মার্কিন কংগ্রেসে রিপাবলিকান প্রতিরোধের মুখে জলবায়ু চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন রোধে প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে মঙ্গলবার মার্কিন সিনেটে গৃহীত দুটি সিদ্ধান্ত। প্রথম ভোটে রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত সিনেট ওবামা প্রশাসনের প্রস্তাবিত ‘বিশুদ্ধ জ্বালানি পরিকল্পনা’ (ক্লিন পাওয়ার প্ল্যান) বাস্তবায়নের বিপক্ষে ভোট দিয়েছে। অন্য প্রস্তাবে বিশুদ্ধ জ্বালানি পরিকল্পনার ‘কোনো কার্যকর ক্ষমতা নেই’ বলে রায় দেওয়া হয়েছে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সমর্থনে উভয় প্রস্তাব অনায়াসে গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশুদ্ধ জ্বালানি পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্ষতিকর কার্বন গ্যাসের নিঃসরণ ৩২ শতাংশ হ্রাস করার কথা।
৩০ নভেম্বর থেকে প্যারিসে শুরু হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত সম্মেলনের (কপ-২১) ঠিক আগে আগে গৃহীত এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ওবামার পরিবেশ-বান্ধব পদক্ষেপের প্রতি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। ওবামা অবশ্য বলেছেন, এই প্রস্তাব তাঁর অনুমোদনের জন্য পাঠানো হলে ভেটো দেবেন। রিপাবলিকান নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে, জলবায়ু তহবিলে কোনো অর্থ প্রদানের আগে এই চুক্তি মার্কিন কংগ্রেসে অনুমোদিত হতে হবে। কিন্তু রিপাবলিকান বিরোধিতার মুখে কংগ্রেসে এই চুক্তি অনুমোদিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ বিষয়টি মাথায় রেখে ওবামা প্রশাসন ইতিমধ্যে বলেছে, প্যারিস সম্মেলনে গৃহীত চূড়ান্ত চুক্তি আইনগতভাবে বাধ্য হওয়ার বদলে তা ঐচ্ছিক হতে হবে। শেষ পর্যন্ত তা-ই হলে এই চুক্তি নীতিগতভাবে যত সম্মুখদর্শী হোক না কেন, তার বাস্তবায়ন দুর্বল হতে বাধ্য।
ওবামা প্রশাসনের জন্য অন্য বড় সমস্যা হবে ‘সবুজ জলবায়ু তহবিল’-এর সমর্থনে অর্থের জোগান। একাধিক উন্নয়নশীল দেশ বলেছে, শিল্পোন্নত দেশগুলো পর্যাপ্ত অর্থ সরবরাহে ব্যর্থ হলে কয়লার বদলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়বে।
বাংলাদেশসহ সমুদ্র উপকূলবর্তী তৃতীয় বিশ্বের দেশগুলো প্যারিস সম্মেলনের ইতিবাচক ফলাফলের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ ফেলো সলিমুল হক প্রথম আলোকে বলেন, প্যারিস সম্মেলনে যথাসময়ে একটি চুক্তি গৃহীত হবে। কিন্তু প্রশ্ন হলো, এই চুক্তিটি কতটুকু অর্থপূর্ণ ও সুদূরপ্রসারী হবে। উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিলে পর্যাপ্ত অর্থ সরবরাহের নিশ্চয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশের ভূমিকা জরুরি বিষয়।