মার্কিন অস্ত্র আইনে সংস্কারের অভাবেই এই সহিংসতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দুকধারীর বেপরোয়া হামলার মতো বেদনাদায়ক ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে বেশ কয়েকবার অস্ত্র আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তা বারবার ব্যর্থ হয়েছে। সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের চার্লসটনের একটি গির্জায় বন্দুকধারীর হামলায় গত বুধবার নয়জন কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার ঘটনা মারণাস্ত্র আইনের প্রসঙ্গটিকে আবারও আলোচনায় নিয়ে এসেছে। খবর গার্ডিয়ান, বিবিসি ও এপির।
অ্যারিজোনায় কংগ্রেস সদস্য গ্যাবি গিফোর্ড ২০১২ সালে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর অস্ত্র আইন সংস্কার নিয়ে আশার কথা বলেছিলেন ওবামা। একই বছর নিউটাউনের একটি বিদ্যালয়ে ২০টি শিশুসহ ছয়জন শিক্ষক গুলিতে নিহত হওয়ার পর ওবামা জাতির হৃদয়ভঙ্গের যন্ত্রণা নিয়ে বক্তব্য দেন। আর গত বৃহস্পতিবার চার্লসটনের ঘটনার পর তিনি ব্যক্ত করেন তাঁর হতাশার কথা।
তাহলে কি বন্দুকধারীর গুলিতে একের পর এক হত্যাকাণ্ড মার্কিন ভূখণ্ডে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে? প্রেসিডেন্ট ওবামা গত শুক্রবার এক বক্তবে৵ বলেন, তিনি এমন ধারণা মেনে নিতে রাজি নন। কিন্তু বন্দুকের অবাধ ব্যবহার বন্ধ করতে কংগ্রেস তৎপর হবে, এমনটাও তিনি আশা করেন না। কারণ, বন্দুক ব্যবহারের সমর্থক-সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) এ ক্ষেত্রে প্রভাব বিস্তার করে।
অস্ত্র আইন সংস্কারের ব্যাপারে হতাশ হয়ে ওবামা হাল ছেড়ে দিয়েছেন—এমন অভিযোগও রয়েছে। মারণাস্ত্রের অবাধ ব্যবহার নিষিদ্ধ করার লক্ষ্যে একটি আইনের প্রস্তাব সিনেটে পর্যাপ্ত সমর্থন পায়নি। এ প্রসঙ্গে ওবামা শুক্রবার মার্কিন মেয়রদের সম্মেলনে বলেন, তিনি হাল ছাড়েননি। একপর্যায়ে সঠিক কাজটি করতে পারবেন বলেই বিশ্বাস করেন তিনি। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, কংগ্রেসে এনআরএর প্রভাব অত্যন্ত শক্তিশালী। তাই সেখানে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।