মার্কিন কংগ্রেসে বিশৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমোক্র্যাটদের অবস্থান কর্মসূচি। ছবি: রয়টার্স
ডেমোক্র্যাটদের অবস্থান কর্মসূচি। ছবি: রয়টার্স

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে অবস্থান কর্মসূচি পালন করেছেন ডেমোক্রেটিক দলের সদস্যরা। এ সময় সেখানে এক বিরল বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে ভোটের দাবিতে ডোমোক্র্যাটরা এই কর্মসূচি পালন করেন।

সম্প্রতি অরল্যান্ডোতে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রাণঘাতী বন্দুক-হামলার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের নিম্নকক্ষে ডোমোক্র্যাটদের এমন প্রতিবাদ কর্মসূচি দেখা গেল।

বার্তা সংস্থা এএফপি জানায়, প্রায় ১২ ঘণ্টা ধরে ডোমোক্র্যাটদের এই অবস্থান কর্মসূচি চলে।

ভিডিওচিত্রে দেখা যায়, ডোমোক্র্যাটরা পোডিয়াম এলাকায় এসে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সেখানকার মেঝেতে বসে পড়েন।

প্রতিবাদ চলাকালে নিম্নকক্ষে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের সদস্যরা চিৎকার-চেঁচামেচি করতে থাকেন।

রিপাবলিকানরা টিভি ক্যামেরা বন্ধ করে দেন। ডেমোক্র্যাটরা তাঁদের মোবাইল ফোনের মাধ্যমে ছবি দিতে থাকেন।

রিপাবলিকান-দলীয় স্পিকার পল রায়ান পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করেন। তিনি তাঁর হাতুড়ি ঠোকেন। ডেমোক্র্যাটরা ‘লজ্জা লজ্জা’ বলে ধুয়ো তোলেন। তাঁরা বলতে থাকেন, বিল না হলে প্রতিবাদে ভঙ্গ নয়।

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে কংগ্রেসের বাইরেও বিক্ষোভ হয়। সেখানে শত শত লোক জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাঁরা নানা স্লোগান দেন।