মা ও শাশুড়িকে হারালেন ফেরদৌস সাজেদীন

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে শাশুড়ির মৃত্যুর শোক কাটাতে না কাটাতেই এক সপ্তাহের ব্যবধানে এবার মায়ের মৃত্যু সংবাদ পেলেন নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীন।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬ মে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা ১০মিনিটে ঢাকার মডার্ন হাসপাতালে মৃত্যু হয় ফেরদৌস সাজেদীনের মা বেগম জাহানারা রইসের (৮৫)। করোনা পরিস্থিতির কারণে মায়ের অসুস্থতার খবর পেলেও শেষ সময় ফেরদৌস সাজেদীন উপস্থিত থাকতে পারেননি।
বেগম জাহানারা রইস বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিন সপ্তাহ আগে নিউমোনিয়ায় আক্রান্ত হলে রাজধানীর শ্যামলীতে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। করোনার পরীক্ষা করানো হলে নেগেটিভ রেজাল্ট আসে। এরপরও তাঁর অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। পরে সেখান থেকে মডার্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। এই হাসপাতালে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।
বেগম জাহানারা রইসের মৃত্যুতে মুক্তধারা ফাউন্ডেশন গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
করোনায় সংক্রমিত হয়ে ১ মে সকাল আটটায় ৮৫ বছর বয়সে ফেরদৌস সাজেদীনের শাশুড়ি সুরাইয়া আহমেদের মৃত্যু হয়।