মানবিক গুণাবলি বিকাশের জন্য প্রয়োজন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানের। পরিবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান। পরিবারের পরই আসে স্কুল ও পারিপার্শ্বিক পরিবেশ। মানবিক গুণাবলি বিকশিত হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক আয়োজনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। পারিপার্শ্বিক পরিবেশ থেকে মানুষ সচেতন ও অবচেতনভাবে শেখে সবচেয়ে বেশি। এমন শেখার পাঠশালা সত্তরের দশকের শেষ অবধি আমাদের দেশে বিকাশমান ছিল। সেসব পাঠশালা থেকে সামগ্রিকভাবে মানবিক গুণাবলি নিয়ে বিকশিত হওয়ার সুযোগ পেয়েছে তখনকার হাজার হাজার শিশু-কিশোর।
মানবিকতার এই পাঠশালায় ছিল আনন্দময় পরিবেশে মানবিক গুনে সমৃদ্ধ হয়ে জীবন গড়ার অবারিত সুযোগ। বাংলাদেশের এমন কোনো মফস্বল শহর কিংবা গ্রাম ছিল না, যেখানে শিশু-কিশোর সংগঠনগুলো সক্রিয় ছিল না। সংগঠনগুলো নিয়ন্ত্রিত হতো রাজধানী থেকে, যার শাখা ছিল দেশজুড়ে। এ ছাড়া পাড়ায় পাড়ায় ছিল সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন, ছিল অনেক আয়োজন। শুভবোধ জাগ্রত করার এ আয়োজনগুলো বিবেককে শাণিত করতে শক্তি জোগাত। শ্রেণি পেশা নির্বিশেষে সবাইকে নিয়ে একসঙ্গে বেঁচে থাকার উদ্দীপনা জাগিয়ে তুলত। এ সংগঠনগুলোর জিয়নকাঠি ছিলেন নিবেদিতপ্রাণ অনেক মানবতার ফেরিওয়ালা, যারা ছিলেন সমাজের নায়ক। শিশুদের আদর্শ হিসেবে তাঁরা মানবিকতার মশাল নিয়ে সামনে এগিয়ে যেতেন।
কার্টুন ফিল্ম, কম্পিউটার গেমস, ফেসবুক, ইউটিউব, অত্যাধুনিক শপিংমলের চোখ ধাঁধানো প্লে জোন্স—এমন অনেক কিছুর ভিড়ে কি মানবতার পাঠশালাগুলো হারিয়ে গেল? মানবতার বোধকে জাগ্রত করার ফেরিওয়ালারা কৃত্রিম আলোর রোশনাইয়ে কি কিছুটা ম্লান হয়ে পড়লেন? বিশ্বাস করতে কষ্ট হয়, তারপরও মেনে নিতে হয় কখনো কখনো। এ কথা তো ঠিক যে, সময় বদলায়, সভ্যতা উচ্চতর স্তরে উন্নীত হয়, কিন্তু চিরায়ত মূল্যবোধগুলো সময়ের সঙ্গে বদলায় না। এগুলো বরং সমাজকে প্রগতির পথে এগিয়ে নিতে অকৃত্রিম সঙ্গী হিসেবে থেকে যায়।
মানবতার পাঠশালা, আর মানবিক বোধ জাগ্রত করার ফেরিওয়ালাদের কথা উঠলেই ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা মনে পড়ে। ব্যক্তিকে ছাড়িয়ে সময়ের কাছে পৌঁছাতে অভিজ্ঞতাগুলো বিনিময় করা খুব জরুরি। যে শহরে আমি বেড়ে উঠেছি, যৌবনের প্রারম্ভ পর্যন্ত যে শহরের অলিগলিতে দিন কেটেছে, সেটি হলো এখনকার বিভাগীয় শহর সিলেট। আশির দশক পর্যন্ত সিলেট ছিল নিতান্ত মফস্বলের বৈশিষ্ট্যমণ্ডিত একটি ছোট শহর।
এই শহরেও ছিলেন অনেক মানবতার ফেরিওয়ালা। এমনই একজন হলেন হাফেজ মাওলানা শফিকুর রহমান। তিনি ছিলেন সিলেট শহরের লামাবাজার মসজিদের ইমাম। হাফেজ মাওলানা শফিকুর রহমানের কাছে আমি ও আমার বন্ধুদের অনেক ঋণ আছে। সে ঋণ পরিশোধ করা হয়নি। আমার মনে হয়, এমন ঋণ কেউ কখনো পরিশোধ করতে পারে না। শফিকুর রহমান ছিল তাঁর পোশাকি নাম। আমরা সবাই ইমাম সাহেব বা মিয়া সাব বলে সম্বোধন করতাম।
মসজিদের মাঠে আমি ও আমার বন্ধুদের শৈশব-কৈশোরের অনেক আনন্দময় বিকেল কেটেছে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ অনেক খেলা খেলে। একটি অলিখিত নিয়ম ছিল, আসরের নামাজ শেষ হওয়ার আগে মাঠে নামা যাবে না। দুপুরে খেয়ে যাতে একটু বিশ্রাম হয়—এ জন্যই এমন বিধিনিষেধ ছিল। আমরা কিন্তু আসরের নামাজের ঘণ্টা দেড়েক আগেই মাঠে চলে আসতাম। মসজিদের বারান্দায় গোল হয়ে বসতাম। মধ্যখানে থাকতেন ইমাম সাহেব। আমাদের বয়স বারো থেকে পনেরো বছর, আর ইমাম সাহেবের পঞ্চাশ ছুঁই ছুঁই। আমরা ১০-১৫ জন মন্ত্রমুগ্ধ হয়ে ইমাম সাহেবের কথা শুনতাম। ইমাম সাহেব বলতেন, প্রতিবেশীর অসুখ হলে কীভাবে সহযোগিতা করতে হবে; লেখাপড়া শিখলে কীভাবে সৎ ও সভ্য মানুষ হয়ে সবার সেবা করা যাবে; মিথ্যা কেন বলা যাবে না—ইত্যাদি। এসব বিষয়ে গল্পের মতো করে আমাদের সঙ্গে অনেক কথা বলতেন। দেশকে ভালোবাসা, স্বাধীন দেশের কাছে আমাদের যে ঋণ আছে, তাও মনে করিয়ে দিতেন তিনি।
বিকেলে মাঠে খেলার যত না আকর্ষণ ছিল আমাদের, ইমাম সাহেবের সঙ্গে গল্পের ছলে উপদেশ শোনার আকর্ষণ ছিল তার চেয়ে অনেক বেশি। কথক হিসেবেও তিনি ছিলেন অসাধারণ। ইমাম সাহেবের কথা যখনই মনে হয়, আমার মনে একজন পরিশুদ্ধ মানুষের অবয়ব ভেসে ওঠে। আজ মাঝবয়সে এসে আমার বন্ধুরা অকপটে স্বীকার করেন, কিছুটা হলেও আমাদের মানবিক করার জন্য মিয়া সাবের কাছ থেকে পাওয়া পাঠ ছিল খুবই গুরুত্বপূর্ণ। এমন পাঠ কিন্তু আমরা আনুষ্ঠানিক আয়োজনের গতানুগতিক কোনো ক্লাসে কখনো পাইনি। নোংরা ধর্মান্ধতার এই অন্ধকার সময়ে, এমন আলোর ফেরিওয়ালার অভাব বোধ করি প্রচণ্ডভাবে। আমার বিশ্বাস, এমন আলোর ফেরিওয়ালারা সারা দেশে ছিলেন অসংখ্য।
ষাট ও সত্তর দশকে শৈশব-কৈশোর কাটানো মফস্বল শহরের শিশু-কিশোররা রাজধানী শহরের শিশু-কিশোরদের মতোই ভাগ্যবান ছিল। প্রতিটি শহরে ছিল সাহিত্য-সংস্কৃতি চর্চার অবাধ ও অবারিত সুযোগ। সারা দেশে শিশু-কিশোর সংগঠনগুলো ছিল অত্যন্ত সক্রিয়। কচিকাঁচার মেলা, খেলাঘর, চাঁদের হাটসহ অসংখ্য সংগঠন শৈশব-কৈশোরকে আনন্দময় করতে সারা বছর নিয়মিত নানা কর্মকাণ্ড আয়োজন করত। নিয়মিত বিতর্ক, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, সংগীতসহ নানা বিষয়ের চর্চা ও প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের সামনে আধুনিক, বিজ্ঞানমনস্ক ও মানবিক মানুষ হয়ে বেড়ে ওঠার সুযোগ ছিল অবারিত। সাপ্তাহিক ছুটির দিনগুলো প্রতিটি শহর আনন্দনগরে পরিণত হতো। শিশু-কিশোররা ছুটির দিনে এক গাদা বই ব্যাগে নিয়ে কোচিং সেন্টারমুখী না হয়ে সাহিত্য, সংগীত, নৃত্যকলা ও মানবিক শিক্ষার ক্লাসে অংশ নিতেই বেশি আনন্দ পেত। স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোও সারা বছর শিক্ষা, সংস্কৃতির নানা বিষয়ের চর্চা ও প্রতিযোগিতার আয়োজন করে শিশু-কিশোর-তরুণদের ঐতিহ্য সচেতন ও শেকড়মুখী করে গড়ে তুলতে সহায়তা করত। এ ছাড়া স্থানীয় বিজ্ঞান ক্লাবগুলো বিজ্ঞান চর্চার মাধ্যমে নানামুখী উদ্ভাবনী কাজে সক্রিয় থাকত সারা বছর। এসব উদ্ভাবন নিয়ে বিজ্ঞান ক্লাবগুলো বছরে কয়েকবার বিজ্ঞান মেলার আয়োজন করত।
প্রশ্ন হলো, শিশু-কিশোর সংগঠনগুলো কি এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছে? তাদের কোনো কার্যক্রম কি সমাজকে তেমনভাবে নাড়া দেয় না? তারা অবশ্যই অস্তিত্বহীন নয়, নিষ্ক্রিয়। বদলে যাওয়া সময়ের প্রভাবে তারা অনেকটাই স্থবির। বেশির ভাগ সংগঠনই নিজেদের কার্যক্রম বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। একইভাবে স্থানীয় সাংস্কৃতিক ও বিজ্ঞান ক্লাবগুলো পৃষ্ঠপোষকতা ও স্বেচ্ছাসেবী মনোভাব হারিয়ে নিবেদিতভাবে কাজ করতে সক্ষম হচ্ছে না। গতানুগতিক ও যান্ত্রিক শিক্ষা পদ্ধতি, আমাদের সম্ভাবনাময় শিশু-কিশোর ও তরুণদের অপ্রয়োজনীয় বইয়ের চাপে পিষ্ট করে মানবিকতার পাঠশালায় যুক্ত হতে বাধাগ্রস্ত করছে। আমাদের উল্লেখযোগ্যসংখ্যক শিশু-কিশোর ও তরুণ চিরায়ত সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যহীন বিনোদন ও যোগাযোগে নিজেদের যুক্ত করে ফেলেছে। জাতি হিসেবে সম্ভাবনাময় এই প্রজন্মের মূল্যবান সময়ের অপচয়, শুধু অপূরণীয় ক্ষতিই নয়, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ও অশনিসংকেতও।
চিরায়ত সংস্কৃতি বিকাশের বাহন মানবতার পাঠশালাগুলোকে স্থবির অবস্থা থেকে মৃত্যুর দিকে ঠেলে দেব কি না, তা নিয়ে আমাদের গভীরভাবে ভাবার সময় এসেছে। শুদ্ধ সংস্কৃতির বিকাশ যেমন জরুরি, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারও তেমনি গুরুত্বপূর্ণ। ক্ষয়িষ্ণু মূল্যবোধকে পরিশুদ্ধ করার নিমিত্তে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সর্বার্থে ‘মানুষ’ হওয়ার জন্য স্বেচ্ছায় গড়ে ওঠা শিশু, কিশোর, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিজ্ঞান সংগঠনগুলোকে বাঁচিয়ে রাখা খুব জরুরি। রাষ্ট্রীয়, সামাজিক ও সুশীলদের সমন্বিত প্রচেষ্টাই পারে মানবতা শেখার পাঠশালাগুলোকে আবার প্রাণের ছোঁয়ায় সক্রিয় করে তুলতে। আমরা প্রকৃত অর্থে আধুনিক, প্রগতিশীল ও চিরায়ত সংস্কৃতি ধারণকারী জাতি হিসেবে এগোতে চাই। এ জন্য হাফেজ মাওলানা শফিকুর রহমান ও তাঁর মতো মানবিক গুনে সমৃদ্ধ আলোর ফেরিওয়ালাদের স্বপ্নকে উসকে দিতে হবে। তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে প্রগতিকামী সমাজ, রাজনীতি ও সংস্কৃতিকর্মীদের। ‘মুক্তি’র যুদ্ধের স্বপ্নকে ছুঁতে হলে আমাদের যে তা করতেই হবে।