মানবপাচারের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
অবৈধভাবে বিদেশিদের আমেরিকায় আনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মানবপাচারের অভিযোগে এই বাংলাদেশিকে টেক্সাস থেকে গত ৩১ আগস্ট গ্রেপ্তার করা হয়। মেক্সিকোর তাপাচুলার বাসিন্দা এই বাংলাদেশি নাগরিককে গত ৩১ আগস্ট টেক্সাসের হিউস্টনের জর্জ বুশ বিমানবন্দরে অবতরণের পরপরই গ্রেপ্তার করা হয়।
মার্কিন বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মিলন মিয়া নামের এই বাংলাদেশি ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালে আগস্ট পর্যন্ত ১৫ বাংলাদেশি নাগরিককে অর্থের বিনিময়ে টেক্সাস সীমান্ত পার করে আমেরিকায় প্রবেশ করিয়েছেন। মেক্সিকোর তাপাচুলায় মিলনের একটি হোটেল রয়েছে। সেখানে তিনি বিভিন্ন ব্যক্তিকে রাখেন, খাবার ও আশ্রয় দেন। পরে তাদের উড়োজাহাজের টিকিট দেন মেক্সিকোর উত্তরাঞ্চলে যাওয়ার। সেখানে পাচারকারীদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়া হয় ওইসব মানুষকে। পরে ওই পাচারকারীরাই ওই সব ব্যক্তিকে মার্কিন সীমান্ত পর্যন্ত নিয়ে যায়। গত সপ্তাহে মানবপাচারে মিলন মিয়ার অন্যতম সহযোগী মোক্তার হোসেন দোষ স্বীকার করেন।
বিচার মন্ত্রণালয়ের ফৌজদারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ব্রায়ান এ বেঞ্চকোনস্কি বলেন,
‘আমেরিকার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে মানবপাচার চক্র। এই গ্রেপ্তার তাদের প্রতি এক কঠিন বার্তা, যেখানে আমাদের নিরাপত্তা হুমকি তৈরি করা এই সব মুনাফালোভী মানবপাচারকারীকে জবাবদিহির আওতায় নিয়ে আসার প্রতিজ্ঞা ব্যক্ত করছে আমাদের বিভাগ।’
টেক্সাসের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি রায়ান কে প্যাট্রিক বলেন, ‘সীমান্তকে সুরক্ষিত রাখাটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য খুবই জরুরি। আমাদের সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কাজে কিছু গোষ্ঠী কাজ করছে। তবে বিভিন্ন সংস্থার সমন্বয়ে তদন্তের মাধ্যমে এ ধরনের একটি তৎপরতা বন্ধ করা গেছে।’
এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের (এইচএসআই) ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) স্পেশাল এজেন্ট শেন ফোলডেন বলেন, ‘জাতীয় ও জননিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সংস্থার সমন্বিত কাজের একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে মিলন মিয়ার গ্রেপ্তার। আন্তর্দেশীয় অপরাধ চক্র, যা আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ, তাদের প্রতিহত করতে এইচএসআইয়ের তদন্তকাজ অব্যাহত থাকবে। আমাদের সীমান্তের অখণ্ডতা ও আমাদের সম্প্রদায়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো অব্যাহতভাবে কাজ করে যাবে।’
৩ সেপ্টেম্বর মিলন মিয়াকে আদালতে হাজির করা হয়। টেক্সাসের ম্যাজিস্ট্রেট ডেনা এইচ পামেরোর আদালতে প্রাথমিক শুনানির পর আদালত তাঁকে লারেডোয় স্থানান্তরের আগে আটক রাখার আদেশ দেন। বিষয়টি নিয়ে এইচএসআই লারেডো তদন্ত করছে। এ ক্ষেত্রে মেক্সিকো সিটি, মনটারি, হিউস্টন ও ক্যালিক্সিকো এইচএসআই, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, বর্ডার পেট্রল এবং ইউএস মার্শাল সার্ভিস সহায়তা করছে। পুরো তদন্তকাজটি বিচার মন্ত্রণালয়ের ফৌজদারি বিভাগ ও এইচএসআইয়ের আওতাধীন এক্সট্রাটেরিটোরিয়াল ক্রিমিনাল ট্রাভেল স্ট্রাইক ফোর্স (ইসিটি) প্রকল্পের অধীনে পরিচালিত হচ্ছে। এই ইসিটি প্রকল্প মূলত মানবপাচার নিয়েই কাজ করে।