মাছটির বয়স ৯০ বছর

মাছটি অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আনা হয়েছিল ১৯৩৮ সালেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছটির নাম দেওয়া হয়েছে মেথুসেলাহ। এটি একটি অস্ট্রেলীয় মাছ। এই মাছটি অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর জাদুঘরে আনা হয়েছিল ১৯৩৮ সালে। ধারণা করা হচ্ছে, অ্যাকুয়ারিয়ামে রাখা মাছের মধ্যে এটাই সবচেয়ে বয়স্ক মাছ।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইউএসটুডের খবরে বলা হয়েছে, মাছটির বয়স ৯০ বছর। এটি ৪ ফুট লম্বা। ওজন ১৮ কেজির বেশি। মাছটির একটি বিশেষত্ব হলো, এর ফুসফুস ও ফুলকো দুটিই রয়েছে, যা লাংফিশ নামে পরিচিত।

ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্সের জীববিজ্ঞানী অ্যালান জান বলেন, ‘কোনো কারণ ছাড়াই মেথুসেলাহ সবচেয়ে বয়স্ক মাছ।’ এর একটি হিসাবও দিয়েছেন তিনি।

২০১৭ সাল পর্যন্ত সবচেয়ে বয়সের রেকর্ড ছিল অবশ্য আরেকটি মাছের কাছে। ওই সময় শিকাগোর শেড অ্যাকুয়ারিয়ামে ছিল গ্রান্ডড্যাড নামের একটি মাছ। কিন্তু ৯৫ বছর বয়সে এটি মারা যায় সেই বছর। এরপরই মূলত মেথুসেলাহ সবচেয়ে বয়সী মাছের জায়গাটি দখল করে।

ক্যালিফোর্নিয়ার ওই বিজ্ঞানী বিশ্বাস করেন, এটি একটি স্ত্রী লিঙ্গের মাছ। কিন্তু এর লিঙ্গ কখনো পরীক্ষা করা হয়নি। কারণ, ওই মাছটির শরীর থেকে রক্ত নেওয়া ঝুঁকিপূর্ণ। তবে এখন ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্স পরিকল্পনা করছে, তারা এর নমুনা অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের কাছে পাঠাবেন মাছটির লিঙ্গ নির্ধারণের জন্য।

ক্যালিফোর্নিয়ায় থাকা এই মাছটি অনেক কিছুই খায়। ব্লুবেরি, আঙুর, মাছ, চিংড়ি ও কেঁচো—সবই খায় মেথুসেলাহ।

জীববৈচিত্র্যের বিবেচনায় মেথুসেলাহ গুরুত্বপূর্ণ মাছ। কারণ, অস্ট্রেলিয়ায় এই লাংফিশের প্রজাতি বিলুপ্তির হুমকির মুখে। ক্যালিফোর্নিয়ার ওই একাডেমিতে আরও দুটি মাছ রয়েছে এই প্রজাতির। এর একটির নাম ‘মিডিয়াম’, অন্যটির নাম ‘স্মল’। এই দুটি মাছই মেথুসেলাহর চেয়ে কম বয়সী। এই দুটি মাছের চেয়ে মেথুসেলাহর বৈশিষ্ট্য আলাদা। কারণ, এই মাছটি বিশেষ কায়দায় তার পেট ঘষতে পারে।

বয়স বেশি ও এই প্রজাতি বিলুপ্তির হুমকিতে থাকায় বেশ খাতির–যত্নে রয়েছে মেথুসেলাহ। জীববিজ্ঞানী অ্যালান জান বলেন, ‘সাধ্য অনুসারে আমরা মেথুসেলাহর যত্ন নিয়ে থাকি। আশা করছি, মাছটি সতেজ থাকবে।’