মানবপাচারের অভিযোগে মার্কিন সেনাসদস্য গ্রেপ্তার
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মার্কিন নৌবাহিনীর ১৬ জনের একটি দল। ২৫ জুলাই সকালে সান ডিয়েগো থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানানো না হলেও এক বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা মানবপাচার থেকে শুরু করে মাদক-সম্পর্কিত বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন।
সীমান্তের কাছে দুই মেরিন সদস্যকে গ্রেপ্তারের কয়েক সপ্তাহ পর এ গ্রেপ্তার আমেরিকায় আলোড়ন তুলেছে। সম্প্রতি আমেরিকায় তিন মেক্সিকানকে পাচার করার দায়ে দুই মেরিনকে অভিযুক্ত করা হয়েছিল। মেরিন কর্পস জানায়, ওই গ্রেপ্তার থেকে প্রাপ্ত তথ্য নিয়ে ২৫ জুলাই অভিযান চালানো হয়। গ্রেপ্তার নৌবাহিনীর ১৬ সদস্যের মধ্যে আটজনের বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাঁদের এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওয়েস্ট কোস্টের মেরিন কর্পসের সবচেয়ে বড় বাহিনী ক্যাম্প পেন্ডলটন, যা আমেরিকা-মেক্সিকো সীমান্ত থেকে ৫৫ মাইল দূরে অবস্থিত। সমুদ্রপথের নিরাপত্তাকে শক্তিশালী করতে এ বছরই এটি মোতায়েন করা হয়েছিল।
এ বিষয়ে মেরিন বিভাগের মুখপাত্র কেন্দ মোতেজ বলেন, গ্রেপ্তারকৃত সব মেরিন নিম্নস্তরের সেনাসদস্য। অবৈধ অভিবাসীদের কাছ থেকেই প্রাথমিক তথ্য পেয়ে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছিল।