মাই সিক্রেট সুপারস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসা ভর্তি মানুষ।
দুজন ফুপাতো ভাই এসেছে নেত্রকোনা থেকে। একজনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, অন্যজন সঙ্গে এসেছে। একা একা থাকবে, তাই অন্যজনের আগমন। তাদের আমাদের ঘর ছেড়ে দেওয়া হয়েছে। সে ঘরে আমি আর আমার ছোট ভাই পলাশ থাকি। আমাদের খাটের একটা পা ভেঙে গেছে সেই কবে। নতুন খাট কেনা হয়নি। কবে হবে কে জানে! তবে আমাদের উদ্ভাবনী শক্তির প্রশংসা করতেই হয়। দুটো ইট বসিয়ে দিয়েছি নিচে। একদিকে একটু হেলে থাকলেও শুতে অসুবিধা হয় না।
আমাদের সত্যিকার অর্থে বসার ঘর নেই। বাসাতে সব সময় লোকজনের আসা-যাওয়া লেগেই থাকে। তাই বসার ঘরেই আরেকটি বিছানা পাতা হয়েছে। আর তার পাশে বেতের একটা সোফা সেট। আজ সে বিছানায় শুয়ে আছেন আমাদের মেজ মামা। মামা লক্ষ্মীপুর থেকে সম্প্রতি বদলি হয়ে ময়মনসিংহে যাচ্ছেন। মাঝে আমাদের বাসায় যাত্রাবিরতি। দুদিন থাকবেন, তারপর সোজা ময়মনসিংহ। মামার সঙ্গে শুয়ে আছেন নয়ন ভাই নামে একজন। যাকে ভালোভাবে আমি চিনিও না। নয়ন ভাইয়ের গল্পটা একটু বলি।
প্রায় পঁয়ত্রিশ বছর আগে নয়ন ভাইয়ের বাবার সঙ্গে আমার সবচেয়ে বড় ফুপুর বিয়ে হয়েছিল। এক বছর সংসার করার পর তিনি কলেরায় মারা যান। নয়ন ভাইয়ের বাবা প্রায় পাঁচ বছর একা ছিলেন। ওনার দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে হলেন নয়ন ভাই। আমাদের সঙ্গে সরাসরি আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। ইনি একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন। নারায়ণগঞ্জে পেস্টিং। আজ আমাদের এখানে এসেছেন, কারণ তাঁর ছোট বোন এসেছে এখানে। বোনটির নাম নীলা। নীলা আপা ইডেন কলেজে অনার্স পড়েন। কাল হোস্টেলে উঠবেন। সরাসরি হোস্টেলে না উঠে রাতটা এখানেই থেকে যাবেন। নীলা আপা শুয়েছেন আমার বোন মনির সঙ্গে। আসলে আমাদের বাসার বোনাস হলো, খাবার ঘরের লাগোয়া একটা ফাঁকা জায়গা। ওখানেই একটা চৌকি পাতা হয়েছে। আমার বোন ওখানটাতেই থাকে। ওর নিজের কোনো ব্যক্তিগত ঘর নেই।
৮৬-৮৭ সালে আমাদের বাসার প্রায় প্রতিদিনের চিত্রই এমন ছিল। এরশাদ সাহেবের বদৌলতে ‘এরশাদ ভ্যাকেশন’ নামে একটি নতুন প্রবাদ চালু হয়। সে কারণেও দু-একজন কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া আত্মীয় প্রায়ই বাসায় এসে উপস্থিত হয়। এ ছাড়া সারাক্ষণই বাসায় মানুষ জনের আনাগোনা থাকত। বস্তায় বস্তায় গ্রাম থেকে জমির চাল আসত। ভাগ্যিস আসত, না হলে কি দুর্গতিই না হতো। সে চালও জলদি ফুরিয়ে যায়। মাসের পনেরো তারিখের পর থেকেই আম্মাকে বিপদে পড়তে হয়। আব্বার দেওয়া টাকা ফুরিয়ে যায়। টিপে টিপে তাই খরচ করতে হয়। যাই হোক, সে রাতের গল্পে ফিরে আসি।
আমি আর আমার ছোট ভাই পলাশ বসার ঘরের মেঝেতে বিছানা পেতেছি। সব বিছানায় মশারি টাঙানোর পর আর কোনো মশারি নেই। আমরা তাই পা ও মাথার দুই দিকেই কয়েল জ্বালিয়ে দিলাম। টেবিল ল্যাম্পটা খুলে এনে শিয়রের কাছে জ্বালালাম। সে আলোয় কেমন ধোঁয়াটে মায়াবী একটা প্রহেলিকার জন্ম দেয়। কেবল উৎকট গন্ধটাই বিরক্তিকর। নিশ্বাস নিতে কষ্ট হয়। সামনেই আমার এসএসসি পরীক্ষা। ঘুমানোর আগে একটু চোখ বুলিয়ে নিতে চাই। আমি শুনি পাশের ঘরে ফুপাতো ভাই যুগল নিচু গলায় কথা বলছে আর খুকখুক করে হাসছে। মাঝের ভেজানো দরজা গলে ওদের ফুকা সিগারেটের ঘ্রাণ নাকে এসে লাগে। আমি রসিকতা করে পলাশকে বলি, আজকের এই মহাসমারোহের মূল আকর্ষণ কিন্তু এখনো বাকি আছে।
পলাশ জানতে চায়, সেটা কি ভাইয়া? সে উপুড় হয়ে কোনো একটা কিশোর ক্ল্যাসিক পড়ছে। ইদানীং ওর মনোযোগ সেবা প্রকাশনীর এসব বইয়ে আটকে আছে। সে বেশ দ্রুত পড়ে। প্রতিদিনই একটা করে নতুন বই শেষ করে দেয়। আমি যতক্ষণ জেগে থাকি সে-ও জেগে বই পড়ে। আব্বার মতে আউট-বুক। এমন আউট-বুকে আমাদের বাসা ভরা।
বলি, ষোলো কলা পূর্ণ হয় যদি খসরু চাচা হঠাৎ এসে উপস্থিত হয়। আমাদের বেতের সোফাটি কিন্তু এখনো খালি আছে।
পলাশ হাসে, হি হি হি।
খসরু চাচা আব্বার চাচাতো ভাই। তার চরিত্র কিছুটা হিমু চরিত্রের মতোই। তখনো ময়ূরাক্ষী বইটি বের হয়নি। কে জানে, চাচাকে হুমায়ূন আহমেদ কখনো দেখেছেন কিনা। হয়তো তাকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন তিনি—কে জানে! খসরু চাচা কয়েকদিন পর পর চাকরি ছেড়ে দেন। তার কোথাও মন বসে না। তখন তিনি মেসে শুয়ে-বসে থাকেন কিছুদিন। ছবি আঁকেন আর গান গান। লোকজনের চেহারার পোর্ট্রেট করে কিছু পয়সা পান। কিন্তু তা খুবই সামান্য। মেসের ভাড়া বাকি পড়তে থাকে। কোনো একদিন হয়তো তাঁকে মেস থেকে অন্য বর্ডাররা উঠিয়েই দেয়। কোথায় যাবেন তিনি? ঘুরে-ফিরে চলে আসেন আমাদের বাসায়। মুফতে এমন জায়গা ঢাকায় আর কোথায় আছে? দুদিন আগে শুনেছি, তিনি নাকি আবার চাকরি ছেড়ে দিয়েছেন।
রাত প্রায় বারোটা। আমার কথা সন্ত-ঋষির মতোই ফলে গেল। দরজায় টোকা। পলাশ লাফ দিয়ে উঠে দরজা খুলে দিল। তারপর ঠায় দাঁড়িয়ে হিচকি দিয়ে হাসতে লাগলে। দরজার কপাটের আড়ালে কে আছে, দেখা যাচ্ছিল না। আমি জানতে চাই, কে?
পলাশ উত্তর দেয় না। হেসেই চলছে। ওকে ঠেলে ঢুকে খসরু চাচা ঘরে ঢুকে বললেন, হোয়াই লাফিং লাইক অ্যা পাগল?
তাকে দেখে এবার আমিও হাসতে লাগলাম। চাচা বলে, অল গন ম্যাড।
তারপর তাঁবুর মতো টাঙানো মশারির বহর দেখে টের পায়, বাসা হাউসফুল। আমি বলতে শুনি, নট এ প্রবলেম অ্যাট অল। আমি এই সোফায় শুয়ে যাব। ডিনার করেই এসেছি, ফিশ কাটলেট উইথ চাপাতি। সো, নো ডাকাডাকি। ভাবিকে ডাকার দরকার নাই।
খসরু চাচা কতটুকু সত্য বলেছিলেন সে রাতে আমার জানা নেই। মিথ্যে বললেও কিছু করার ছিল না। সারা দিনের খাটুনির পর একটু আগেই আম্মা শুতে গেছেন। কাল সকালেই আবার হাসপাতালে যেতে হবে তাঁকে। আমার এক নানা, (আম্মার মামা) কদিন হলো হাসপাতালে ভর্তি। দুদিন আগে পায়ের অপারেশন হয়েছে। হাসপাতালের খাওয়া খেতে পারেন না। তাই তাঁর জন্য নরম ভাত, পেঁপে দিয়ে শিং মাছের ঝোল রান্না করে নিতে হবে। মাঝে রাতের এই কয়েকটি ঘণ্টা বিশ্রাম দরকার। তাঁকে ডাকি কী করে?
পাশের বাতি নিভিয়ে ঘুমানোর চেষ্টা করি। কিন্তু ঘুম আসে না। মনের আনাচে-কানাচে ঘোরাফেরা প্রশ্নের কূল-কিনারা করার চেষ্টা করি। আমাদের বাসায় অনবরত মানুষজনের আসার কারণ কি? এমন না যে প্রতিদিন পোলাও কোরমা খাই আমরা। কিংবা থাকার সুব্যবস্থা রয়েছে। ছোট বাসায় নিজেরাই গাদাগাদি করে থাকি। আব্বার বেতনে মাসের অর্ধেকও চলে না আমাদের। প্রুফ রিডিং, এডিটিং করেও কুলানো যাচ্ছে না। এই কদিন আগ পর্যন্তও আব্বা টিউশনি করেছেন। এখন ওতে ক্ষান্ত দিয়েছেন। অত বড় পদে কাজ করেও এই বয়সে ছাত্র পড়াতে হয়! কেউ শুনলে অবাক হয়। অথচ তাঁরই সহকর্মীরাই তো দিব্যি আছেন। তাদের মাঝে কোনো টানাপোড়েন চোখে পড়ে না। যখনই কারও বাসায় বেড়াতে যাই দেখি, ফিটফাট সোফা, টান টান বিছানা, ফ্রিজ থেকে বের হয় সুশীতল পানি, চোখের সামনে ভেসে ওঠে রঙিন টেলিভিশনের ঐন্দ্রজালিক ছবি। আমাদের বেলাতেই কেন তিন পায়ের খাট, অজস্র ফুটোর মশারি, কুঁচকানো বিছানা, মশার কয়েলের ধোঁয়াটে স্বপ্নপুরী? ভেবে ভেবে আমি একটা হেতু খুঁজে বের করি। এ সবই হচ্ছে বাসায় বানের জলের মতো লোকজনের আসা-যাওয়া। কারও চিকিৎসা দরকার, তো প্রথমেই আমাদের বাসার কড়া নড়ে। কেউ ভর্তি পরীক্ষা কিংবা চাকরির ইন্টারভিউ দেবে। আমাদের বাসাতেই এসে ওঠে। এমনকি বিয়ের কনে দেখানোর জন্যও অনেক আত্মীয় আমাদের এই নিষ্প্রভ গৃহকেই বেছে নেয়। আমার বদ্ধমূল ধারণা, এ কারণেই সব সময় অনটন লেগে থাকে বাসায়। একদিন আম্মাকে বলেও ফেললাম, গ্রাম থেকে আত্মীয়-স্বজনের আসার কমতি নেই। আমার পড়ালেখার মেলা ক্ষতি হচ্ছে আম্মা। পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আমাকে আবার দোষ দিও না।
আম্মা বললেন, কি করবে ওরা? যাবে কোথায়? ঢাকায় তো ওদের জানাশোনা বলতে আমরাই। বেশির ভাগেরই টাকা পয়সা নাই যে হোটেলে গিয়ে উঠবে। আসে আসুক। কি আর করি, আমরা ওদের জন্য। দু-চারটি ভাত-ডাল-মরিচ চটকে খেয়ে নেয়। কখনো অভিযোগ শুনেছ, কেউ বলেছে মামা বা ফুপার বাসায় গেলাম, কিছুই খেতে দেয়নি। একটু ভালো ব্যবহার করলেই হয়। বেশি কিছু করতে হয় না।
এটা ঠিক। এমন অভিযোগ শুনিনি কোনো দিন। কিন্তু আমি হেরে গেলে তো চলবে না। গলার রাগ ফুলিয়ে বলি, তোমার প্রয়োজনের সময়ে এরা কেউই পাশে থাকবে না আম্মা, দেখো।
কুলায় চাল ঝাড়তে ঝাড়তে আম্মা হেসে বলেছিলেন, দূর বোকা, ফেরত পাওয়ার আশায় কি কেউ কখনো কারও উপকার করে নাকি। উপকারের কোনো বিনিময় হয় না রে পাগল।
আম্মার কথার কিছুই আমি বুঝিনি সেদিন। তবে আজও সেই কথাগুলো আমার কানে স্পষ্ট বাজে, ‘উপকারের কোনো বিনিময় হয় না’।
অনেক প্রশ্নের উত্তর আমি ঠিকই পেয়ে যাই। তবে তার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় ৩০ বছর।

২.
আমাদের গ্রামের বাড়িতে পরপর চারটা ঘর।
আমার দাদারা ছিলেন চার ভাই। তাঁদেরই চারটি ঘর। প্রতিটি ঘরের সামনে বিশাল উঠোন। ভাইদের মাঝে সদ্ভাব ছিল বলেই কিনা কে জানে, মাঝে কোনো বেড়া বা প্রতিবন্ধকতা ছিল না। ফলে পুরো বাড়ির উঠোনটিকে একটি বিশাল উদ্যানই বলা যায়। ছোট বেলায় আমরা এই উঠোনেই ফুটবল খেলতাম। কখনো কখনো ক্রিকেট। আবার মৌসুমে ধান মাড়াই এবং শুকানোর জন্য ফেলা হতো। আমাদেরটাই হয়তো গ্রামের অন্যান্য বাড়ির উঠোনের মাঝে সবচেয়ে বড় ছিল। সে উঠোনেই আজ লোক গিজগিজ করছে। কাতারে জায়গা হচ্ছে না বলে কিছু মানুষ বৈঠকখানার বাইরের খালি জায়গায় দাঁড়িয়েছেন। আজ আম্মার জানাজা। কোথা থেকে যে এত মানুষ এল, দেখে অবাক হতে হয়। মনে হয় যেন কোনো চলচ্চিত্র ব্যক্তিত্বের সমাধি-পূর্ব সমাবেশ। এঁদের বেশির ভাগই আমার অপরিচিতি। আবার কেউ কেউ পরিচিত। অনেকের সঙ্গেই প্রায় ২৫-৩০ বছর পর দেখা। কত বদলে গেছে সবার চেহারা! মেয়েরা জানাজায় শামিল হতে পারেনি। তারা সমবেত হয়েছে বাড়ির ভেতরে। আমার বোনটি ওখানেই আছে।
আমাদের বাড়ির পেছনেই পারিবারিক গোরস্থান। তার পাশেই একটি আদি পুকুর কেমন নিথর হয়ে আছে। সবাই আম্মাকে নিয়ে সেদিকেই ছুটছে। নিজের মায়ের শেষ যাত্রা বলেই হয়তো খাটিয়ার দুটো হাতল আমাদের দুই ভাইয়ের কাঁধে। আমাদের পেছনে হাজার মানুষের ঢল। প্রায় কুড়ি বছর আমরা তিন ভাইবোন একসঙ্গে হয়নি। তিনজন পৃথিবীর তিন দিকে ছড়িয়ে-ছিটিয়ে আছি। আমাদের এই এক হওয়ার কাজটিও আম্মা নিভৃতে করে গেলেন। তবে নিজে উপস্থিত থাকলেন না।
বড় ছেলে হওয়ার সুবাদে কবরের প্রথম মাটি আমাকেই দিতে হয়। আমি নিবিষ্ট চোখে দেখি ধীরে ধীরে তাঁর শরীর ঢেকে যাচ্ছে মাটিতে। শহীদ ভাই আমার কানে মৃদু স্বরে বললেন, চলে যাওয়ার কথা কিন্তু আমারই ছিল। গত বছর কোমায় ছিলাম প্রায় ১০ দিন। আমার তো কোনো হুঁশ ছিল না। পরে শুনেছি, মামি কি করেছিলেন আমার জন্য। অথচ কী আশ্চর্য, আজ উনিই চলে গেলেন। শুধু আমি নই, এই যে এত লোক দেখছ, এদের কেউ কেউ হয়তো অনেক বড় কর্মকর্তা, সফল ব্যবসায়ী কিংবা হয়তো আমার মতোই খুব সাধারণ মানুষ। প্রায় সবাই কোনো না কোনোভাবে তাঁর উপকার পেয়েছে। মানুষকে সাহায্য করতে হলে খুব বেশি অর্থবান হতে হয় না, নিয়তটাই আসলে সব। তোমার আম্মা সেটাই প্রমাণ করে গেলেন। তিনি ছিলেন আমাদের সবার আদর্শ, একজন রিয়েল সুপারস্টার। তবে সিক্রেট সুপারস্টার। তাঁর জন্য গভীর শ্রদ্ধা এবং অনেক দোয়া করি।
আমি সামনের দিকে তাকিয়ে আছি।
শেষ দোয়া পড়া হচ্ছে। আকাশ কখন যে কালো হয়ে এসেছে খেয়াল করিনি। হঠাৎ বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমে আসে। কারও মাঝে হুড়োহুড়ি লক্ষ্য করলাম না। বৃষ্টির ফোঁটায় আমরা সবাই ভিজতে থাকি। ওপরের দিকে তাকিয়ে বোকার মতো বৃষ্টির ফোঁটা গুনতে চেষ্টা করি। সে কি সম্ভব? অঝোর সে ধারা আমার চোখের জলের সঙ্গে কখন যে মিলেমিশে একাকার হয়ে যায়। আম্মার কবরটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে।
অরেঞ্জবার্গ, সাউথ ক্যারোলাইনা