মার্ক হ্যাডন, তমসার কারিগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি

প্রাচুর্যশালী আমেরিকায় থাকার বিশাল প্রাপ্তি হলো তাদের গ্রন্থাগার। আমি যতটুকু লিখি পড়ি তার ১০ গুণ। আর এ দেশের বিনা মূল্যের সমৃদ্ধ সরকারি গ্রন্থাগার আমার উৎসুক পাঠকসত্তাকে নিরন্তর রসদ সরবরাহ করতে থাকে। অফিসফেরত আমাকে নতুন বইয়ের চুম্বক আটকে রাখে দীর্ঘক্ষণ। গ্রন্থাগারের সবচেয়ে বিক্রীত বইয়ের তাকে সব সময়ই থাকে উপন্যাস, যাদের বেশির ভাগ রহস্য-রোমাঞ্চ-গোয়েন্দা কাহিনি।
ছোটবেলা থেকে উইলবার স্মিথ, কেন ফলেট, রবার্ট লুডলাম, মাইকেল ক্রাইটন, রবিন কুক পড়তে পড়তে আমি মোটামুটি ক্লান্ত। এ ঘরানার বই আর ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না। এখন সন্ধান করি গভীর জীবনবোধের কাহিনি। নিজে যেহেতু গল্প লিখি, তাই আমার চোখ খুঁজে ফেরে গল্প সংকলন। গল্পের বই সাধারণত সবচেয়ে বিক্রীত হয় না; কাজেই সবচেয়ে বিক্রীত বইয়ের তাকে কালেভদ্রে খুঁজে পাওয়া যায় ছোট গল্পের সংকলন। যদি কোনো গল্পের বই সেখানে স্থান পায়, তাহলে বুঝতে হবে গল্পগুলো অনন্য। খুঁজে পেলে সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে আসি; আর সব কাজ ভুলে বইয়ে ডুবে যাই। আমার নতুন আবিষ্কার ব্রিটিশ লেখক মার্ক হ্যাডনের লেখা নয়টি গল্পের সংকলন দি পিয়ার ফলস অ্যান্ড আদার স্টোরিজ (প্রকাশক: ডাবলডে, ২০১৬)। হ্যাডন খ্যাতিমান ঔপন্যাসিক। এটি তাঁর প্রথম গল্পের বই। জীবনের সব ঋণাত্মক, সৃষ্টিছাড়া, কিম্ভূত আঙ্গিক—মৃত্যু, বিষণ্নতা, হত্যা, আগুনপ্রিয়তা হ্যাডনের গল্পের বিষয়বস্তু। সেদিক থেকে আমার লেখা হ্যাডনের পুরোপুরি বিপরীত। আমি চেষ্টা করি মানুষের, জীবনের, পৃথিবীর ভালো দিকগুলো নিয়ে লেখার; আর নেতিবাচক বিষয় নিয়ে লিখলেও সবশেষে চেষ্টা করি একটা সুন্দর পরিণতি দিতে। কিন্তু হ্যাডনের লেখা গল্পগুলো পড়তে গিয়ে তৈরি করা চরিত্র, তাদের মনস্তত্ত্ব আর পটভূমির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে আমার কষ্ট হয়নি একটুও। তার কারণ হ্যাডনের বলিষ্ঠ, সমৃদ্ধ, আধুনিক, মোহনীয় ভাষা চরিত্রগুলোর চিন্তা-চেতনা-মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে পাঠককে টেনে নিয়ে যায় বুলেট ট্রেনের গতিতে।
হ্যাডনের গল্প পড়া শুরু করলে শেষ না করে থামা যায় না। আর নয়টি গল্পের বিষয়বস্তু বিচিত্র, বহুমুখী, অনন্য। প্রথম গল্প দি পিয়ার ফলস, যার নামে বইয়ের নাম, তা সমুদ্রতীরের লম্বা কাঠের পাটাতনের ধীরে ধীরে ভেঙে পড়ার ধারাবিবরণী। পাটাতনের ওপর দাঁড়িয়ে থাকা অগুনতি মানুষের ভয়-অবিশ্বাস-সংশয়-স্বার্থপরতা এবং সবশেষে মৃত্যু হ্যাডনের বর্ণনার চাতুর্যে আর ভাষার সাবলীল কারুকার্যে পরিষ্কার দৃশ্যমান হয়ে ওঠে। পড়তে পড়তে বোধ গভীর হিম হয়ে ওঠে কিন্তু থামা যায় না। হার্ভার্ডে কাজ করা বিজ্ঞানীকে নিয়ে গল্প ব্রিদ। বিভাগীয় প্রধানের চক্রান্তে চাকরি চলে যাওয়া বিজ্ঞানী ফিরে আসেন নিজের দেশে আর খুঁজে পান স্মৃতিভ্রংশে আক্রান্ত মাকে। মা আর মেয়ের টানাপোড়েন বিষণ্ন মেয়েকে টেনে নিয়ে যায় আগুনপ্রিয়তায় আত্মহননে।
সায়েন্স ফিকশন গল্প দ্য উডপেকার অ্যান্ড দি উলফ-এর নায়িকা একটি শিশুর জন্ম দেয় মঙ্গলগ্রহ অভিমুখী আকাশযানে। বানি গল্পে উঠে আসে চলার ক্ষমতা হারিয়ে ফেলা অসম্ভব স্থূল ছেলের সঙ্গে গৃহহীন মেয়ের অদ্ভুত ভালোবাসা। গল্পগুলোর আর বিবরণ দেব না। পাঠক খুঁজে নেবেন হ্যাডনের লেখনীর জাদু।
লেখক আছেন দুই ধরনের। কিছু লেখক লেখেন সহজ-সাবলীলভাবে যাতে পাঠকের কষ্ট না হয়। বই পাঠের মধ্যেই যেন পাঠক পরিতৃপ্তি খুঁজে পান। অন্য শ্রেণির লেখক নিয়ত পাঠককে পরিশীলিত করতে চান। সব সময় নতুন কিছু শিখতে প্রয়াস পান। হ্যাডন এবং সম্ভবত একইভাবে আমিও, সেই দ্বিতীয় শ্রেণির লেখক। বইয়ের সবচেয়ে বড় এবং জটিল গল্পের নাম উওডুও। উওডুও অর্ধেক মানুষ আর অর্ধেক প্রাণীকে নিয়ে টেড হিউজের লেখা একটি কবিতা যার প্রথম বাক্য প্রাগৈতিহাসিক জিজ্ঞাসা ‘কে আমি?’ হ্যাডনের গল্প পড়তে পড়তে নামকরণের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পাঠকের পড়া হয়ে যায় হিউজের কবিতা। নতুন অভিজ্ঞতায় ঋদ্ধ হয় পাঠকের মনন। হ্যাডনের মতো চিন্তাশীল, সিদ্ধ লেখক এভাবেই পাঠককে সমৃদ্ধ করেন, সার্থক হয় তাদের সৃজনশীলতা।