মাদকের কারণে বাইডেন পুত্রের চাকরি গেল
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন মাদক ব্যবহারের দায়ে চাকরি হারিয়েছেন। এ বছরের ফেব্রুয়ারি মাসে তাঁকে মার্কিন নৌবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়। হান্টার নৌবাহিনীর একজন রিজার্ভ অফিসার ছিলেন। নৌবাহিনীর একজন মুখপাত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। খবর এএফপির।
হান্টার বাইডেন নিজে ঘটনা স্বীকার করেছেন। তবে ভাইস প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, গত বছর এক মাদক পরীক্ষায় উতরাতে ব্যর্থ হন হান্টার বাইডেন (৪২)। পরীক্ষায় তাঁর শরীরে কোকেনের উপস্থিতি ধরা পড়ে।
আইনজীবীর মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হান্টার বাইডেন নৌবাহিনী থেকে তাঁকে অপসারণ করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় অনুতপ্ত বলে বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি। হান্টার বাইডেন বলেন, ‘মার্কিন নৌবাহিনীর হয়ে কাজ করতে পারা আমার জন্য গৌরবের ব্যাপার ছিল। আমি গভীরভাবে অনুতপ্ত; একই সঙ্গে বিব্রত। কারণ, কৃতকর্মের ফল হিসেবেই আমার বিরুদ্ধে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
হান্টার বাইডেন ২০১২ সালে নৌবাহিনীতে কমিশন্ড অফিসার (রিজার্ভ অফিসার) হিসেবে নিয়োগ পান।