যুক্তরাষ্ট্র ও কিউবা প্রথমবারের মতো মানবাধিকার, কিউবার ওপর দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে ক্ষতিপূরণের মতো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে। গত শুক্রবার দীর্ঘদিন বৈরী সম্পর্ক থাকা দুই দেশের মধ্যে এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র বিভাগের প্রধান জোসেফিনা ভিদাল। খবর এএফপির।
দীর্ঘ পাঁচ দশক পর দুই দেশ গত জুলাই মাসে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার পর আলোচনা প্রক্রিয়া শুরু হয়। তবে এ পর্যন্ত স্পর্শকাতর মানবাধিকার ও ক্ষতিপূরণের মতো বিষয় অনালোচ্য ছিল।
কিউবার কর্মকর্তা জোসেফিনা ভিদাল বলেন, যুক্তরাষ্ট্র ও কিউবা প্রথমবারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই চেষ্টা।
বৈঠকের পর কিউবার প্রতিনিধি দলের এক বিবৃতিতে আলোচিত বিষয়গুলো সম্পর্কে বলা হয়, মানবাধিকার, পাঁচ দশক ধরে কিউবার ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে ক্ষতিপূরণ, ১৯৬০ সালে কিউবায় থাকা যুক্তরাষ্ট্রের সম্পদ ফিদেল কাস্ত্রো কর্তৃক রাষ্ট্রায়ত্তকরণ—এসব বিষয় নিয়ে আলোচনায় একমত হয় দুই দেশ। মানব পাচার, অভিবাসন, মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযান, টেলিযোগাযোগ নিয়েও আলোচনা হয়।
দুই পক্ষই আগামী নভেম্বর মাসে আবার বৈঠকে বসার জন্য সম্মত হয়।
কিউবা দুই দেশের আলোচনায় গুয়ানতানামো বের বিষয়টিও রাখতে চায়। কিউবার এ অঞ্চলটি ১৯০৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। এখানে মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটি আছে। গুয়ানতানামোতেই সন্ত্রাসবিরোধী যুদ্ধের বন্দীদের বিতর্কিত কারাগার অবস্থিত।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, শুক্রবারের বৈঠক মুক্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ আগস্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঐতিহাসিক কিউবা সফরের সময় শুক্রবারের বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। ৫৪ বছরের মধ্যে কিউবার মাটিতে সেটাই ছিল কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।