করোনাভাইরাস আতঙ্কে সবাই যখন ঘরবন্দী, তখনো সব হাসপাতালে চিকিৎসকেরা নির্দ্বিধায় দিয়ে যাচ্ছেন মানবসেবা। মৃত্যুর ভয় তাদের কাবু করছে না। তবে এরই মধ্যে বিভিন্ন হাসপাতালের কর্মীরাও করোনাভাইরাসের শিকার হচ্ছেন। এমনই একজন মাউন্ট সিনাই হাসপাতালের সহকারী নার্সিং ম্যানেজার কিয়াস কেলি, এই মহামারির শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে শোকাহত তার পরিবার ও হাসপাতালের সহকর্মীরা।
ম্যানহাটনের হাসপাতালে নিরাপত্তা সরঞ্জামের সংকট এতটাই প্রকট, মরিয়া নার্সরা ট্র্যাশ ব্যাগ পরতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ প্রিয় সহকর্মীর করোনভাইরাসে মৃত্যুর জন্য এই পরিস্থিতিকে দায়ী করছেন।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, মাউন্ট সিনাই ওয়েস্টের তিনজন নার্স একটি হলওয়েতে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন, যাতে দেখা গেছে তারা যখন প্রতিরক্ষামূলক পোশাক বলতে আকারে বড় এবং কালো প্লাস্টিকের ট্র্যাশ ব্যাগ পরে আছেন। তাদের মধ্যে একজনের হাতে ট্র্যাশ ব্যাগের একটি প্যাকেটও আছে। ছবিটির ক্যাপশনে লেখা আছে ‘NO MORE GOWNS IN THE WHOLE HOSPITAL’!
ক্যাপশনে আরও লেখা হয়েছে, ‘পুরো হাসপাতালে আর বেশি কিছু যায় না।’ ক্যাপশনে ব্যক্তিগত কিছু সুরক্ষামূলক সরঞ্জাম উল্লেখ করে হ্যাশ ট্যাগ করা হয়।
সম্প্রতি কলম্বাস সার্কেলের কাছে হাসপাতালের কর্মীরা বেসিক সরবরাহের অভাবকে সহকারী নার্সিং ম্যানেজার কিয়াস কেলির মৃত্যুর সঙ্গে সংযোগ করেন, যাঁর প্রায় দুই সপ্তাহ আগে করোনভাইরাস পরীক্ষা পজিটিভ হয়েছিল। ৪৮ বছর বয়সী কেলিকে গত ১৭ মার্চ পাশের আপার ইষ্ট সাইট মাউন্ট সিনাইয়ের ফ্ল্যাগশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং এরপর গত ৩১ মার্চ তাঁর মৃত্যু হয়।
কিয়াসের সহকারী নার্স বলেন, ‘কিয়াইস এই ঘটনার প্রাপ্য নয়। এর জন্য হাসপাতাল দায়বদ্ধ। হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবহারিক জিনিস দেওয়া হচ্ছে না নার্সদের। হাসপাতাল তাকে হত্যা করেছে।’
আরেকজন সহকারী নার্স বলেন, ‘প্রায় এক বছর ধরে সরবরাহের এই সমস্যাগুলো চলছে। প্রায় সময় দেখা গেছে, আমাদের নিজস্ব সরবরাহ লুকিয়ে রাখতে হয়েছে এবং অন্যান্য ইউনিটগুলোতে স্টাফ সন্ধান করতে হয়েছিল। কারণ সরবরাহ কক্ষে বেশির ভাগ সময় কিছুই থাকত না। কিন্তু যখন আমরা কোভিড-১৯ রোগী পেতে শুরু করি, তখন এই সমস্যাগুলো আরও গুরুতর হয়ে ওঠে।’
মাউন্ট সিনাই হাসপাতালের নার্স সূত্র জানায়, তারা সংক্রমিত ও অসংক্রমিত নার্সদের একই পিপিই ব্যবহার করতে দিয়েছিল এবং হাসপাতালে কোনো অতিরিক্ত গাউন না থাকায় সংক্রমণের বিস্তার ঠেকাতে তারা ট্র্যাশ ব্যাগ পরতে বাধ্য হয়েছিল।
একজন নার্স বলেন, ‘আমাদের মুখোশ, গাউন ও মুখ শিল্ড পুনরায় ব্যবহার করতে হচ্ছে। আমাদের বলা হয়েছিল, এই সমস্যা শেষ না হওয়া পর্যন্ত আপনি কাজের পুরো সময়ের জন্য একটি ব্যবহার করবেন।’ নার্স আরও বলেন, ‘মাস্ক, ওয়াইপস ও পিউরেল হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন আইটেমগুলো হঠাৎ রাতে অদৃশ্য হয়ে যেতে শুরু করে।’
হাসপাতালের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নাকচ করে বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত সরঞ্জাম নেই এবং আমরা কর্মীদের সুরক্ষা দিচ্ছি না, এই তথ্যটি ভুল।’
আরেক নার্স কেলিকে তাঁর ভাই বলে বর্ণনা করে বলেন, ‘কেলি প্রয়োজনে অন্যদের সাহায্য সেবা করতে ইচ্ছুক ছিল, বিশেষত এই করোনভাইরাস প্রাদুর্ভাবে।’
কেলির ছোট বোন ইন্ডিয়ানাপলিসের মেরিয়া শেরন দ্য পোস্টকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কেলি প্রায় ১০ দিন আগে তাকে তার অসুস্থতার কথা জানিয়েছিল।
কেলির মৃত্যুর বিষয়ে এক বিবৃতিতে মাউন্ট সিনাই হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘আমাদের নার্সিং স্টাফের প্রিয় সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত ও শোকাহত।’
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ‘এই ক্রমবর্ধমান সংকট ইতিমধ্যে কয়েক শ পরিবারকে ধ্বংস করে দিয়েছে এবং আমাদের প্রথম সারির পেশাদারদের সত্যিকারের আমেরিকান নায়কে পরিণত করেছে। আজ, আমরা আরও একজন নায়ককে হারিয়েছি, কিয়াস কেলি। তিনি ছিলেন একজন সহানুভূতিশীল সহকর্মী, বন্ধু ও নিঃস্বার্থ যত্নশীলকর্মী।’
তবে কিয়াস কেলির ছোট বোন শেরন বলেন, ‘আমার ভাই আইসিইউতে ছিল, তবে সে ভেবেছিল, সে ঠিক আছে। তার কেস যে এতটা খারাপ সেটা, সে বুঝতে পারেনি।’
তবে শেরন বিশ্বাস করেন, কেলি হাসপাতালেই আক্রান্ত হয়েছে এবং হাসপাতালে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না থাকায় তার ভাইকে মরতে হয়েছে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমাদের নার্স ও চিকিৎসা কর্মীদের সুরক্ষা প্রয়োজন। আমাদের নিরাপত্তার জন্য কেউ লড়াই করছে না।’