মা-বাবা ও ছেলের একই জন্মদিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্বামী-স্ত্রীর জন্মতারিখ মিলে যাওয়াই বিরল। প্রতি ১২ হাজার জনের ১ জনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে। আর এমন একটি পরিবারে সন্তানও যদি একই তারিখে জন্মায়? পরিসংখ্যানবিদদের মতে, মা-বাবা আর সন্তানের জন্মতারিখ একই হওয়ার ঘটনা প্রতি ১ লাখ ৩৩ হাজারে ১ বার ঘটে।

লিউক ও হিলারি গার্ডনার দম্পতি ও তাঁদের ছেলে এই বিরলতম ঘটনার জন্য সংবাদের শিরোনাম হয়েছেন। এই দম্পতি থাকেন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় ব্যাল্ডউইন এলাকায়। এখানকারই একটি ব্যাপ্টিস্ট গির্জার সহকারী যাজক ২৭ বছর বয়সী লিউক গার্ডনার।

লিউক বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে স্ত্রী হিলারির সঙ্গে তাঁর পরিচয়। একদিন জানতে পারেন, তাঁদের জন্মতারিখ একই, ১৮ ডিসেম্বর। সম্পর্কটা ধীরে ধীরে প্রেম থেকে পরিণয়ে রূপান্তরিত হয়। হিলারির গর্ভে সন্তান আসে। ধাত্রী জানান, সন্তানের জন্ম হবে ২০১৬ সালের ১৯ ডিসেম্বর।

লিউকের ভাষ্যমতে, তাঁরা চাইলেন ধাত্রীর দেওয়া তারিখের আগে সন্তান পৃথিবীর আলো দেখুক। ১৮ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ১০টা ১ মিনিটে জন্ম নেয় ছেলে সিড। লিউক বলেন, ঠিক ২৭ বছর আগে এই তারিখেই তিনি ও তাঁর স্ত্রী জন্মেছিলেন। হিলারির জন্ম হয় সকাল ৮টা ১০ মিনিটে, তিনি জন্মান বেলা ২টা ১০ মিনিটে।

লুইজিয়ানার নিউ অরলিনস বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান টুমালেশ সোলানকি বলেন, একই দিনে জন্ম হয়েছে এমন দুই ব্যক্তির সাক্ষাতের সম্ভাবনা প্রতি ৩৬৫ জনে ১ জন। আর একই জন্মতারিখের দম্পতির ক্ষেত্রে সন্তানের জন্মও ওই একই তারিখে হওয়ার সম্ভাবনা ১০ লাখে সাড়ে ৭ জন, অর্থাৎ ১ লাখ ৩৩ হাজারে ১ জন।