম আলোকে বলেন, ‘আমি একদম হলফ করে বলতে পারি, ওই ইজারাদার আমাকে হত্যা করতে লোক পাঠিয়েছিল। কেননা, তার সঙ্গে আমার লেনদেন নিয়ে বিরোধ ছিল।’

মহিবুল বলেন, ‘অ্যাস্টোরিয়ার ২১/১৮ নম্বর বাড়িটি সংস্কার করার জন্য তাকে আমি ইজারাদার নিয়োগ করেছিলাম। কিন্তু কাজে ফাঁকি দেওয়ার কারণে আমি তার ২০ হাজার ডলার আটকে রেখেছিলাম। সে বলেছিল, টাকা না পেলে, আমাকে দেখে নেবে। সে আইনের আশ্রয় না নিয়ে, আমাকে জীবনে মেরে ফেলতে চেয়েছিল। এমনকি আমাকে গুলি করে হত্যাচেষ্টা ব্যর্থ হওয়ার পর আমি যখন হাসপাতালে, ঠিক তার প্রায় ১০ ঘণ্টা পর আবার আমার বাসায় সন্ত্রাসী পাঠিয়েছিল। এখনো শঙ্কায় আছি আমি ও আমার পরিবার।
২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে

অ্যাস্টোরিয়ার ২১ নম্বর অ্যাভিনিউতে নিজের ফ্ল্যাটে দুর্বৃত্তের গুলিতে আহত হন মহিবুল। সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে মহিবুল বলেন, ‘আমাকে দুটি গুলি করেছে। প্রথমটি মাথার পাশে কানের কাছে লাগে। আমি রোজা ছিলাম বলেই হয়তো আল্লাহ আমাকে রক্ষা করেছেন। কেননা, গুলিটি কোনো কারণে লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয় গুলিটি আমার কোমরের নিচে করতে চেয়েছিল। আমি বাধা দেওয়ায় লক্ষ্যভ্রষ্ট হয়ে নিচে লেগেছে।’
ঘটনার দিন মহিবুল ইসলামের বাসায় ডেলিভারি বক্স হাতে প্রবেশ করে দুই দুর্বৃত্ত। এর পরপরই মহিবুল ও তাঁর স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এতে মহিবুল পায়ে গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্বৃত্তদের পরনে ইউপিএসের পোশাক এবং হাতে কার্টনের বক্স ছিল বলে জানান মহিবুলের পরিবারের সদস্যরা।
ঘটনাটিকে ডাকাতির চেষ্টা বলে প্রথমে সন্দেহ করে পুলিশ। এখনো তদন্ত চলছে। পুলিশের তদন্ত দল ১২ জনের একটি ছবির তালিকা দেখিয়ে অপরাধী শনাক্ত করতে বললে একজনকে শনাক্ত করতে পেরেছেন মহিবুল। তিনি জানান, সে তার ওই ভাড়া করা ভবন সংস্কারের দায়িত্বে থাকা ইজারাদারের একজন নির্মাণশ্রমিক ছিল।
কেন এই বিরোধ তৈরি হলো, জানতে চাইলে মহিবুল বলেন, ‘আমি রিয়েল এস্টেট নিয়ে কাজ করি। বাড়িটি সংস্কার করার জন্য ১ লাখ ১১ হাজার ডলারের কন্ট্রাক্ট স্বাক্ষর করি জো জিনা নামে এক ব্যক্তির সঙ্গে। সে বাড়ির কাজ করছে জোড়াতালি দিয়ে। ভেতরের সংস্কার না করে, বাইরে রং লাগিয়ে সুন্দর করে রাখছে। এমনকি ইলেকট্রিকের কাজ করেছে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি না নিয়েই। এসব কারণে আমি কয়েকজন কন্ট্রাক্টরকে ডেকে এনে দেখাই এবং তাদের মতামত চাই। ওরাও বলল, যে কাজের চেয়ে অকাজ হয়েছে বেশি। কিন্তু আমি তাকে এরই মধ্যে ৯০ হাজার ডলার দিয়ে দিয়েছি। বাকি টাকা দেওয়ার আগে আমি আমার চুক্তিমোতাবেক কাজ দেখতে চেয়েছিলাম। কিন্তু সে বলেছিল, আমাকে দেখে নেবে। এভাবেই সে আমার ওপর প্রতিশোধ নিতে চাইল?’
বছরের শুরুর দিকে ব্রঙ্কসের এ ধরনের অর্থনৈতিক লেনদেন এর জটিলতা আর সমস্যা সমাধান না হওয়ার দীর্ঘসূত্রতায় ক্ষিপ্ত হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক রিয়েলেটর জাকির খান নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।