মানুষের পাশে দুই ভাই পিটার ও ম্যাথিও
সারা বিশ্ব করোনার বিস্তারে টালমাটাল। গৃহবন্দী হাজারো মানুষের কাজ নেই, খাদ্য নেই, নেই স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম। ইতিমধ্যে অনেকে ব্যক্তি পর্যায়ে কিংবা সাংগঠনিকভাবে গৃহবন্দী, অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বেস্টভিল এলাকার দুই ভাই করোনা ক্রান্তিকালে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। পিটার জে গোমেজ ও ম্যাথিও জে গোমেজ নামের এ দুই ভাই মেট্রো ওয়াশিংটন এলাকার মানুষকে নানাভাবে সহযোগিতা করছেন। তাঁরা নিজ উদ্যোগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন মাস্ক।
এ ধরনের উদ্যোগের প্রেক্ষাপট সম্পর্কে পিটার ও ম্যাথিও জানান, দীর্ঘদিন ঘরে বসে থেকে তাঁরা ক্লান্ত। সময় কাটছিল পড়াশোনা ও টিভি দেখে। এই সময়ে তাঁরা দেখেছেন দীর্ঘ এক মাস গৃহবন্দী থাকা মানুষের অসহায়ত্ব। অনেকের কাজ নেই, ঘরে খাবার নেই, নেই স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী। এ পর্যবেক্ষণ থেকেই তাঁরা দুজন করণীয় নিয়ে ভাবতে শুরু করেন। তাঁরা বিষয়টি নিয়ে তাঁদের বাবা জোসেফ বাবলু গোমেজের সঙ্গে আলাপ করলে তিনি ছেলেদের মাস্ক সংগ্রহ করে দেওয়ার এবং এ কাজে একটি তহবিল দেওয়ার আশ্বাস দেন।
এরপর শুরু হয় পিটার ও ম্যাথিওর কাজ। তাঁরা বিভিন্ন দোকানে গিয়ে মাস্ক সংগ্রহ করেন, যাদের প্রয়োজন রয়েছে তাঁদের খুঁজে পেতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেন। এ কাজে তাঁরা ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেও বিভিন্ন মানুষকে খুঁজে বের করেন তাঁরা। এখন অনেকেই তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। পরে তাঁরা সংশ্লিষ্ট পরিবারগুলোকে বাড়ি বাড়ি গিয়ে মাস্ক সরবরাহ করেন।
মেরিল্যান্ডের কলম্বিয়া এলাকার কবি, লেখিকা শুক্লা গাঙ্গুলির বাসায় গিয়ে মাস্ক পৌঁছে দিয়েছিলেন এ দুই ভাই। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি শুধু ফোন করে বলেছি আমার মাস্ক লাগবে এবং কিছুক্ষণ বাদেই তাঁরা এসে মাস্ক পৌঁছে দিয়ে যায়।’ শুক্লা গাঙ্গুলি তাঁদের কাজের প্রশংসা করে অন্যদেরও এমন কাজে শামিল হওয়ার আহ্বান জানান।
পিটার জানান, ‘অন্তত ২০০ পরিবারকে আমরা মাস্ক দিয়ে সহায়তা করতে চাই। কাজটি চালিয়ে নিতে এরই মধ্যে আর্থিক সহায়তা দিয়েছেন এক ধনাঢ্য ব্যক্তি। মেট্রো ওয়াশিংটন এলাকার যাদেরই মাস্ক লাগবে, আমাদের জানালে, আমরা তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব।’
পিটার ও ম্যাথিউ তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানে সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত। সেখান থেকেই তাঁরা শিখেছেন যে, কীভাবে কঠিন বাস্তবতার মোকাবিলা করে মানুষের পাশে দাঁড়াতে হয়।