মা গেলেন বন্ধুদের কাছে, গাড়িতে প্রাণ গেল দুই শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি গাড়ির মধ্যে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ১৫ ঘণ্টা থাকার কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটির মা তাদের গাড়িতে রেখে বন্ধুদের কাছে যান বলে অভিযোগ উঠেছে। পুলিশ ওই মাকে গ্রেপ্তার করেছে।

আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়, ১৯ বছর বয়সী মা আমান্ডা হকিন্স তাঁর দুই কন্যাশিশুকে নিয়ে মঙ্গলবার স্থানীয় সময় রাত নয়টার দিকে গাড়িতে রেখে কাছেই বন্ধুদের সঙ্গে দেখা করতে যান। কন্যাশিশু দুটির একটির বয়স এক বছর, অন্যটির বয়স দুই বছর। স্থানীয় কাউন্টির শেরিফ রাস্টি হিয়েরোলজার জানিয়েছেন, সারা রাত বাচ্চা দুটি কান্নাকাটি করে। ওই নারী পরের দিন ফেরেন। কিন্তু তার আগে শিশু দুটির মৃত্যু হয়। হকিন্সের বিরুদ্ধে মামলা হয়েছে।

কাউন্টি শেরিফ জানান, তিনি জীবনে এমন বাজে ঘটনা দেখেননি। হকিন্স দুটি মেয়েকে গাড়িতে রেখে একটি বাড়িতে ১৬ বছর বয়সী পুরুষ বন্ধুসহ অন্যদের সঙ্গে দেখা করতে যান। পরের দিন বিকেলে ফিরে গাড়ি থেকে অচেতন অবস্থায় শিশু দুটিকে বের করেন। কিন্তু বিপদে পড়ার ভয়ে তাৎক্ষণিকভাবে তিনি শিশু দুটিকে হাসপাতালে নেননি। পরে এক বন্ধুর পরামর্শে তিনি অচেতন দুই শিশুকে আঞ্চলিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

হাসপাতালকর্মীদের কাছে হকিন্স মিথ্যা কথা বলেন। তিনি বলেন, তিনি ও তাঁর বন্ধু মিলে শিশু দুটিকে নিয়ে কাছাকাছি একটি লেকে গিয়েছিলেন। ওই লেকে শিশু দুটি পড়ে যায়।’ ঘটনার সময় হকিন্সের স্বামী সেখানে ছিলেন না।