মহিলা পরিষদ ও প্রোগ্রেসিভ ফোরামের যৌথসভা
মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র ও প্রোগ্রেসিভ ফোরামের যৌথ উদ্যোগে ১৪ ডিসেম্বর জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হলো বেগম রোকেয়া দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা কাশেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক ড. জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল বারী।
প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিষয়টি তুলে ধরে বলেন, ‘যত দিন যাচ্ছে, শহীদদের আত্মত্যাগের বিষয়টি ততই যেন বিস্মৃতির অন্তরালে চলে যাচ্ছে। সত্য হচ্ছে কেউই সঠিক ইতিহাস রচনায় আন্তরিকতা দেখাচ্ছেন না। অথচ কত গৌরবোজ্জ্বল ছিল আমাদের সেই ইতিহাস।’ তিনি বলেন, ‘স্কুল কলেজের পাঠ্যসূচিতে আরও বেশি মুক্তিযুদ্ধের ও শহীদ মুক্তিযোদ্ধাদের ইতিহাস তুলে ধরতে হবে। এভাবেই ইতিহাস বিকৃতির হাত থেকে জাতিকে রক্ষা করা যাবে।’
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল বারী বলেন, ‘কোনো ধরনের ব্যক্তিগত ফায়দা আদায়ের লক্ষ্যে আমরা মুক্তিযুদ্ধে যোগ দিইনি। উদ্দেশ্য ছিল বাঙালি জাতিসত্তার শৃঙ্খলমুক্তি। আমাদের আনন্দ এখানেই যে, আমরা তা পেরেছিলাম।’
রোকেয়া দিবস উপলক্ষে মহিলা পরিষদের সভাপতি শামসাদ হুসাম বলেন, ‘একাত্তরের স্বাধীনতা সংগ্রামের সময় দুই লাখ নারী সম্ভ্রম হারিয়েছিলেন। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। এটা আমাদের মানতেই হবে যে, এই স্বাধীনতার পেছনে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে নারীদের ভূমিকার কথা। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কয়েক যুগ ধরে নারীশাসিত বাংলাদেশে এখনো সবচেয়ে নিগৃহীত জনগোষ্ঠী নারীরাই। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় নারী শ্রমিক পাঠানোর নামে যেভাবে যৌন হয়রানির শিকার হয়ে, লাশে পরিণত হয়ে দেশে ফেরত আসছেন অগণিত নারী, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদ যুক্তরাষ্ট্রের সহসভাপতি রাবেয়া আক্তার, সাধারণ সম্পাদক সুলেখা পাল ও লিলি মজুমদার। সভার শুরুতে সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লিখিত প্রবন্ধ পাঠ করেন প্রোগ্রেসিভ ফোরামের সহসভাপতি ওবায়দুল্লাহ মামুন।