মা হলেন চেলসি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দম্পতির মেয়ে চেলসি ক্লিনটন কন্যাশিশুর মা হয়েছেন।
আজ শনিবার চেলসির পোস্ট করা টুইটার বার্তার বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৩৪ বছর বয়সী চেলসি টুইটারে লিখেছেন, ‘ম্যাক ও আমি ভালোবাসা, প্রশস্তি ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ। কারণ আমরা আমাদের মেয়ে শার্লট ক্লিনটনের জন্ম উদযাপন করছি।’
২০১০ সালে মার্ক মেজভিনস্কিকে বিয়ে করেন চেলসি। চলতি বছরের এপ্রিলে সন্তানসম্ভবা হওয়ার ঘোষণা দেন তিনি।
স্ট্যানফোর্ড, কলম্বিয়া ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন চেলসি। এখন তিনি বাবা-মায়ের সঙ্গে ক্লিনটন ফাউন্ডেশন চালাচ্ছেন। তাঁর স্বামী মার্ক একজন ব্যাংকার।
বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৯৩ সালের জানুয়ারি থেকে ২০০১ সালের জানুয়ারি পর্যন্ত দুই দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি।
ওবামা প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এমন সময় নানি হলেন তিনি।