মাইক মোরেলকে সিআইএ প্রধান না করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক মোরেল
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান পদে মাইক মোরেলকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করেছেন ডেমোক্র্যাটরা। যুক্তরাষ্ট্রের সিনেট ইনটেলিজেন্স কমিটির এক গুরুত্বপূর্ণ ডেমোক্র্যাট সদস্য এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সময় মাইক মোরেল সিআইএর উপপরিচালক ছিলেন। এ ছাড়া সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দুবার দায়িত্ব পালন করেছেন তিনি। আগামী বাইডেন প্রশাসনে সিআইএর পরিচালক হিসেবে তাঁর মনোনয়ন পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে দুটি সূত্র জানিয়েছে।

নির্যাতনের পক্ষে সাফাই গাওয়া কেউ সিআইএর পরিচালক হতে পারেন না
মাইক মোরেল সম্পর্কে, সিনেট ইনটেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য রন ওয়াইডেন

কিন্তু সিআইএর ভবিষ্যৎ প্রধান হিসেবে মাইক মোরেলের সম্ভাব্য মনোনয়ন নিয়ে বাইডেনের নিজ দলেই সমালোচনা রয়েছে। তাঁর ব্যাপারে এরই মধ্যে সতর্ক করে দিয়েছেন মার্কিন সিনেটের ইনটেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য ও ওরেগনের সিনেটর রন ওয়াইডেন। তাঁর এই আপত্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এই পদে মনোনয়নের ক্ষেত্রে একটি ভোট তাঁর আওতায় রয়েছে।

মাইক মোরেলের সম্ভাব্য মনোনয়ন নিয়ে আপত্তি জানিয়ে রন ওয়াইডেন সিএনএনকে বলেন, ‘নির্যাতনের পক্ষে সাফাই গাওয়া কেউ সিআইএর পরিচালক হতে পারেন না।’

জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের নির্যাতন করে জিজ্ঞাসাবাদের পক্ষে দাঁড়িয়েছিলেন মাইক মোরেল। তাঁর দৃষ্টিতে এ ধরনের জিজ্ঞাসাবাদ ‘কার্যকর ও নৈতিক’।

সিআইএ প্রধান পদে মাইক মোরেলের মনোনয়ন নিয়ে ওয়াইডেনের এই আপত্তির খবর প্রথম প্রচার করেছিল দ্য ডেইলি বিস্ট। তাঁর আপত্তির ফলে এই পদে মোরেলের মনোনয়ন পাওয়াটা এখন কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। এর আগ পর্যন্ত তাঁকেই পরবর্তী সিআইএ প্রধান পদের সবচেয়ে বড় দাবিদার মনে করা হচ্ছিল। এখন তাঁর এই সম্ভাবনা কিছুটা কমে গেল। ফলে এই পদে কে আসছেন, সে বিষয়ে নিশ্চিতভাবে বলার তেমন কোনো সুযোগ নেই।

অবশ্য নানা কানাঘুষা চললেও এখনো বাইডেন সিআইএ পরিচালক পদে কে আসছেন, সে বিষয়ে কিছু বলেননি। অন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে কারা আসছেন, সে বিষয়ে ধারণা পাওয়া গেলেও এখনো বিষয়টি অন্ধকারেই রয়েছে।