মানবতার খাতিরে আইসও উদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শিকদার ২০০১ সালে তাঁর দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে আমেরিকার নিউইয়র্কে আসেন। তাঁর দুই সন্তানের একজন গুরুতর সেরিব্রাল পালসিতে আক্রান্ত। এক বছর বয়সী সেরিব্রাল পালসি আক্রান্ত সন্তানের ভালো চিকিৎসার আশায় তিনি নিউইয়র্কে থেকে যান। এখানে আসার পর তার আরও দুটো সন্তান জন্ম নেয়। তারা জন্মসূত্রে আমেরিকান নাগরিক হলেও পরিবারের অন্য সদস্যদের এখানে আইনগতভাবে বসবাসের কোনো অনুমতি বা ডকুমেন্ট ছিল না।

২০১২ সালে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ‘ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল’ (ডাকা) নামে একটি পলিসি গ্রহণ করে। এর আওতায় বাবা-মায়ের সঙ্গে আসা আনডকুমেন্টেট নাবালক বাচ্চারা ক্ষণস্থায়ী ও আইনগতভাবে এ দেশে থাকার অনুমতি পায়। যারা এই ডেফার্ড অ্যাকশনের জন্য বিবেচিত হয়েছিল তাদের এখানে ওয়ার্ক পারমিটের জন্য উপযুক্ত বলে গণ্য করা হতো। যদিও এই রিনিউবেল ওয়ার্ক

পারমিটে তাদের আমেরিকায় লিগ্যাল ইমিগ্রেশন স্ট্যাটাস বা সিটিজেনশিপ পাওয়ার কোনো পথ খোলা ছিল না। এই সুযোগপ্রাপ্ত ব্যক্তিকে যদি কোনো অপরাধের সঙ্গে বা কোনো বেআইনি কাজে জড়িত পাওয়া যায়, তবে সে ডিপোর্টেশনের যোগ্য বলে ধরা হতো।

২০১২ সালে মোহাম্মদ শিকদার তার দুই নাবালক সন্তানের জন্য ডাকা পলিসির সুযোগ পান। তিনি তাদের ভালোমন্দ দেখভালের সুযোগ পান পিতা হিসেবে। প্রতি দুই বছর অন্তর ওয়ার্ক পারমিট নবায়ন করে সরকারের নজরদারিতে তার পরিবারকে আর্থিক সহায়তার জন্য তিনি কাজ করার ও আমেরিকায় অস্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর ইমিগ্রেশন আইন জটিল হয়ে ওঠে। এবং ডাকা বা ‘ড্রিমার’ সুযোগপ্রাপ্ত অভিবাসী সন্তানদের ওয়ার্ক পারমিট নবায়নও বন্ধ হয়ে যায়।

ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ হয়ে গেলে এবং আরও কিছু আইনি জটিলতার কারণে মোহাম্মদ শিকদারকে হয়তো আমেরিকা ত্যাগে বাধ্য করা হতো। কিন্তু অসুস্থ সন্তানকে নিয়ে দেশে ফিরে যাওয়া এক ধরনের আত্মহত্যার শামিল বলে তিনি বিচলিত হয়ে পড়েন। তার আকাঙ্ক্ষা ছিল, তার ১৮ বছর বয়সী মার্কিন নাগরিক সন্তান ২১ বছর না হওয়া পর্যন্ত তিনি সরকারি নজরদারিতে থাকলেও সেটা তার জন্য মঙ্গল। ছেলে ২১ বছর অর্থাৎ প্রাপ্তবয়স্ক হলে অভিভাবক বাবা-মায়ের জন্য সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। এবং একপর্যায়ে তারাও আমেরিকার নাগরিকত্ব পাবেন।

ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ হয়ে গেলে শিকদার দিশেহারা হয়ে অনেক বাঙালি এবং অন্যভাষী আইনজীবীর কাছে বারবার গিয়ে ব্যর্থ হন। শুরুতে তিনি আ্যাসাইলাম করার সূত্রে সংশ্লিষ্ট দপ্তর থেকে নিউইয়র্কে বৈধভাবে কাজের ওয়ার্ক পারমিট ও সোশ্যাল সিকিউরিটি পেয়েছিলেন। সেই অনুযায়ী ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি যথানিয়মে সরকারকে আয়করও দিয়ে এসেছেন। নাম পরিবর্তন, ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারে কোনো ভুয়া তথ্য, কোনো ক্রিমিনাল কর্মকাণ্ডে জড়িত বা অভিযুক্ত না থাকায় তার মনে আশা ও সাহস ছিল।

শিকদার বলেন, আমেরিকার সরকার দয়া করে তার অসুস্থ সন্তানকে নিয়ে এই দেশে থাকা, খাওয়া, শিক্ষা ও চিকিৎসার সুযোগ করে দিয়েছে। এ জন্য তিনি এই দেশ ও সরকারের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ২০১৮ সালে এসে ট্রাম্প সরকারের কঠোর ইমিগ্রেশন নীতির কারণে তিনি ওয়ার্ক পারমিট নবায়নে ব্যর্থ হন। তারপর অনন্যোপায় হয়ে তিনি একজন ভালো আইনজীবী খুঁজছিলেন।

শিকদার বলেন, পরিচিত একজনের মাধ্যমে তিনি ইমিগ্রেশন ফার্ম ‘গেইল অ্যান্ড গেইল’–এর কথা জানতে পারেন। এই প্রতিষ্ঠানের অফিসে গিয়ে তিনি মালিক রোল্যান্ড গেইলের সঙ্গে পরিচিত হন। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প সরকারের ইমিগ্রেশন আইনের জটিলতার কারণে যখন অন্যান্য অনেক আইনজীবীই তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন এবং তার মামলা নিতে ভরসা পাচ্ছিলেন না, তখন গেইল তার মামলাটি গ্রহণ করেন। খুবই স্বল্প ফি–এর বিনিময়ে তাঁর জন্য কাজ করতে সম্মত হন গেইল। আইনজীবী রোল্যান্ড গেইল ‘ডিনাই’ হয়ে যাওয়া মোহাম্মদ শিকদারের মামলাটি রি-ওপেন করতে সক্ষম হন।

শিকদারের পরিবার সূত্র জানায়, ২৫ জুলাই শিকদার তার ২১ বছর বয়সী সেরিব্রাল পালসি আক্রান্ত অসুস্থ সন্তানকে নিয়ে আইনজীবীসহ ইমিগ্রেশন অফিসারের সঙ্গে দেখা করতে যান। সার্বিক অবস্থা বিবেচনা করে মানবিক কারণে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি (আইস) অফিসার তার আমেরিকায় থাকার আবেদন মঞ্জুর করেন। যদিও এই প্রক্রিয়া দীর্ঘস্থায়ী বসবাসের জন্য নয়। তবে প্রতি বছর তাঁর ওয়ার্ক পারমিট শর্তসাপেক্ষে নবায়নযোগ্য থাকবে।

অসুস্থ সন্তানসহ আমেরিকায় বসবাসের আবেদন মঞ্জুর হওয়ার পর আবেগাপ্লুত মোহাম্মদ শিকদার টেলিফোনে প্রথম আলোকে বলেন, তিনি সৃষ্টিকর্তা ও আমেরিকান সরকারের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে তার আইনজীবী রোল্যান্ড গেইলের কাছে তিনি চিরকৃতজ্ঞ বলে উল্লেখ করেন। এই আমেরিকান আইনজীবী তাঁকে যে পরিমাণ সাহস, আশ্বাস ও ভরসা দিয়েছেন, তাতে তিনি গভীরভাবে অভিভূত। গেইলের অভিজ্ঞ ও বিচক্ষণ কাজের জন্যই তিনি এই সুযোগ পেয়েছেন। কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল পদক্ষেপ নিলে হয়তো তাকে এ দেশ ছেড়ে চলে যেতে হতো।

মোহাম্মদ মনে করেন, ‘আমরা যারা এ দেশে এসে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করি, তাদের সব ব্যাপারে খুব সজাগ ও চোখ–কান খোলা রাখতে হবে। দেশের আইন মেনে চলা, কোনো অপরাধে জড়িত না হওয়া, কোনো ভুল বা ভুয়া তথ্য ইমিগ্রেশনে ব্যবহার না করাই উচিত। আইনের আশ্রয় নিতে হলে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ও নামকরা কোনো আইনজীবীর কাছে গিয়ে পরামর্শ করা উচিত। ইমিগ্রেশন সংক্রান্ত ডকুমেন্টে শুরুতেই কোনো ভুল করলে, সেই ভুল সংশোধন করা খুব জটিল ও অসাধ্য হয়ে ওঠে।’

শিকদার বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই এই ধরনের বিড়ম্বনার কারণে নানাভাবে সংকটে আছেন এবং ডিপোর্টেশনে শিকার হয়েছেন বা হচ্ছেন।’

শিকদার উত্তর আমেরিকার চট্টগ্রাম সমিতির নির্বাচিত আজীবন সদস্য। তিনি ইমিগ্রান্টদের ইমিগ্রেশন সংক্রান্ত কাজে সহায়তাকারী প্রতিষ্ঠান ড্রামেরও একজন কার্যকরী সদস্য। তিনি বলেন, ‘সামাজিক কাজে জড়িত থেকে আমি আমার মতো ভুক্তভোগী মানুষের জন্য সাহায্য ও সহযোগিতা করতে চাই।’