মার্কিন কংগ্রেসে অভিশংসন প্রতিবেদনের ওপর ভোট বুধবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত প্রতিবেদনের ওপর প্রতিনিধি পরিষদে ভোট হচ্ছে বুধবার। এ লক্ষ্যে প্রতিনিধি পরিষদের অধিবেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে অভিশংসন প্রতিবেদনে আনীত দুই অভিযোগের ওপর বিতর্ক এবং পরে ভোট অনুষ্ঠিত হবে।
সম্প্রতি প্রকাশিত অভিশংসন প্রতিবেদনে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগ তোলা হয়। হাউস জুডিশিয়ারি কমিটির আনীত এই দুই অভিযোগের ভিত্তিতেই তৈরি করা প্রতিবেদনের ওপর ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ থাকায় অভিশংসন প্রস্তাবটি পাস হয়ে যাবে বলেই ধারণা করছেন সবাই। এরই মধ্যে শুরু হওয়া অধিবেশনে প্রথমে প্রতিবেদনটির ওপর দুই দলের নেতারা বিতর্কে অংশ নেবেন এবং পরে আনীত অভিযোগের ভিত্তিতে প্রেসিডেন্টকে অভিশংসন করা হবে কি হবে না, সে বিষয়ে ভোট দেবেন। নিম্নকক্ষে উভয় দল পার্টি লাইনেই ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে।
ভোটের আগে স্পিকার ন্যান্সি পেলোসি প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টির ২৩২ জন সদস্যের সবার কাছে চিঠি পাঠিয়েছেন। এতে তিনি সবাইকে সংবিধান অনুসরণ ও সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাবের ওপর বিতর্কে প্রেসিডেন্টের আচরণ ও জাতীয় পর্যায়ে বিভাজন সৃষ্টির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে। বলার অপেক্ষা রাখে না যে, বিভিন্ন সময় রিপাবলিকান অনেক নেতা ট্রাম্পের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও বিতর্কে তাঁরা প্রেসিডেন্টের পক্ষই টানবেন। বিতর্কের পর বুধবার স্থানীয় সময় বিকেল অথবা সন্ধ্যায় অভিশংসন প্রতিবেদনের ওপর ভোট অনুষ্ঠিত হবে। এতে প্রস্তাবটি পাস হলে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হবেন।
প্রতিনিধি পরিষদে আজকের অধিবেশনে অভিশংসন প্রতিবেদনটি উত্থাপন না করার আহ্বান জানিয়েছেন হাউস জুডিশিয়ারি কমিটিতে থাকা রিপাবলিকান প্রতিনিধি। তিনি বুধবারের অধিবেশনটি স্থগিত রাখার অনুরোধ করেন। কিন্তু সে অনুরোধে কান দেননি ডেমোক্র্যাটরা।
এদিকে গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে পুরো অভিশংসন-প্রক্রিয়াকেই ‘বিরাট ভাঁওতা’ হিসেবে উল্লেখ করেন। একই দিনে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে একটি দীর্ঘ চিঠি লেখেন তিনি। চিঠিতে ট্রাম্প এই পুরো প্রক্রিয়াকে ‘বিচারের বিকৃতি’ হিসেবে উল্লেখ করেন। শুধু তা-ই নয়, তিনি এই তদন্তকে ‘অভ্যুত্থানচেষ্টা’ হিসেবেও উল্লেখ করেন।
ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার এক টুইটে লিখেছেন, ‘এটা কি বিশ্বাসযোগ্য যে, আজ আমি বামপন্থীদের দ্বারা অভিশংসিত হতে যাচ্ছি। কোনো ভুল করিনি আমি। কী ভয়াবহ ব্যাপার!’
তবে অভিশংসিত হওয়া মানেই ক্ষমতা থেকে অপসারিত হওয়া নয়। নিম্নকক্ষে প্রস্তাবটি পাস হলে আগামী মাসে অভিশংসন বিচার শুরু হবে উচ্চকক্ষ সিনেটে। সেখানে বিচারকাজের ভার গিয়ে পড়তে পারে সুপ্রিম কোর্টের বিচারপতির ওপর। এ জন্য পৃথক কমিটি করা হবে। সেখানে বিচার শেষে প্রেসিডেন্টকে অপসারণের বিষয়ে আবার ভোট হবে। এতে প্রেসিডেন্টকে অপসারণের পক্ষে দুই-তৃতীয়াংশ ভোট পড়লেই কেবল তাঁকে অপসারণ করা যাবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত কোনো প্রেসিডেন্ট ক্ষমতা থেকে অপসারিত হননি। ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও তেমনটি হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, সিনেটে তাঁর দল সংখ্যাগরিষ্ঠ। আর রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের তেমন কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি।
প্রসঙ্গত, গত জুলাইয়ের শেষ দিকে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেন। ফোনে তিনি জেলেনস্কিকে আগামী নির্বাচনে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য চাপ দেন। শুধু তা-ই নয়, এর সঙ্গে জুড়ে দেওয়া হয় ইউক্রেনকে প্রতিশ্রুত মার্কিন সামরিক সহায়তা তহবিল ছাড়ের শর্ত। একই সঙ্গে তদন্ত শুরু করলে জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর বিষয়টিও সামনে রাখা হয়। এই পুরো কাজে তিনি নিজে যুক্ত থেকেছেন, যুক্ত করেছেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে। ব্যক্তিগত স্বার্থে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগের কারণে গত সেপ্টেম্বরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর ঘোষণা দেন। কিন্তু ওই তদন্তে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সহযোগিতাতেও বাদ সাধেন ট্রাম্প। টানা কয়েক সপ্তাহ গোপন ও উন্মুক্ত শুনানির সময় কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে তদন্ত দল সমন দিলেও তাঁরা তাতে সাড়া দেননি। অভিশংসন তদন্তে এই দুটি বিষয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা হয়েছে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগ।