মানবতার জয়গানে ফোবানার শুভ সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফোবানার উদ্বোধন করছেন বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। ছবি: প্রথম আলো
ফোবানার উদ্বোধন করছেন বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। ছবি: প্রথম আলো

‘মানবতার জন্য ঐক্য’ স্লোগানকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের সংগঠন ফোবানার সম্মেলন শুরু হয়েছে। গতকাল শুক্রবার হোটেল হায়াতে এক আলোক ঝলমলে পরিবেশের বিপুল দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ফোবানা প্রবাসীদের মিলন মেলা। প্রবাসীরা দেশের জন্য যে অবদান রাখছেন তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, আজ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে রোল মডেল হিসেবে দেখছে। বাংলাদেশ ২০২১ ও ২০৪১-এর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ৤
বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ আজ এক অনন্য অবস্থানে স্থান পেয়েছে বিশ্বে। প্রবাসীরা বাংলাদেশকে অনেক ওপরে উঠতে সহযোগিতা করছেন।
বিশেষ অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, একটি পরিশ্রমী জাতি হিসেবে বাংলাদেশ বিশ্বে সম্মানের আসনে ৤ বসিয়েছেন প্রবাসীরা। বিশেষ অতিথির বক্তব্যে নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রবাসীদের নিকট অনুরোধ, আপনি সব ভাষা শিখুন, কিন্তু বাংলাটা যেন অবহেলা না পায়। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আনিস আহমদ, এনআরবি ব্যাংকের নিজাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ফোবানার ১১ জন সাবেক চেয়ারম্যানের পরিচয় করিয়ে দেওয়া হয়। ৤
অসম্ভব গোছালো ও সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ।
অনুষ্ঠানে বিশ্ব মানবতার ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আটলান্টা, জর্জিয়া, টেক্সাস, শিকাগো, মিশিগান, অরল্যান্ডো, কানেকটিকাট, নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন স্টেট থেকে প্রবাসীরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। 
উল্লেখ্য, এক সময় একাধিক ফোবানা সম্মেলন হওয়ার প্রবণতা ছিল। এখন ফোবানা মূল ধারায় ফিরে এসেছে। মায়ামিতে অনুষ্ঠিত ৩১তম ফোবানা আসরটি শুরু হয়েছে হায়াত রিজেন্সিতে। আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা। এর আগে ১৯৯৬, ২০০৫ ও ২০১২ সালে ফ্লোরিডায় ফোবানার সম্মেলন হয়েছিল।