মানুষের পাশে সিলেট এমসি অ্যান্ড গভর্নমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

সিলেট এমসি কলেজ অ্যান্ড গভর্নমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ করোনাকালে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়িয়েছে। ৭ ও ৯ মে সিলেট এমসি কলেজ ও সরকারি কলেজের মাস্টার রোলের কর্মীদের মধ্যে এই দুর্যোগকালে সহযোগিতা হিসেবে আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হয়।
সিলেটে এমসি কলেজের সাবেক ছাত্র সৈয়দ জগলুল পাশার মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি শফিক উদ্দিন চৌধুরীর তথ্যের ভিত্তিতে সংগঠনের সভাপতি বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুর রহমান (সাচ্চু) কলেজ দুটির অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। গত ২৬ এপ্রিল কার্যকরী পরিষদের জরুরি বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে কোভিড-১৯ দুর্যোগে এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজের মাস্টার রোল কর্মচারীদের সহযোগিতার জন্য জরুরি ভিত্তিতে টাকা পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
কার্যকরী পরিষদ এবং ট্রাস্টি বোর্ডের সদস্যসহ কলেজ দুটির সাবেক শিক্ষার্থীদের স্বেচ্ছা সহযোগিতায় সংগঠনের পক্ষ থেকে এমসি কলেজে ৩ লাখ টাকা ও সিলেট সরকারি কলেজে ১ লাখ ১০ হাজার টাকা দ্রুত পাঠানো হয়। পরে ৭ ও ৯ মে দুই কলেজের কর্মচারীদের সহযোগিতা করা হয়।
সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ নাসিমা হক খান ও এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদের উপস্থিতিতে নিজ নিজ কলেজে সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন। এ সময় অ্যালামনাইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরোয়ার (সাগর) এবং এমসি ও সরকারি কলেজের সাবেক ছাত্র বর্তমানে রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অর্ধেন্দু কুমার দাস, এমসি কলেজের সাবেক ছাত্র বর্তমানে জেলা সমাজকল্যাণ সংস্থার সহকারী পরিচালক নিবাশ রঞ্জন দাস উপস্থিত ছিলেন। অত্যন্ত সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে লোকেদের হাতে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। অধ্যক্ষ সালেহ আহমদের সঙ্গে থেকে সহযোগিতা করেন উপাধ্যক্ষ অধ্যাপক পান্না রানী রায়, অধ্যাপক তৌফিক এজদানী চৌধুরী ও অধ্যাপক শফিউল আলম।