মারিয়ার আঘাতে বছরের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়ে ২৯৭৫

যুক্তরাষ্ট্রের ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোতে গত বছরের সেপ্টেম্বরে আঘাত হেনেছিল হারিকেন মারিয়া। সে সময় মারিয়ার আঘাতে মৃত ব্যক্তির সংখ্যা ৬৪ বলা হয়েছিল। এক বছরের ব্যবধানে মৃত ব্যক্তির সংখ্যা ৫০ গুণ বেড়ে গেছে। এখন বলা হচ্ছে, নিহত ব্যক্তির সংখ্যা প্রায় তিন হাজার।
আনুষ্ঠানিকভাবে নিহত ব্যক্তির সংখ্যা ৬৪ বলা হলেও ধারণা করা হচ্ছিল, এ সংখ্যা অনেক বেশি। বিশেষজ্ঞ অনেকেই দুর্যোগের ঘনঘটা থেকে বলেছেন, এ সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি হবে। সরকারি হিসাবটি করা হয়েছিল মূলত যারা বাড়িঘর ভেঙে চাপা পড়ে, পানিতে ডুবে বা ঝড়ে উড়ে আসা ধ্বংসস্তূপের আঘাতে নিহত হয়েছে, তাদের নিয়ে।
কিন্তু প্রকৃত সংখ্যা প্রকাশ না করায় প্রায় এক বছর ধরে দ্বীপ কর্তৃপক্ষকে ব্যাপক সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। প্রায় ৯০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় ছিল এটি। এর পরিপ্রেক্ষিতে ঝড়ের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে দ্বীপটির গভর্নর রিকার্ডো জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিকে দায়িত্ব দেন। দীর্ঘ প্রতীক্ষিত সেই প্রতিবেদনে নতুন এ সংখ্যা বেরিয়ে আসে। গবেষকেরা মৃত্যুসনদ ও ঝড়ের মাসের মধ্যবর্তী সময় থেকে পরের পাঁচ মাসের মৃত্যুর সংখ্যা হিসাবে নিয়েছেন।

গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গভর্নর রিকার্ডো বলেন, ‘আমি নিহত ব্যক্তির সংখ্যা হালনাগাদ করার নির্দেশ দিয়েছি। এ সংখ্যা এখন ২ হাজার ৯৭৫। যদিও এটি একটি অনুমান, এর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে।’ এল নুয়েভো দিয়া পত্রিকাকে গভর্নর বলেছেন, এতেই প্রমাণিত হয়, বিপর্যয়ের পরিমাণ কতটা ভয়ংকর।
দ্বীপটি ৩৩ লাখ মার্কিন নাগরিকের আবাসভূমি। কিন্তু এরই মধ্যে ৮ শতাংশ মানুষ দ্বীপটি ছেড়ে গেছে বলে গবেষণা প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, পুয়ের্তো রিকোর ৪৫ শতাংশ মানুষ খুবই দরিদ্র। হারিকেন মারিয়ার আঘাতে এই শ্রেণির মানুষই বেশি মারা গেছে।

সরকার কেন সঠিক সংখ্যাটি বের করতে ব্যর্থ হলো, এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ‘আমি যে পুরো ঠিক তা নয়। আমি ভুল করি। পেছনে তাকালে সবই স্পষ্ট হয়।’ তিনিও প্রতিবেদনে থাকা প্রাকৃতিক দুর্যোগের সময় সঠিক উপায়ে মৃত্যুর কারণ নিশ্চিত করার বিষয়ে চিকিৎসকদের ‘সচেতনতার অভাব’কে দায়ী করেন।
গভর্নর বলেছেন, প্রতিবেদনে থাকা সুপারিশগুলো পরীক্ষা করে দেখতে ও প্রয়োজনে বাস্তবায়ন করতে একটি কমিটি গঠন করা হবে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, গত বছর হারিকেনের আঘাতের ‘মৃত ব্যক্তিদের পূর্ণ সংখ্যা ও প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে’ গভর্নরের চেষ্টাকে সমর্থন করছে কেন্দ্রীয় সরকার।

এই মারিয়ার আঘাতের পর থেকে দ্বীপের বাসিন্দারা এখনো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, ভাঙা অবকাঠামো ও নানা ধরনের সেবা থেকে বঞ্চিত। পুয়ের্তো রিকোবাসী তাদের অবকাঠামো ও বিদ্যুৎ গ্রিড মেরামত করতে ব্যাপক প্রতিকূলতার মধ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য তারা মার্কিন কংগ্রেসের কাছে ১৩ হাজার ৯০০ কোটি পুনরুদ্ধার তহবিল চেয়েছে।
গবেষণা পরামর্শদাতা রোহডিয়াম গ্রুপ জানায়, ঘূর্ণিঝড় মারিয়ার পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দিন বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকো।
১৯৯০ সালের পর থেকে মার্কিন ইতিহাসে ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে বেশি আর্থিক ক্ষয়ক্ষতির দিক দিয়ে এ ঝড়টি তৃতীয় স্থানে। ঝড়ের পর অক্টোবরে দ্বীপটিতে কেন্দ্রীয় সরকারের তৎপরতার প্রশংসা করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছিলেন, ঝড়ের দাপটের তুলনায় প্রাণহানির ঘটনা খুবই কম। তাই কর্তৃপক্ষ এ নিয়ে গর্ব করতে পারে। কিন্তু এখন তিনি কী বলবেন, তা-ই দেখার বিষয়।