বিভিন্ন মামলা ও এই বাবদ জরিমানা হিসেবেই নিউইয়র্ক শহর কর্তৃপক্ষকে গত বছর ১০০ কোটি ডলার ব্যয় করতে হয়েছে। আগের অর্থবছরের তুলনায় এ ব্যয় ৭ শতাংশ বেশি। নিউইয়র্ক শহরের মহাহিসাব নিরীক্ষক স্কট স্ট্রিনজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, আগের অর্থবছরের তুলনায় গত বছর বিভিন্ন মামলা বাবদ শহর কর্তৃপক্ষের ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। পুলিশের বাজে ব্যবহার, ভুল চিকিৎসা কিংবা অনিরাপদ ফুটপাত ও স্কুলের কারণে দায়ের করা প্রায় ১০ হাজার অভিযোগের বিপরীতে শহর কর্তৃপক্ষকে জরিমানা বাবদ পরিশোধ করতে হয়েছে ৬২ লাখ ৯৫ হাজার ডলার। এ ছাড়া বিভিন্ন সেবা না পাওয়া ও বেতন-ভাতাবিষয়ক অভিযোগের বিপরীতে পরিশোধ করতে হয়েছে আরও ৩৮ কোটি ৯০ লাখ ডলার।
অভিযোগগুলোর মধ্যে ১৯৯৩ সালে দায়ের করা একটি অভিযোগ বিশেষভাবে আলোচনায় আসে। ১৯৮০ ও ’৯০-এর দশকে নিউইয়র্ক পুলিশের দুই পুলিশ সদস্য লুইজ এপোলিতো ও স্টিফেন কারাসাপ্পা ছদ্মবেশে (মাফিয়া কপ) লুচেস মাফিয়া পরিবারে কাজ করেন। দায়িত্ব পালনের সময়ই তাঁদের হত্যা করা হয়। এ বিষয়ে দুই পুলিশ সদস্যের পরিবার ১৯৯৩ সালে ক্ষতিপূরণ চেয়ে মামলা করে। গত বছর এ মামলার নিষ্পত্তি করে দুই পরিবারকে ১ কোটি ৩৫ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সবচেয়ে বড় অঙ্কের ক্ষতিপূরণ পেয়েছেন অ্যালান নিউটন নামের এক ব্যক্তি। ধর্ষণের অভিযোগে এই ব্যক্তিকে ২২ বছর কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। অথচ এই অপরাধ তিনি করেননি। তাই নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ গত বছর তাঁকে ১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিয়েছে। এ ছাড়া নিউইয়র্ক পুলিশের গৃহীত স্টপ-অ্যান্ড-ফ্রিস্ক পরিকল্পনা অসাংবিধানিক প্রমাণ করে একটি নাগরিক সংস্থার আইনজীবীরা ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন ১ কোটি ১২ লাখ ডলার।
পুলিশের দুর্ব্যবহারের কারণে সবচেয়ে বড় ক্ষতিপূরণ পেয়েছে এরিক গার্নারের পরিবার। ২০১৪ সালে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযানের সময় নিহত এরিক গার্নারের পরিবার পেয়েছে ৫৯ লাখ ডলার। আর স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণে ১৪ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী আভন্তে ওকুয়েন্দোর ইস্ট রিভারে ডুবে যাওয়ার ঘটনায় তার পরিবারকে দিতে হয়েছে ২৭ লাখ ডলার।
অভিযোগকারীদের মধ্যে মাত্র ১১৪ জন ১০ লাখ ডলার বা তার চেয়ে বেশি অর্থ ক্ষতিপূরণ বাবদ পেয়েছেন। প্রায় ৪ হাজার ৪০০ অভিযোগকারী পেয়েছেন ১০ হাজার ডলার বা তার চেয়ে কম।
বছরে ১০০ কোটি ডলার শুধু ক্ষতিপূরণ বা জরিমানা বাবদ ব্যয়কে ‘আশঙ্কাজনক’ বলে আখ্যা দিয়েছেন স্ট্রিনজার। এ বিষয়ে তিনি বলেন, এ ব্যয় কমাতে শহর কর্তৃপক্ষের উচিত এ-সম্পর্কিত তথ্য পর্যালোচনা করে সংশ্লিষ্ট সব সংস্থার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া।