মার্কিন কংগ্রেসে মুজিবুল হককে জয়ী করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাউন হল মিটিংয়ে বক্তব্য দিচ্ছেন মুজিবুল হক

মার্কিন কংগ্রেসে ২০২২ সালের ডেমোক্রেটিক দলীয় প্রাইমারিতে নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২-থেকে কংগ্রেসম্যান প্রার্থী বাংলাদেশি-আমেরিকান মুজিবুল হকের সমর্থনে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠান থেকে মার্কিন কংগ্রেসে বাংলাদেশি প্রতিনিধি হিসেবে মুজিবুল হককে নির্বাচিত করার আহ্বান জানানো হয়।

এ সময় কংগ্রেসম্যান প্রার্থী মুজিবুল হক আসন্ন নির্বাচনে কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বাংলাদেশি-আমেরিকানদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি তাঁর অবস্থান তুলে ধরে নির্বাচিত হলে কী কী করবেন সে বিষয়েও অবহিত করেন।

মুজিবুল হক বলেন, অভিবাসীদের অনেক সমস্যা। এসব সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, নির্বাচিত হতে পারলে তিনি বাংলাদেশি কমিউনিটিসহ অভিবাসীদের অভিবাসন ইস্যু, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসহ ন্যায্য দাবি আদায়ে সোচ্চার থাকবেন। এ জন্য তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সাংবাদিক ইব্রাহীম চৌধুরী, অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দিন, নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে সাবেক কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, অ্যাসাল কর্মকর্তা মজিবুর রহমান মজুমদার, সুলতানা খানম, আফরোজা বেগম, কমিউনিটি অ্যাকটিভিস্ট সালেহ আহমেদ, কামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন—কংগ্রেসম্যান প্রার্থী মুজিবুল হকের ছেলে নর্থ মিসিসিপি মেডিকেল সেন্টার-এনএমএমসির হসপিটালিস্ট ফিলিপ এফ হকসহ তাঁর পরিবারের সদস্যরা।

মুজিবুল হক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি। যোগাযোগ ফোন: ৬৩১-৫৩৮-৬১৯২ ও ৬০৯-২৮৭-১৭৪৪। ইমেইল: muzibul_huq@yahoo. com। ওয়েবসাইট: www.muzibulhuq.com।