মার্কিন আশ্বাসে 'সন্তুষ্ট' সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াইট হাউসে সালমান–ওবামা বৈঠক l ছবি: এএফপি
হোয়াইট হাউসে সালমান–ওবামা বৈঠক l ছবি: এএফপি

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে সম্পাদিত চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আশ্বাসে সন্তুষ্ট সৌদি আরব। হোয়াইট হাউসে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সৌদি বাদশাহ সালমানের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর এ কথা জানান। আল-জুবেইর বলেন, তাঁরা এখন মনে করছেন চুক্তিটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। খবর রয়টার্স ও বিবিসির।
সৌদি বাদশাহ ও মার্কিন প্রেসিডেন্টের আলোচনায় ইরাক ও সিরিয়ায় তৎপর জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হুমকি এবং দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতিও গুরুত্ব পেয়েছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর বলেন, চুক্তির শর্ত অনুযায়ী ইরানের ওপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে দেশটি বাড়তি আয়ের সুযোগ পাবে এবং সেই অর্থ ‘অসাধু’ কার্যক্রমের পরিবর্তে অভ্যন্তরীণ উন্নয়নকাজে লাগাতে পারবে বলে তিনি আশা করেন।
সৌদি আরবসহ উপসাগরীয় আরব দেশগুলো শঙ্কা প্রকাশ করে আসছিল যে চুক্তির আওতায় পশ্চিমা দেশগুলো অবরোধ প্রত্যাহার করলে ইরান জঙ্গিসংগঠনের প্রতি সমর্থন বাড়িয়ে দিতে পারে। এতে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া সৌদি কর্মকর্তাদের আশঙ্কা, চুক্তিটি সম্পাদনের ফলে তাঁদের সঙ্গে ‘শত্রুভাবাপন্ন’ দেশ ইরান আন্তর্জাতিক পরিমণ্ডলে বৈধতা পেয়ে যেতে পারে।

গত জানুয়ারিতে ক্ষমতাসীন হওয়ার পর সৌদি বাদশাহ সালমানের এটিই প্রথম যুক্তরাষ্ট্র সফর। হোয়াইট হাউসে ৭৯ বছর বয়সী এই নেতাকে শুক্রবার স্বাগত জানান ওবামা। তিনি দুই দেশের ‘দীর্ঘস্থায়ী বন্ধুত্বের’ প্রশংসা করেন। জবাবে বাদশাহ সালমান বলেন, তাঁর এই সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর ও জোরালো সম্পর্কেরই প্রতীক।
হোয়াইট হাউস জানায়, ওবামার সঙ্গে বৈঠকে বাদশাহ সালমান ইরানের পরমাণু চুক্তির ব্যাপারে তাঁর সমর্থন ব্যক্ত করেন। বৈঠকে ওবামা স্বীকার করেন, চুক্তির ব্যাপারে দুই পক্ষের আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে।
ইয়েমেনে একটি কার্যকর সরকার প্রতিষ্ঠা এবং জরুরি ভিত্তিতে দেশটিতে মানবিক সংকটের ইতি টানার প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব—দুই দেশই ঐকমত্য প্রকাশ করে। ইরানসমর্থিত শিয়া হুতি বিদ্রোহীদের ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দেশটির ওপর কয়েক মাস ধরে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব।