মাকে মনে পড়ে
কুচবিহারের হেমকুমারীতে ১৯৩৪ সালে এক শীতে আমার মায়ের জন্ম। ব্যবসায়ী বাবার প্রথম সন্তান। রাবেয়া খাতুন। সবার খুব আদরের। আমার মায়ের কাছেই ডুয়ার্সের চা বাগানের গল্প শুনেছি। আংড়াভাসা নদী আর ‘নয়া নয়া বথুয়া/নুন তেল পায় ‘...শুনে শুনে বড় হয়েছি। পরে সমরেশ মজুমদারের বর্ণনায় সে ছবি মিলিয়ে নিয়েছি। স্কুলে ভর্তি করার জন্য পরে হলদিবাড়িতে নানা বাড়ি কিনেছিলেন। আমার মায়ের সঙ্গে হলদিবাড়ি একবার বেড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু আর যাওয়া হয়ে উঠল না।
আমার মায়েরা চার বোন দুই ভাই। মায়ের পরে এক ভাই। তারপর এক বোনের পরে আরও এক ভাই। সবার শেষে আরও দুই বোন। শৈশব কৈশোর খেলাধুলা, স্কুলে যাওয়া, আনন্দ, হাসি, গান, গল্পে কেটে যাচ্ছিল দিন। হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই। মিলেমিশে বেশ আত্মীয়-পরিজনের মতো দিন কাটছিল। মায়ের বড় চাচাকে ডাকেন বড় বাজান। তাঁর তিন ছেলে। বড় চাচিকে ডাকতেন বড় মা বলে। একান্নবর্তী পরিবারে সব ভাই–বোন। আর অন্য চাচাকে চাচাজি থেকে চাজি। আমার মায়ের বড় একজন ভাই (চাচাতো) ছিলেন। তাঁকে আম্মা ভাইজি বলে ডাকতেন। বড় নানি অসুস্থ ছিলেন বলে আমার নানির কাছে ছিলেন ওই ভাই। আমার নানি ছিলেন তাঁর দুধ মা। বাকি সব ভাই–বোনেরা আম্মার চেয়ে ছোট ছোট।
১৯৪৭ সালের দাঙ্গা শুরু হয়ে গেল। বড় বড় শহরগুলো থেকে হেমকুমারী, জলপাইগুড়ি, ময়নাগুড়ি হলদিবাড়িতেও দাঙ্গার আঁচ লাগতে শুরু করল। সেই সময় আমার নানা চিলাহাটি আর নীলফামারীতে জমিসহ বাড়ি কিনেছিলেন। নানা তিনটা বাড়ি কিনলেন। এগুলো ভারতের বাড়ির সঙ্গে বিনিময় করে একদিন সুযোগমতো হলদিবাড়ির নিবাস ছেড়ে চলে এলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের নীলফামারী মহকুমায়।
শেকড় উপড়ে নতুন করে নতুন দেশে এসে ব্যবসা শুরু করলেন। ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করা হলো। আমার মা নীলফামারী সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তি হলেন। মা আর খালারা রিকশায় স্কুলে যেতেন। সে সময় রিকশার হুড উঠিয়ে পর্দা ঢেকে যেতে হতো। ১৯৫২ সালে যখন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল নেমেছিল ঢাকায়, তখন নীলফামারীর মতো মহকুমা শহরেও মিছিল বের হয়েছিল। আর সেই মিছিলে সমেলা খালা, সালেহা খালাসহ অন্যদের সঙ্গে আমার আম্মাও যোগ দিয়েছিলেন। পরে সহকারী প্রধান শিক্ষক নাজিমুদ্দিনের স্নেহভাজন হওয়ায় টিসির হাত থেকে রেহাই পেয়েছিলেন। তারপর আস্তে আস্তে যখন নীলফামারীর প্রতি মায়া জন্মাল, সে সময় আমার মায়ের বিয়ে হয় সেই সুদূর সিলেটের সুনামগঞ্জে আমার আব্বা ডাক্তার আবুল লেইসের সঙ্গে। রাবেয়া খাতুন রাবেয়া লেইস হয়ে গেলেন।
রংপুর তথা নীলফামারীর ভাষা একরকম আর সুনামগঞ্জের ভাষা ভিন্নরকম। আমার মায়ের কাছে প্রথম তা দুর্বোধ্য ঠেকলেও আস্তে আস্তে তিনি তা রপ্ত করেন। অবগুণ্ঠন খুলে বের হয়ে আরও লেখাপড়া করার ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি। সন্তানের জন্ম, লালনপালন, সংসার ধর্ম, সবকিছু সামাল দিয়ে ভাষাগত সমস্যা কিছুটা কাটিয়ে ওঠার পর আস্তে আস্তে সমিতি, জেলা পরিষদ—এসবের সঙ্গে জড়িয়ে পড়লেন। সেই ১৯৫৯-৬৯ সাল পর্যন্ত দুই মেয়াদে আমার মা সিলেট জেলা পরিষদের সদস্য ছিলেন। আর পরিষদের সভায় যোগ দিতে সিলেটে যেতেন। সুনামগঞ্জ থেকে সিলেট যেতে তখন ফেরি ছিল তিনটা, রাস্তা ছিল দুর্গম। তবুও থেমে যাননি। আম্মা ১৯৬৯ সালে সিলেট জেলা পরিষদে সুনামগঞ্জে রেললাইন সংযোগের প্রস্তাব করেছিলেন।
আমাদের ছেলেবেলায় আমাদের দাদি চাচা ফুপু আমাদের সঙ্গে থাকতেন। আম্মা সংসার সামাল দিয়ে বিকেলে আরতি মাসি, শান্তি মাসিকে নিয়ে মহিলা সমিতি নইলে মহিলা পরিষদ নইলে মহিলা সমবায় সমিতির সভায় যেতেন। আমার মা আত্মকেন্দ্রিক ছিলেন না। সংসার সন্তান সবার দায়িত্ব পালনের পর দুস্থ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সুনামগঞ্জকে ভালোবেসে সুনামগঞ্জের মানুষকে শিক্ষা-দীক্ষায় এগিয়ে নেওয়ার জন্য কাজ করে গেছেন। সুনামগঞ্জ কলেজ প্রতিষ্ঠায় দূর-দূরান্তের গ্রাম থেকেও অর্থসংগ্রহ করেছিলেন।
পরে আম্মা সুনামগঞ্জ পৌরসভার মনোনীত মহিলা সদস্যও ছিলেন দুই দফায়। আম্মা বিয়ের পরেও লেখাপড়া করতে চেয়েছিলেন। কিন্তু ছেলেমেয়ে মানুষ করতে আর সংসার সামলাতে গিয়ে সে আশা আর পূর্ণতা পায়নি। আর সে কারণেই নিজের সন্তানের কোনো আশা যেন অপূর্ণ না থাকে, সে জন্য আমাদের চার বোন আর ভাইকে যে যা পড়তে চেয়েছে, আম্মা সহায়তা করেছেন। বাবা একটু শান্ত; নরম প্রকৃতির মানুষ ছিলেন। আমাদের শাসন করতেন না বেশি। শাসন আম্মাই করতেন। আম্মা চাইতেন, আমরা যেন পড়ালেখার পাশাপাশি অন্যান্য সৃজনশীল বিষয়গুলোতেও পারদর্শী হয়ে উঠি।
আম্মা ‘বেগম’ পত্রিকা রাখতেন। চুপিচুপি লিখতেনও। আমার আম্মার হালকা ক্রিম কালারের রেডিও ছিল একটি। আমাদের ছেলেবেলায় সকাল হতো সাতটার খবর শুনে। রেডিও বাংলাদেশের সঙ্গে সঙ্গে আকাশবাণী কলকাতা থেকে নীলিমা সান্ন্যালের খবরও শুনতাম। সারা দিন আম্মা স্টেশন বদল করে অনেক ধরনের অনুরোধের আসর শুনতেন। হিন্দি, উর্দু, বাংলা, কার্শিয়াং, অহমিয়া। রাতে বিবিসিও শুনতেন। গান শুনতেন অনুরোধের আসরের।
আমাদের ছেলেবেলায় খুব ভালো লাগার একটি দৃশ্য ছিল, মাঝে পানের বাটা নিয়ে আমার আব্বা-আম্মা দাবা খেলতেন। আম্মাও খুব ভালো দাবা খেলতেন। যুদ্ধের সময় এই রেডিওতে আম্মারা বিবিসি, ভয়েস অফ আমেরিকার পাশাপাশি এম আর আখতার মুকুলের স্বাধীন বাংলা বেতারও শুনতেন। আমরা যখন আরেকটু বড় হই, তখন একদিন আব্বার এক রোগী বিদেশ থেকে আনা একটি ক্যাসেট প্লেয়ার বিক্রি করতে আনলে সেটি কেনা হলো। তখন আমরা ক্যাসেটে গান শুনতাম। আমার মায়ের গাছ-গাছালি, ফল–ফুলের খুব শখ ছিল। ফুল আর ফলের গাছে ভর্তি আমাদের বাসার নাম আমাদের ভাই রাখে ‘তরু শোভা’।
আমার শৌখিন মা বেড়াতে ভালোবাসতেন। আম্মা আমাদের নিয়ে কক্সবাজার গেলেন সমুদ্র দেখাতে। আমাদের সেজ ফুপা মোবারক আলী খান তখন কক্সবাজারের এসপি। আব্দু মিয়া স্যার আর তুলামিয়া ভাইসহ আমরা ১৯৭৭ সালে গিয়েছিলাম কক্সবাজার। রামু, মহেশখালী, টেকনাফ ঘুরেছিলাম তখন। আম্মা ১৯৯৬ সালে জাপান, কানাডা, আমেরিকা, লন্ডন ঘুরে বেড়ালেন আমার বড়বোনকে সঙ্গে নিয়ে। আম্মা আর আপা কলকাতা, দার্জিলিংসহ এদিকেও সব ঘুরলেন।
১৯৯৮ সালে দার্জিলিং, হলদিবাড়ি ঘুরতে গেলেন আব্বা আর সেজ বোনকে নিয়ে। আর ছোটবোন রুনা আর ওর বর শাহীনকে নিয়ে কলকাতা, মাদ্রাজ ঘুরে আসলেন ২০০০ সালে। আমি সরকারি চাকরি করায় পাসপোর্ট করতে পারিনি বলে আম্মা আফসোস করতেন, আমাকে দেশের বাইরে কোথাও নিয়ে যেতে পারলেন না। অবশেষে ২০০৭ সালে আমি আম্মা আর আমার ছোট ছেলে চলে গেলাম শ্যাওলা সীমান্ত দিয়ে করিমগঞ্জ নীনু মাসী আর রজত মামার বাড়ি। পরে শিলং চেরাপুঞ্জি হয়ে গৌহাটি। চমৎকার সময় কাটল ১০ দিনের সেই ভ্রমণে। রজত মামা ছিলেন বলে খুব ভালোভাবে ঘুরতে পেরেছিলাম।
এরপরই ২০০৯ সালে চলে এসেছি আমেরিকায়। আম্মা পর্যটক ভিসায় ২০১৩ সালে আসলেন আমার এখানে। ছয়মাস চোখের পলকে চলে গেল। মনে অনেক আশা, আম্মা আবার আমার কাছে আসবেন। আমার মায়ের এই শেষ বয়সে আম্মাকে প্রাণভরে সেবাযত্ন করব। মহান আল্লাহ যেন আমাকে আবার সেই সুযোগ দেন।
অবশেষে ২০১৭ সালের ১ জানুয়ারি আম্মাকে নিয়ে নিউইয়র্কে এলাম। এবার আম্মা স্থায়ী আবাসনের অনুমতি নিয়ে আসলেন। স্বাস্থ্যবিমা পেলেন। এক বছর আট মাস খুব ভালো ছিলেন। স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল না। ২০১৮ সালের আগস্টে আম্মাকে নিয়ে দেশে গেলাম। আর বিদেশে আসতে চাইলেন না। সেপ্টেম্বরে আম্মাসহ ফেরার কথা থাকলেও আম্মাকে ছাড়া ফিরে আসলাম। তখনো ভাবিনি আর কোনদিন আম্মাকে দেখব না। আম্মা আমাদের ছেড়ে চিরতরে পরপারে চলে গেলেন ৩ ডিসেম্বর। চারপাশে ছড়ানো কত শত স্মৃতি। আম্মার জায়নামাজ, পান খাওয়ার সরঞ্জাম। দেশ থেকে আনা সিভিট, তামাক পাতা, সুপারি, চুন, শাড়ি, জুতা, স্কার্ফ, কোট, কাঁথা, পারফিউম। সব সব আছে। শুধু আম্মা আর ফিরবেন না। যেখানে চলে গেলেন সেখান থেকে আর কেউ ফেরে না। ভালো থেকো মা অন্যলোকে।