মাদকের বিরুদ্ধে ব্রঙ্কসের নীরব লড়াই
গণশৌচাগার, উদ্যান, সেতু কিংবা খোলা আকাশের নিচে প্রায়ই পড়ে থাকতে দেখা যাচ্ছে নিথর দেহ। অনেক সময় এসব নিথর দেহ নজরে আসতে লেগে যায় কয়েক দিন, এমনকি সপ্তাহ। এসবই ব্যথানাশকের অতিব্যবহারের কারণে ঘটছে। কয়েক বছর ধরেই নিউইয়র্ক শহরের একটি বড় সংকটে পরিণত হয়েছে এটি। আর এর কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী অঞ্চলটি হচ্ছে ব্রঙ্কস।
এ সংকট মোকাবিলায় নিউইয়র্কের এ অঞ্চলে এখন রীতিমতো নীরব লড়াই চলছে।
মরফিন কিংবা হেরোইনের মতো ব্যথানাশকের অতিব্যবহার নিউইয়র্ক শহরের বিশেষত তরুণ-যুবাদের মধ্যে অনেকটা মহামারির মতো ছড়িয়ে পড়েছে। পুরো আমেরিকা বর্তমানে এ সংকটের মধ্য দিয়ে গেলেও ব্রঙ্কসে তা ব্যাপক মাত্রা পেয়েছে।
এ বিষয়ে ব্রঙ্কসের দীর্ঘদিনের অধিবাসী টেরেল জোনস নিউইয়র্ক টাইমসকে বলেন, বিভিন্ন ব্যথানাশকের অতিব্যবহার এবং এর কারণে মৃত্যুর ঘটনা এখন অনেকটা নিয়মিত হয়ে উঠেছে। নিজের ঘরেই অনেকে মরে পড়ে থাকেন। দোকান কিংবা স্কুলের সামনে, অথবা কোনো নির্জন স্থানে এ ধরনের ঘটনা বেশি ঘটে। বিভিন্ন আবাসন প্রকল্পে নির্মাণাধীন ভবন এ ধরনের ব্যক্তির পছন্দের তালিকার শুরুতে রয়েছে। দক্ষিণ ব্রঙ্কসে এ ধরনের ঘটনা বেশি ঘটছে। উচ্চমাত্রার বিভিন্ন ব্যথানাশক এক ধরনের মাদকতা সৃষ্টি করে। আর এটিই এর অতিব্যবহারের সবচেয়ে বড় কারণ। বর্তমানে নিউইয়র্কসহ পুরো আমেরিকায় এ ধরনের ঘটনায় মৃত্যু এতটাই বেড়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বাস্থ্য বিভাগ বিষয়টিকে বিশেষ গুরুত্বের সঙ্গে নিতে বাধ্য হয়েছে।
অনেকটা মহামারিতে রূপ নেওয়া এ সংকট নিয়ে সম্প্রতি একটি গবেষণা হয়েছে। স্ট্যাটেন আইল্যান্ডকে কেন্দ্র করে ওই গবেষণার তথ্যমতে, নিউইয়র্কের সবগুলো অঞ্চলের মধ্যে অতিমাত্রায় ব্যথানাশক সেবনের কারণে মাথাপিছু মৃত্যুর হার স্ট্যাটেন আইল্যান্ডে বেশি। আর সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রঙ্কস। ২০০০ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এ-বিষয়ক তথ্য উপস্থাপন করে গবেষণায় দেখানো হয়, ব্যথানাশকের অতিব্যবহারের কারণে অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বেশি সংখ্যক মানুষ মারা যাচ্ছে। আর এ ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ অবস্থা ব্রঙ্কসের। অনেক আগে থেকেই অন্য এলাকাগুলো থেকে ব্রঙ্কসের মানুষ বেশি ওষুধ গ্রহণ করে। এ এলাকার পথেঘাটে মেলে সস্তায় হেরোইন। আর সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম ব্যথানাশক ফেন্টানিল। ক্ষতিকর এ ওষুধের ব্যবহার ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে এলাকাটিতে। এগুলোর অতিব্যবহারে প্রথমে শ্বাস-প্রশ্বাসে ব্যাঘাত সৃষ্টি হয়। পরে মস্তিষ্ক ও হৃদ্যন্ত্র আক্রান্ত হয়ে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু ঘটে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ব্রঙ্কসের বাসিন্দা টেরেল জোনসও একসময় মাদকাসক্ত ছিলেন। বর্তমানে তিনি এ থেকে বেরিয়ে এসেছেন। তবে সতর্কতা হিসেবে ঘর থেকে বের হওয়ার সময়ই তিনি ন্যালোক্সোন গ্রহণ করেন, যা ব্যথানাশকের অতিব্যবহারের ফলে মৃত্যুর আশঙ্কা থেকে রক্ষা করে। ব্রঙ্কস কর্তৃপক্ষ এখন নারক্যান ব্র্যান্ড নামের এ ওষুধকে এ ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
জোনস বলেন, যারা মারা যাচ্ছে, তাদের কেউই স্বেচ্ছায় মরছে না। এখন পর্যন্ত কেউই জেগে উঠে বলেনি যে, আমি মরতেই চেয়েছিলাম। অনেক কারণেই মানুষকে ওষুধ ব্যবহার করতে হয়। ফলে এ থেকে দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা থাকা প্রয়োজন।
কিন্তু ব্যথা থেকে মুক্ত করার জন্য তৈরি এসব ওষুধের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়ার কথা। চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্রে নির্দেশিত মাত্রায় নিলে প্রাণসংশয়ের ঝুঁকি কম থাকে। কিন্তু তা যে হচ্ছে না, তা তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যই জানান দিচ্ছে। নিউইয়র্ক শহরের প্রধান স্বাস্থ্য নিরীক্ষকের কার্যালয়ের তথ্যমতে, গত বছর ওষুধের অতিব্যবহারের কারণে ১ হাজার ৩৭৪ জন মারা গেছেন। এর আগের বছর এ মৃত্যুর সংখ্যা ছিল ৯৩৭। নিউইয়র্ক শহরের স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের প্রথম তিন মাসেই অতিমাত্রায় ওষুধ গ্রহণের কারণে মারা গেছে আরও ৩৪৪ জন। আর এ ওষুধের একটি বড় অংশই ব্যথানাশক, যার মধ্যে রয়েছে অক্সিকোডোন, পারকোসেট, মরফিন। আর অবৈধ হেরোইন তো রয়েছেই।
২০১৬ সালে শুধু ব্রঙ্কসেই ৩০৮ জন মারা গেছে ওষুধের অতিব্যবহারের কারণে। এ সংখ্যা ২০১০ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। ওই বছর অঞ্চলটিতে অতিমাত্রায় ওষুধ গ্রহণের কারণে ১২৮ জন মারা গিয়েছিল। এসব মৃত্যুর ৮৫ শতাংশই হয়েছিল ব্যথানাশকের কারণে। আর ৭৬ শতাংশ হয়েছিল হেরোইন ও ফেন্টানিলের কারণে। ২০১৫ ও ২০১৬ সালে নিউইয়র্কের যে পাঁচ এলাকায় এ ধরনের মৃত্যু বেশি ঘটেছে, তার চারটিই ব্রঙ্কসের।
নিউইয়র্কের স্পেশাল নারকোটিকস প্রসিকিউটরের কার্যালয়ের তথ্যমতে, ব্রঙ্কসে গত কয়েক বছরে হেরোইন অনেক সহজলভ্য হয়ে উঠেছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে মাদকাসক্তি থেকে ফিরে এসেছে, এমন ব্যক্তিরা। আর এ ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে ফেন্টানিলের সরবরাহ, যা হেরোইনের চেয়েও ৫০ গুণ বেশি শক্তিশালী। নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ এ ক্ষেত্রে ন্যালোক্সোনের সরবরাহ বাড়িয়ে বিষয়টি মোকাবিলার চেষ্টা করছে। কিন্তু ফেন্টানিলের উচ্চ মাত্রার ক্ষেত্রে ন্যালোক্সোন খুব একটা কাজে আসে না। সবচেয়ে বড় কথা হলো, ন্যালোক্সোন এ সংকটের একটি সাময়িক সমাধান মাত্র, যা হঠাৎ মৃত্যুর হাত থেকে ব্যবহারকারীকে রক্ষা করতে পারে শুধু।
নিউইয়র্কের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের স্পেশাল প্রসিকিউটর ব্রিজেট ব্রেনান নিউইয়র্ক টাইমসকে বলেন, ব্রঙ্কসের মতো মাদকাসক্তির দিক থেকে ঝুঁকিপূর্ণ একটি এলাকায় হঠাৎ করে হেরোইনের সরবরাহ বাড়িয়ে দিলে এ ধরনের সংকট সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। একই সঙ্গে ব্যবস্থাপত্র দেখিয়ে অতিমাত্রায় ব্যথানাশক ব্যবহারের হারও বেড়েছে। এ ধরনের ব্যথানাশক বিক্রির জন্য একটি অবৈধ বাজারও গড়ে উঠেছে এখানে। এ ক্ষেত্রে বিষয়টি নিয়ন্ত্রণ অনেক কঠিন হয়ে পড়েছে।
ব্রেনান বলেন, এসব ব্যক্তি নিজেরা মাদকাসক্ত। আর এরাই এর সরবরাহ ও বিস্তৃতি নিশ্চিতের কাজটি করছে। শহরের একেক অঞ্চলের অবস্থা একেক রকম। কিন্তু ধরন যাই হোক না কেন, সারা দেশেই এটি ভয়াবহ রূপ ধারণ করেছে। সবচেয়ে বড় বিষয় হলো মধ্যবিত্তদের মধ্যে এ আসক্তি ছড়িয়ে পড়ছে।
এ বিষয়ে এক চিকিৎসকের কথা উল্লেখ করা হয়েছে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে। একাধিক ক্লিনিকের মালিক ওই চিকিৎসককে ২০১১-১৪ সময়ে কয়েক মিলিয়ন ব্যথানাশক অবৈধভাবে সরবরাহের জন্য অভিযুক্ত করা হয়েছে। একইভাবে স্ট্যাটেন আইল্যান্ডেও হেরোইন ও ব্যথানাশকের একটি অবৈধ বাজার তৈরি হয়েছে। এ ছাড়া বন্ধু ও পরিচিতদের সমন্বয়ে এসব অঞ্চলে একটি চক্র গড়ে উঠেছে।
নিউইয়র্কের মেয়র কার্যালয় ব্রঙ্কসের এ সংকটকে এরই মধ্যে চিহ্নিত করে তা মোকাবিলায় একটি বোর্ড গঠন করেছে। গত মার্চে দক্ষিণ ব্রঙ্কসের লিংকন হাসপাতালে এ বিষয়ে একটি উদ্যোগের ঘোষণা দেন মেয়র বিল ডি ব্লাজিও। আগামী পাঁচ বছরের মধ্যে ওষুধের অতিব্যবহার রোধে ৩৮ মিলিয়ন ডলারের একটি তহবিলও ঘোষণা করেন তিনি এ সময়। একই সঙ্গে সরকারি অর্থায়নে ন্যালোক্সোন সরবরাহ বাড়ানোরও প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া ব্যথানাশকের সরবরাহ কমানো ও চিকিৎসা সুবিধা বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়। কিন্তু এত সব সত্ত্বেও ফেন্টানিল ও হেরোইনের কারণে মৃত্যুর ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রীতিমতো হিমশিম খাচ্ছে। সংকট মোকাবিলায় অনেক কিছুই করা হলেও তা যে যথেষ্ট নয়, তা প্রতিটি মৃত্যুর মধ্য দিয়েই প্রমাণ হচ্ছে। এ ক্ষেত্রে আরও সমন্বিত ও বিস্তৃত পরিকল্পনা গ্রহণ জরুরি বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।