মা-মেয়ের বিপরীত ভালোবাসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তোলপাড় তুলেছিলেন পর্ন অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলস। তবে তাঁর মা শিলা গ্রেগোরি ট্রাম্পের পক্ষে। প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচন করলে ডোনাল্ড ট্রাম্পকে তিনি আবার ভোট দেবেন বলেছেন। ট্রাম্প চারবার নির্বাচন করলেও ভোট দিতে রাজি শিলা গ্রেগরি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দুই দফার পর কারও নির্বাচন করার সুযোগ নেই। তারপরও ট্রাম্পের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে গিয়ে চারবার ভোট দেওয়ার কথা বলেছেন শিলা গ্রেগোরি। ডালাস মর্নিং নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার স্টর্মির মা শিলা ট্রাম্পের প্রতি তাঁর এই ভালোবাসার কথা জানান।

মা ও মেয়ের বিপরীতমুখী ভালোবাসার ঘটনা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রোজ শহরের প্রান্তিক এলাকায় বাস করেন শিলা গ্রেগোরি। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে পছন্দ করি। তিনি যেভাবে সবকিছু সামাল দিচ্ছেন, তা আমি পছন্দ করি।’

৬৪ বছর বয়সী শিলা গ্রেগোরি বলেন, দেশকে এখন যথাস্থানে নিয়ে যাওয়ার সময়। যুক্তরাষ্ট্রের বাইরে নয়, যাঁরা যুক্তরাষ্ট্রে আছেন তাঁদের দেখভাল করার সময় এখন।

প্রায় ১২ বছর থেকে মেয়ে স্টর্মির সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন শিলার। জানালেন, কয়েক সপ্তাহ পরপরই তিনি মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক নিয়ে অবশ্য কখনো কথা হয়নি।

মেয়ের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে তোলপাড় হওয়ার ঘটনায় আহত বোধ করেন শিলা গ্রেগোরি। এ ধরনের আলোচনায় তাঁর প্রিয় প্রেসিডেন্ট বিব্রত হচ্ছেন। এ নিয়ে দুশ্চিন্তাও হয় তাঁর।

পর্ন অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসের প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড। ডালাস মর্নিং নিউজকে দেওয়া মায়ের বক্তব্য নিয়ে তিনি মন্তব্য করতে অস্বীকার করেছেন। অবশ্য স্টর্মির আইনজীবী বলেছেন, গত ১২ বছর মা বারবার মেয়ের খোঁজ করেছেন বলে গণমাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে, তা ভুয়া।

শিলা গ্রেগোরি ডালাস মর্নিং নিউজকে বলেছেন, তাঁর মেয়ে ছোটবেলা ঘোড়ার পিঠে চড়ে বেড়ানোয় আনন্দ পেত। বড় হয়ে গাড়ি কেনার পরই মেয়েটি বাইরের দুনিয়ায় বেশি জড়িয়ে পড়তে শুরু করে।

স্টর্মি ড্যানিয়েলসের মা ও বাবার মধ্যে অনেক আগেই বিচ্ছেদ হয়ে গেছে। বাবা বিল গ্রেগোরি মার্কিন সংবাদমাধ্যমের কাছে আগেই বলেছেন, মেয়ের বেড়ে ওঠায় তাঁর তেমন ভূমিকা নেই। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক নিয়ে যা হচ্ছে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। ক্ষমতাবান লোকদের সঙ্গে মেয়ের সংঘাত বেঁধে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিল গ্রেগোরি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিল বলেই চলেছেন স্টর্মি ডানিয়েলস। এ নিয়ে মুখ বন্ধ রাখার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীর মাধ্যমে অর্থও পেয়েছেন তিনি। এ নিয়ে মামলাও করেছেন। বলছেন, এসব নিয়ে নাড়াচাড়া করায় সাম্প্রতিক সময়ে তাঁর পেশাগত চাহিদাও বেড়ে গেছে।

অবশ্য ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেসউইম্যান ম্যাক্সিন ওয়াটার্স বলেন, রাশিয়া তদন্তে রবার্ট মুলার ধরতে না পারলেও স্টর্মি ডানিয়েলসের কাছে ঠিকই ধরা খাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ম্যাক্সিন ওয়াটার্স ৬০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের একজন, যাঁরা প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করার উদ্যোগ নেওয়ার জন্য ভোট দিয়েছিলেন।

মুখ বন্ধ রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীর মাধ্যমে প্রাপ্ত অর্থ ফেরত দেওয়ার কথা বলেছেন স্টর্মি ড্যানিয়েলস। যদিও শুরু থেকেই হোয়াইট হাউস থেকে এই সম্পর্কের কথা অস্বীকার করা হচ্ছে।