মানুষ যখন করোনায় ধুঁকছে, ট্রাম্প তখন বাজির উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রাক্কালে মাউন্ট রাশমোরে আতশবাজি উৎসবে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি ফাইল ছবি।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রাক্কালে মাউন্ট রাশমোরে আতশবাজি উৎসবে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বেড়েই চলেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা বিতর্কিত ও সমালোচিত। এসব সমালোচনার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সময় আজ শুক্রবার চলে গেছেন মাউন্ট রাশমোরে। রাতে তিনি সেখানে আতশবাজির উৎসব উপভোগ করবেন।

ওই উৎসবে সাড়ে সাত হাজার মানুষ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। সেখানে কোনো সামাজিক দূরত্বের এজেন্ডা নেই।
সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে মাউন্ট রাশমোরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, থিওডর রুজভেল্ট ও
আব্রাহাম লিংকনের মুখায়বের ভাস্কর্য রয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেখানে ভাষণ দেবেন ট্রাম্প।

গতকাল বৃহস্পতিবার ট্রাম্প বলেন, আমাদের সন্ধ্যাটা হবে অসাধারণ।আতশবাজির এমন আয়োজন খুব কম মানুষই দেখেছে। এটা খুবই রোমাঞ্চকর হবে।

ট্রাম্প বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি মজবুত অবস্থানে ফিরছে। ২০২১ সাল হবে বিস্ময়কর।
সাউথ ডাকোটার রিপাবলিকান গভর্নর ক্রিস্টি নোয়েম ফক্স নিউজকে বলেন, যারা করোনার সংক্রমণ
পরিস্থিতি নিয়ে চিন্তিত, তারা ঘরে থাকতে পারে। যারা আমাদের সঙ্গে যোগ দিতে চায়, তারা যদি মাস্ক পরতে চায়, তাহলে আমরা তাদের বিনামূল্যে সেগুলো দেব। তবে আমরা সামাজিক দূরত্বে থাকব না।

২০০২ সালে যুক্তরাষ্ট্রের সে সময়ের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মাউন্ট রাশমোরে গিয়েছিলেন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত হয়ে ১ লাখ ২৮ হাজার
৭৪৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ২৭ লাখ ৩৯ হাজার ২৩০ জন। দেশটির সংক্রামক রোগ বিষয়ক প্রধান অ্যান্টনি ফাউসি বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে যুক্তরাষ্ট্র ভয়াবহ ঝুঁকিতে পড়বে।