মাঝরাতের ট্রেন বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেশনে যাত্রী তোলার অপেক্ষায় পাতাল রেল
স্টেশনে যাত্রী তোলার অপেক্ষায় পাতাল রেল

নিউইয়র্কে রাতের শিফটে কাজ করি বলে রাতের পাতালরেলই একমাত্র ভরসা। তার মধ্যে দুই দিন বিকেল ৪টা থেকে রাত ১২টার শিফট। দুই দিনের এক দিন আবার শনিবার। আজকাল মধ্যরাতে পাতালরেলে চলাচলে প্রতিদিনই নানা বিড়ম্বনার শিকার হতে হয়। সেই বিড়ম্বনা অসহনীয় পর্যায়ে এসে ঠেকেছে এখন। সপ্তাহের বাকি দিনে পাতালরেলে যাতায়াত কিছুটা স্বস্তিদায়ক হলেও সপ্তাহের শনি ও রোববার ভ্রমণে যেন বিড়ম্বনার শেষ নেই।
কুইন্সমুখী ট্রেন ধরেই গন্তব্যের দিকে যাত্রা শুরু; প্রথম স্টেশন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। সেখানে কুইন্সগামী ট্রেনের জন্য দীর্ঘ অপেক্ষার পালা যেন শেষ হওয়ার নয়। ট্রেন আসতেই তাড়াহুড়া, যোগ হয় নতুন আরও নানা বিড়ম্বনা।
এর মধ্যে ভবঘুরেদের যন্ত্রণা অন্যতম। প্রতিটি বগির কোনায় বিছানাপত্রসহ রাজ্যের লটবহর নিয়ে আশ্রয় নেওয়া ভবঘুরে গৃহহীনদের উৎপাত নীরবে সহ্য করেই ট্রেনে ওঠা আজকাল যেন অভ্যাসে পরিণত হয়েছে সবার। এদের শরীর থেকে আসা দুর্গন্ধে বসা তো দূরের কথা, ভেতরে ঢোকার উপায় নেই। কামরা বদলিয়েও বাঁচা যায় না; ট্রেনজুড়েই যেন তাদের বসতবাড়ি।
কারও মনে এ প্রশ্নও জাগতে পারে, আমেরিকায় যদি নানা দেশের মানুষ ঠিকানা করে নিতে পারে, তাহলে এখানে মানুষ ঘরছাড়া হয় কীভাবে? আসলে এদের বেশির ভাগই মদ-জুয়ার নেশায় আসক্ত, নেশাই তাদের ঘরহীন করে। তার সঙ্গে গিটার বাজিয়ে গান গেয়ে ডিজিটাল ভিক্ষুকদের ট্রেনে চড়ে ভিক্ষা করা দেখলে মনে হবে বাংলাদেশের অভাব-অনটন যেন এর কাছে কিছুই নয়। ভিক্ষার ঝুলি নিয়ে যখন সামনে এসে হাত পাতে, সে সময় তাদের সেই হাত পাতা দেখে নিজেই বিব্রত হয়ে পড়ি।
ছোটবেলায় পড়া ‘রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম’ ছড়ার কথা মনে পড়ে। তারপর পাঠ্যবইয়ে পড়া ‘ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই’ ছড়াটিতে শামসুর রাহমান ট্রেনকে লিখেছিলেন মজার গাড়ি। কিন্তু কতক্ষণ পর পর ট্রেন-অপারেটরের বিলম্বে ট্রেন ছাড়ায় ক্ষমাপ্রার্থনার ঘোষণা শুনতে শুনতে মজার গাড়িতে চড়ার মজাটা হাড়ে হাড়ে টের পেতে থাকি। মনে হয় এর চেয়ে কষ্টের বাহন আর পৃথিবীতে দুটো নেই বোধ হয়।
তবে মাঝরাত হলেও এই সময়টিতে দিনের দ্বিতীয় শিফট শেষ হয় বলে ট্রেনে ঘরমুখী যাত্রীদের ভিড় একটু বেশিই থাকে। একসময় পুরো কামরা ভর্তি হয়ে যায় ঘরমুখী কর্মজীবী ট্রেনযাত্রীতে। তখনো ট্রেন ছাড়ার কোনো লক্ষণ থাকে না।
তারপর একসময় ধীরে ধীরে ট্রেন চলতে শুরু করে। বগির প্রত্যেক যাত্রীর চোখেমুখে ঘুম আর বিরক্তির স্পষ্ট ছাপ ফুটে উঠতে দেখা যায়। কেউ কেউ মুঠোফোনের ছোট পর্দায় চোখ রেখে, কেউ আবার কানে এয়ারফোন লাগিয়ে গান শুনে অথবা প্রিয়জনের সঙ্গে কথা বলে এই বিরক্তির সময়কে পার করতে চেষ্টা করেন। কোনো কোনো যাত্রীর ঠিকানা পর্যন্ত পৌঁছাতে ট্রেনের সঙ্গে আবার বাস ধরা লাগে অথবা অন্য লাইনের পাতালরেল ধরতে হয়।
নারী কর্মজীবীদের ভোগান্তিটা একটু বেশি। কেননা অনেককে রাতেই বাসায় ফিরে আবার সন্তানদের দেখাশোনা করতে হয়। সারা দিনের জমে থাকা সাংসারিক কাজ শেষ করা লাগে। তারপর ভোর হতেই আবার ছুটতে হয় কাজে।
ব্যস্ত এই নিউইয়র্ক শহরের ম্যানহাটনে কাজ করেন শহরের উপকণ্ঠ থেকে আসা অনেক কর্মজীবী। তাঁরা দিনে আসেন নিউইয়র্ক শহরমুখী ট্রেনে। তাঁদের আবার ফিরতি পথে ধরতে হয় শহর থেকে বাইরে যাওয়ার ট্রেন।
মাঝরাতে আরও কিছু নিয়মিত উৎপাত তো আছেই। এর একটি হলো দল বেঁধে বিচিত্র পোশাক পরে বিভিন্ন ক্লাবে যাতায়াতকারী উঠতি তরুণ-তরুণীদের চিৎকার-চেঁচামেচি। তারা কখনো গ্যাং-স্টাইলে ধাক্কাধাক্কিও শুরু করে। তার সঙ্গে উচ্চ স্বরে গান তো আছেই।
নিউইয়র্ক শহরে দিনে-রাতে পুলিশের টহল চলে বেশ নিয়মিত। বিশেষ করে রাতের বেলা পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। তাই পুলিশের আগমনে সমস্যা বেশি দূর এগোতে পারে না। বর্তমানে জোরেশোরে সংস্কারের কাজ চলছে পাতালরেলের অধিকাংশ লাইনে। প্রতিরাতেই কুইন্স অভিমুখী ট্রেন অন্য লাইনে ধরে চলে। এ জন্যই পাতালরেলের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। যার মাশুল দিতে হয় প্রতিদিন এই পথে চলাচলকারীদের।
স্বাভাবিক গতিতে চলাচলকারী পাতালরেল মাত্র ৩৫ বা ৪০ মিনিটে রুজভেল্ট অ্যাভিনিউ থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশনে পৌঁছে যেতে পারে। সমান সময়ে বিপরীতমুখী যাতায়াতও সমাপ্ত হয়। সেখানে আজকাল প্রায় প্রতিদিন এই পথটুকু যেতে লেগে যাচ্ছে দুই থেকে আড়াই ঘণ্টা। কখনো আবার কয়েকটি মধ্যবর্তী স্টেশনে সংস্কারকাজ চলাকালে চড়তে হয় শাটল বাসে। এতেও অতিরিক্ত সময় লেগে যায়। রুজভেল্ট অ্যাভিনিউ থেকে জ্যামাইকায় কখনো ট্রেন সময়মতো পৌঁছাতে পারে না। ফলে প্রতিদিন কর্মক্ষেত্রে যাতায়াতকারীরা সময়মতো বাড়ি পৌঁছাতে ব্যর্থ হন। বিশেষ করে জ্যামাইকার কোনো কোনো এলাকায় নিরাপত্তার প্রশ্নটি জড়িত। গভীর রাতে কোনো কোনো এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ার দু-চারটে ঘটনাও ঘটে থাকে।
নিউইয়র্কের এমটিএর দেওয়া তথ্য অনুযায়ী, মাঝরাতের এই বিড়ম্বনা ২০১৯ সালের বসন্তকাল পর্যন্ত চলবে। ঋতু বদলে এ সময়ের মধ্যে আমেরিকায় দু-তিনটি বসন্তকাল এলেও নিউইয়র্কে বসন্তের জন্য অপেক্ষায় থাকতে হবে তত দিন পর্যন্ত।