মানবিক সাহায্য ও ক্যারিয়ার গঠনে কাজ করছে বিএসএ

মানবিক সাহায্য ও ক্যারিয়ার গঠনে মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক (বিএসএ)। দুস্থ মানুষকে সহযোগিতা, দেশ থেকে আসা নবাগত ছাত্রদের অধ্যয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা করছে এক যুগের বেশি সময় ধরে। মানুষের অধিকার আদায়ে নাগরিক অধিকার আন্দোলনে রাজপথে স্লোগান তুলেছে বহুবার। পৃথিবীর রাজধানী খ্যাত নিউইয়র্ক নগরে তরুণ প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে তাদের অবদানও কম নয়। ২০১১ সাল থেকে আমেরিকা ও বাংলাদেশে সমাজ সেবায় জড়িয়ে পড়েন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সুবিধা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে স্বেচ্ছায় মানব সেবা সংগঠন তৈরি করেন। ২০২০ সালের মে মাসে নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট থেকে নন–প্রফিট সংস্থা হিসেবে সনদপত্র লাভ করে সংগঠনটি। কয়েক হাজার বাংলাদেশি আমেরিকান ছাত্র এই সংগঠনের যুক্ত রয়েছেন। চালিয়ে যাচ্ছেন নানান সামাজিক কার্যক্রম। প্রতিবছর মাতৃভূমির টানে পালন করেন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারিসহ বিভিন্ন জাতীয় দিবস। ঘটা করে উদ্যাপন করেন নববর্ষ। ভোটার রেজিস্ট্রেশন, পার্ক পরিষ্কার, খাদ্য সহায়তা, রক্তদান কর্মসূচিসহ একাধিক কর্মসূচি পালন করেছেন তারা।
সম্প্রতি কোভিড–১৯–এ ছাত্রদের সমন্বয়ে তহবিল করে প্রায় ১০ লাখ টাকার নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয় নিউইয়র্কের পাঁচ বোরোতে। প্রায় ৫৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়। স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য তুহিন আলীর ব্রেইন ক্যানসারের চিকিৎসার্থে প্রায় ৩০ লাখ টাকার আর্থিক সহায়তা দেয় এই সংগঠন।
বাংলাদেশে বিভিন্ন দুর্যোগে ও সম্প্রতি সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়। দরিদ্র চালকদের চারটি ভ্যান প্রদান করেন। খুলনা ব্লাড ব্যাংক অনল দ্রোহি হাসপাতালে কোভিড–১৯ রোগীদের চিকিৎসার্থে অক্সিজেন সহায়তার জন্য তহবিল উত্তোলন শুরু করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ১ লাখ টাকা এই তহবিলে জমা হয়েছে। মোটা অঙ্কের একটি তহবিল সংগ্রহ করে শিগগিরই পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতারা। নিউইয়র্কে মেধা উন্নয়নে বাংলাদেশি মেধাবী ছাত্র–ছাত্রীদের স্কলারশিপ বা বৃত্তি দেওয়া শুরু করেছে সংগঠনটি। বিগত বছরে সাত ছাত্র–ছাত্রীকে বৃত্তি দেওয়া হয়েছে।
ছাত্রদের পড়ালেখার মানোন্নয়ন ও স্বেচ্ছা সেবাদান কর্মসূচিতে অংশ নিয়ে সমাজসেবায় ব্রত হওয়ায় আমেরিকার কংগ্রেস ও স্টেট সিনেট অফিস থেকে ২৪৫ জন ছাত্র–ছাত্রীকে প্রশংসাপত্রের ব্যবস্থা করে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এতে করে ছাত্র–ছাত্রীরা সমাজকর্মের প্রতি ব্যাপক উৎসাহ বোধ করেন। ভবিষ্যতে এসব ছাত্র অনায়াসে সমাজসেবায় অবদান রাখতে পারবেন। ছাত্ররা গ্র্যাজুয়েশন শেষ করার পরপরই তাদের প্রফেশনাল রেজুম তৈরি করে দেওয়া হয়, যাতে ভালো চাকরি পাওয়া ক্ষেত্রে রেজুমটি সহায়ক ভূমিকা পালন করে। এ ছাড়া এই সংগঠনের সমন্বয়ে প্রতিবছর জব সেমিনার, পিয়ার মেন্টরিং, ইয়ুথ কনভেনশন করা হয়। এ সব সেমিনারে ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেওয়া হয়। ইতিমধ্যে প্রশিক্ষণ পেয়ে ২৩ ছাত্র–ছাত্রী আমেরিকার বিভিন্ন স্টেটে চাকরি করছেন সুনামের সঙ্গে।
দেশ থেকে যারা নতুন আসছেন. তারা এই সংগঠনের মধ্যে দিয়ে ক্যারিয়ার গঠনে সফল দিকনির্দেশনা পেয়ে থাকেন এবং তাদের দেওয়া হয় ইংরেজি বলার প্রশিক্ষণসহ বিভিন্ন টেকনিক্যাল কারিগরি প্রশিক্ষণ। বিভিন্ন নাগরিক আন্দোলনেও ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি শেখ আল আমিন বলেন, জনসেবার উদ্দেশ্যেই সংগঠনটি তৈরি করছি। আমাদের সাধ্যমতো যেকোনো মানুষের উপকার করার চেষ্টা করছি। ভবিষ্যতে আমাদের সেবার কার্যক্রম অব্যাহত থাকবে। সব মিলিয়ে অত্যন্ত সুনামের সঙ্গে মানবসেবার প্রিয় সংগঠন হিসেবে কাজ করছে সংগঠনটি।