মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখতে ঐক্যের ডাক
বাংলাদেশে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের চলমান বিচারপ্রক্রিয়া যাতে ব্যাহত না হয়, সে জন্য দেশ-বিদেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার নিউইয়র্কে গণজাগরণ মঞ্চের এক সভা থেকে এ আহ্বান জানানো হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড গতকাল রাতে কার্যকর হওয়ার পর নগরীর জ্যাকসন হাইটসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া নিয়ে একটি চিহ্নিত মহল প্রশ্ন উত্থাপন এবং নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। এ অপচক্রটি অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন আরও শক্তিশালী। তাই দেশে-বিদেশে জামায়াত-চক্রের কৌশলী অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয় সভা থেকে। একই সঙ্গে বক্তারা বাংলাদেশে স্বাধীনতাবিরোধী জামায়াতের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করারও দাবি জানান।
সভায় বক্তব্য দেন মিটুন আহমেদ, হোসনে আরা, মিনহাজ সাম্মু, রহিম বাদশাহ, জাকারিয়া চৌধুরী, প্রদীপ রঞ্জন, শীতাংশু গুহ, ওবায়দুল্লাহ মামুন, মুমু আনসারী, শিবলী সাদেক প্রমুখ।
সভা শেষে নিউইয়র্কে বসবাসরত লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের নিয়ে গণজাগরণ মঞ্চের সংগঠকেরা নগরীতে একটি শোভাযাত্রা করেন। এ সময় বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।